ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণহানি ২ হাজার ৫৯৫ ছাড়াল


ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণহানি ২ হাজার ৫৯৫ ছাড়াল

উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পর মৃতের সংখ্যা বেড়ে ২,৫৯৫ জনে দাঁড়িয়েছে।

এই বিপর্যয়ে আহত হয়েছেন আরও অন্তত ১২ হাজার ৪০০ মানুষ। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হতাহতের এই সংখ্যাটি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পর চূড়ান্ত করা হয়েছে।

সব ডেটা ক্রস-চেক করার পরই এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার কোনো অবস্থাতেই যথাযথ প্রমাণ ছাড়া কোনো সংখ্যা প্রকাশ করতে চায় না। এমনকি পরিচয় যাচাইয়ের পর পূর্বে মৃত বলে ধরে নেওয়া পাঁচজনকে জীবিত উদ্ধার হওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভয়াবহ দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণের জন্য দেশটির সরকার ইতিমধ্যেই তহবিল সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে।

ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, তারা অর্থ জোগাড়ের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা করছেন। পাশাপাশি বিশ্বব্যাংক এবং ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকও দেশটিকে অনুদান ও ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পে ভেনেজুয়েলার অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গৃহহীন হয়েছেন প্রায় ১২ হাজার ৮০০ মানুষ। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ভূমিকম্পের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১৬ হাজারে পৌঁছেছে।

পুনর্নির্মাণ কাজের জন্য সরকার প্রাথমিকভাবে ২০ কোটি ডলার বরাদ্দ করেছে এবং আন্তর্জাতিক সাহায্য গ্রহণের জন্য ‘সিএএফ-ডেভেলপমেন্ট ব্যাংক অব ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান’-এ একটি বিশেষ অ্যাকাউন্ট খোলা হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

এছাড়া ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অবস্থা মূল্যায়ন ও অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তার জন্য ইসরায়েলি বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই ভেনেজুয়েলায় পৌঁছেছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক ডিজিটাল বিশ্লেষণ অনুযায়ী, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি ডলারে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক বজায় রাখা ‘হাস্যকর’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:১২ পি.এম


ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক বজায় রাখা ‘হাস্যকর’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক জোট ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে তিনি ‘একতরফা’ ও ‘হাস্যকর’ হিসেবে উল্লেখ করেছেন।

আগামী সপ্তাহে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘তারা আমাদের পাশে ছিল না!!!’ তিনি আরও যোগ করেছেন, ওয়াশিংটনের সঙ্গে ন্যাটোর সম্পর্কটি পারস্পরিক নয়।

এর আগে ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় মিত্রদের ভূমিকা সম্পর্কে ট্রাম্প একাধিকবার সমালোচনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় শোভাযাত্রার দুর্ঘটনায় থাইল্যান্ডে প্রাণহানি বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


ধর্মীয় শোভাযাত্রার দুর্ঘটনায় থাইল্যান্ডে প্রাণহানি বেড়ে ১০

 থাইল্যান্ডে এক বৌদ্ধ ধর্মীয় শোভাযাত্রার সময় একটি পিকআপ ট্রাক ঢুকে পড়ায় নিহত ভিক্ষুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন। জানা গেছে, ওই ট্রাকটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক কিশোর।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, স্থানীয় মুকদাহান হাসপাতালের সর্বশেষ তথ্য জানায়, বৃহস্পতিবারের দুর্ঘটনার পর আরও ১০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি আটজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার, দুর্ঘটনাটি ঘটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে। দুর্ঘটনার সময় ৩৫ জন ভিক্ষু এবং ৫ জন সাধারণ অনুসারী একটি তীর্থযাত্রার অংশ হিসেবে রাস্তার পাশে হাঁটছিলেন। এই পরিস্থিতিতে একটি ট্রাক আচমকা তাদেরকে ধাক্কা দেয়।

পুলিশ জানায়, ১১ বছর বয়সী ওই বালক তার বাবা-মায়ের গাড়ি অনুমতি ছাড়া চালিয়ে ছিল। দুর্ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু নিহত হন। পরে হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়।

মুকদাহান সিটি পুলিশের প্রধান প্রযুত রুয়াংথংকাম জানিয়েছেন, ওই কিশোর এখনও পুলিশের কাছে কোন জবানবন্দি দিতে সক্ষম হয়নি। বর্তমানে তাকে শিশু কল্যাণ কর্তৃপক্ষের যত্নে রাখা হয়েছে এবং তার সহিত তার মা রয়েছেন।

উল্লেখযোগ্য যে, থাইল্যান্ডে ১২ বছরের কম বয়সীদের কোনো ফৌজদারি দায়বদ্ধতা নেই। পুলিশ তদন্তের অংশ হিসেবে বেঁচে থাকা ভিক্ষুদের কাছ থেকেও সাক্ষ্য নিচ্ছে বলে তিনি জানান।

থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষুরা সমাজে অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং তারা বৌদ্ধ ধর্মের শিক্ষা সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া, তারা প্রায়ই ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করেন এবং সাধারণ মানুষের কাছ থেকে শুভেচ্ছাসূচক দান গ্রহণ করেন।

মুকদাহানের একটি পাহাড়চূড়ার মন্দির ওয়াট রোই ফ্রা ফুত্থাবাত ফু মানোরমের একজন প্রতিনিধি জানিয়েছেন যে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া এবং আহত ভিক্ষুদের পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারীদেরও মন্দিরে আশ্রয় দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুরু হলো খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


শুরু হলো খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বনেতারা

আজ শুক্রবার ভোর থেকেই শোকাবহ পরিবেশের মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার সহযোগীদের দাফন প্রক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানটি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি সংঘটিত ৪০ দিনের যুদ্ধের শুরুর দিন মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছিলেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে পুরো ইরানে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ ভোরে, এই নেতার মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লার মূল প্রার্থনা কক্ষে নিয়ে আসা হয়েছে। সেখানে দুই দিনব্যাপী সাধারণ জনগণের শেষ বিদায়ের ব্যবস্থা করা হয়েছে।

প্রথম দিনেই মরহুম নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের ধর্মীয় পণ্ডিত ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। এদের মধ্যে ইন্দোনেশিয়া এবং আফগানিস্তানের প্রতিনিধিরাও রয়েছেন। পাশাপাশি, ইরানের স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শোকযাত্রায় শামিল হয়েছেন। বিশ্বের ৩০টিরও বেশি দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিদল ইতিমধ্যে তেহরানে এসে পৌঁছেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাম্প্রতিক যুদ্ধে শহীদ হওয়া পরিবারের সদস্যদের নিয়ে একটি ব্যক্তিগত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এই ঐতিহাসিক ও শোকাবহ মুহূর্তে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তায় দলমত, জাতি ও ধর্ম নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বীর ইরান যখন ইসলাম ও বিপ্লবের এই পরম সেবককে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে, তখন জাতীয় ঐক্য এবং ইসলামি ব্যবস্থার সুউচ্চ আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শন করে সবাইকে ঐতিহাসিক সংখ্যায় উপস্থিত হতে হবে।

ঘোষিত সময়সূচী অনুযায়ী, শনিবার ও রবিবার মোসাল্লায় সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের পর সোমবার তেহরানে মূল জানাজা ও বিশাল শোকমিছিল অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার পর আগামী ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে এই মহান নেতার দাফন সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে ভোটগ্রহণ চলছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গেল। আজ রূপালি পর্দার শিল্পীরা নিজেদের যোগ্য নেতা বেছে নিতে ব্যালট পেপারে রায় দেবেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তবে এর মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা দুটি প্যানেলের মধ্যে হচ্ছে।

একটি প্যানেলের নেতৃত্বে শিবা শানু ও জয় চৌধুরী আছেন। অন্যদিকে, তাদের টেক্কা দিতে আরমান ও রুমানা ইসলাম মুক্তি গড়েছেন আরেকটি শক্তিশালী প্যানেল।

ভোটের লড়াইয়ে নামা দুটি প্যানেলই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। গত বুধবার আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে দুই পক্ষের নেতারা জয়ের ব্যাপারে বিপুল আত্মবিশ্বাস দেখালেন এবং নির্বাচিত হলে সাধারণ শিল্পীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার জোর আশ্বাস দিলেন।

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিজুড়ে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীর পাশাপাশি এফডিসি প্রাঙ্গণে তৎপর রয়েছেন র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তার সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।

অন্যদিকে, নির্বাচন পরবর্তী যেকোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%