০৩:০৮ পি.এম
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ছিলারচর এলাকার জব্বার মাস্টারের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার হন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার লক্ষীকান্দি এলাকার রায়হান খান ওরফে ফয়সাল (২২), পালং মডেল থানার রায়পুর এলাকার দেলোয়ার হোসেন (২৮) এবং বাবু শিকদার (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন