ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার


ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আব্দুল ওহাব শেখ নামে এক ব্যক্তি নিজের ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল ওহাব শেখ এই ঘোষণা দেন।

তিনি জানান, তিনি পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। তবে ছোট ছেলে সজীব শেখ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে।

আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

আব্দুল ওহাব শেখ দাবি করেন, সজীব শেখের ছাত্রলীগে কোনো সাংগঠনিক পদ-পদবি নেই। তবে তিনি উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। ২০২৪ সালের ৫ আগস্টে বিষয়টি জানার পর তাকে বারবার ওই রাজনীতি থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও তিনি অবস্থান পরিবর্তন করেননি।

এ কারণে পারিবারিকভাবে সজীব শেখকে ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আব্দুল ওহাব শেখ। তিনি বলেন, এখন থেকে সজীব শেখের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব আমাদের পরিবারের নয়। তার সকল কার্যকলাপের দায়িত্ব সে নিজেই বহন করবে।

তবে সজীব শেখ বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ম্যাচ খেলে ব্রাজিলের গোল ৪ আর মেসির একাই ৫

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


দুই ম্যাচ খেলে ব্রাজিলের গোল ৪ আর মেসির একাই ৫

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। মাত্র দুই ম্যাচ খেলেই তিনি করেছেন ৫ গোল। এই জায়গায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দলগতভাবে দুই ম্যাচ খেলে করেছেন ৪ গোল।

এই পরিসংখ্যানটি এবারের আসরে মেসির আধিপত্যের চিত্রটি স্পষ্ট করে তুলে। গ্রুপ ‘জে’এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও পরে নিজের ছন্দে ফিরে আসেন মেসি। তিনি দলের হয়ে দুটি গোল করে জয় নিশ্চিত করার পাশাপাশি গড়েন একাধিক রেকর্ড।

ম্যাচের প্রথম গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন। পরে ইনজুরি সময়ে আরও একটি গোল করে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেন। তার আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি, যা ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

দুই ম্যাচ শেষে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫এ, যা বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট হু স্কোরের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ৪০টি দল এখনও ৫ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেনি।

অন্যদিকে, ব্রাজিল দুই ম্যাচে দলগতভাবে করেছে মাত্র ৪ গোল। একইভাবে অন্যতম ফেভারিট স্পেনের গোলসংখ্যাও ৪, যা তারা সৌদি আরবের বিপক্ষে এক ম্যাচেই করেছিল। এই কারণে, ব্যক্তিগত গোলসংখ্যার বিচারে মেসি বর্তমানে অনেক দলের চেয়েও এগিয়ে রয়েছেন।

মেসির অনন্য এই পারফরম্যান্সের দিনে নকআউট পর্বও নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রেখে শেষ ৩২-এ উঠে আলবিসেলেস্তেরা। নকআউট পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্ডে অথবা সৌদি আরব। গ্রুপ ‘এইচ’ থেকে দ্বিতীয় স্থান অর্জনকারী দলই হবে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ।

বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা মেসি এখন শুধু আর্জেন্টিনারই নয়, পুরো টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত তারকা হিসেবে পরিণত হয়েছেন। তার গোলবন্যা শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে কতদূর নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসি সারওয়ারের বদলির সঙ্গে মাজার ইস্যুর সম্পর্ক নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


ডিসি সারওয়ারের বদলির সঙ্গে মাজার ইস্যুর সম্পর্ক নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে হযরত শাহজালাল (র.)-এর মাজারের কোনো ইস্যুর সম্পর্ক নেই, তা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসির বদলি প্রসঙ্গে উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বক্তব্য সামনে রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের অনুমান বা ধারণার ওপর নির্ভর করা ঠিক নয়।

জাহেদ উর রহমান জানান, সিলেটের ডিসিকে বদলি করার সঙ্গে মাজারে নেওয়া কোনো পদক্ষেপকে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত করার চেষ্টা করছেন। তবে তিনি মনে করেন, শুধু একটি ঘটনা আরেকটি ঘটনার পরে ঘটেছে বলেই এর মধ্যে সম্পর্ক খোঁজা ঠিক নয়।

তিনি আরো বলেন, সরকারের কাজের বিষয়ে বিভিন্ন ধরনের ধারণা বা আলোচনা হতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় যে বক্তব্য দিয়েছে, সেটিই বর্তমানে গ্রহণযোগ্য।

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় কিছু বিষয় সম্পর্কে সব সময় বিস্তারিতভাবে প্রকাশ করা সম্ভব হয় না। এ ধরনের বিষয়ে নানা ধরনের অনুমান করা হলেও সরকারের বক্তব্যই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা উচিত।

শেষে তিনি জানান, মাজারের দানের অর্থের স্বচ্ছতার বিষয়ে সরকারও কোনো আপত্তি করবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই-আগস্ট মাসে মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলতি থাকা অবস্থায়, আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে।

তিনি বলেন, তবে একটি দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, তা সম্পূর্ণভাবে আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এখতিয়ার।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের মুকাবেলায় নিজের মতামত প্রকাশ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময়ে তথ্য উপদেষ্টা বলেন, বিচার না হওয়া পর্যন্ত যদি দলটি কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসে, তবে সেটি আইন ভঙ্গকারী কাজ হিসেবে গণ্য হবে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ হবে কি হবে না, তা ক্লিয়ার করে বলা দরকার। এটি আদালতে নির্ধারিত হবে।’

এ ব্যাপারে তিনি যোগ করেন, আইসিটিতে তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন কি না, সেই বিচারের ফলাফল অনুযায়ী তা নির্ধারিত হবে। তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন অবস্থায় থাকবে, সেই পর্যন্ত তাদের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

যদি দলটি কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করে, তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, যদি এই দলটি কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসতে চাই, তার মানে হবে তারা একটি আইনভঙ্গকারী কাজ করছে। স্বাভাবিকভাবেই সরকার সেখানে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বাস্তবায়নের নৈতিক সাহস নেই মন্তব্য করে উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহস থাকতে পারে। একটি কথা মনে রাখতে হবে, চোরের মায়ের বড় গলা। জুলাই ও আগস্টে মানুষ যেভাবে বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, কারণ তারা নিজেদের মন পরিষ্কার রেখেছিল। তারা দেশকে ভালোবেসেছিল। তবে কিছু লুটপাটকারী, মাফিয়া, চোর-বাটপারদের সেই নৈতিক সাহস থাকে না। তাদের সেই সক্ষমতা নেই।

ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে তিনি জানিয়েছেন, যদিও আওয়ামী লীগের বড় কিছু করার সক্ষমতা নেই, তবুও তাদের কাছে প্রচুর অবৈধ টাকা রয়েছে। এই টাকা দিয়ে তারা যাতে হঠাৎ কোনো নাশকতা বা সহিংসতা সৃষ্টি করতে না পারে, তাই সরকারের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ মনে হওয়া জেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েন রেখেছে। এটি বোঝাতে পারেনা যে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে, সরকার এই পদক্ষেপ সম্পূর্ণ জনগণের নিরাপত্তার স্বার্থে গ্রহণ করেছে।

নির্বাচনে অংশ নেওয়ার আইনি ‘চেক লিস্ট’ ও গণতান্ত্রিক পেরিমিটারের ব্যাখ্যা দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘একটি গণতান্ত্রিক পরিস্থিতিতে রাজনৈতিক দলকে গণতান্ত্রিক হতে হয়। জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তারা সংগঠন হিসেবে জড়িত ছিল কি না, সেটিই এখন প্রশ্ন। এটি পুরোপুরি একটি বিচারিক প্রক্রিয়া। তবে সভ্য দেশের নাগরিক হিসেবে আদালতের যে রায় হবে, আমাদের সবাইকে তা মেনে নিতে হবে।’

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কিত প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘যেহেতু আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পূর্ণ নির্দলীয় বা দলীয় প্রতীক ছাড়া হবে, সেহেতু এখানে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই। অতীতে যদি কেউ আওয়ামী লীগের সঙ্গে জড়িত থেকেও থাকে, তবে যদি তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত না হন কিংবা তার বিরুদ্ধে মামলা না থাকে, তিনি ব্যক্তি হিসেবে অংশ নিতে পারবেন। কিন্তু কোনো দলীয় ব্যানার, স্লোগান বা দলীয় কর্মসূচি নিয়ে আসতে পারবেন না। অপরাধী হলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকআউটে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


নকআউটে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা?

অস্ট্রিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফলাফল প্রকাশের পর ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসিদের।

গ্রুপসেরা হওয়ার পর ফুটবল দুনিয়ায় এখন তুমুল জল্পনা শুরু হয়েছে, আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ কার মুখোমুখি হবে।

গ্রুপ পর্বের এখনও এক ম্যাচ বাকি থাকলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে লড়তে হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে। এই ‘এইচ’ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্ডে এবং সৌদি আরব। আগামী শনিবার সকাল ৬টায় এই গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে স্পেন-উরুগুয়ে ও সৌদি আরব-কেপ ভার্ডে।

মেসিদের প্রতিপক্ষের ভাগ্য এই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে। চলুন দেখে নেওয়া যাক জটিল সমীকরণে আর্জেন্টিনার মোকাবিলা হতে পারে কোন দল-

স্পেন হবে যদি

উরুগুয়ে যদি শেষ ম্যাচে স্পেনকে হারিয়ে দেয় এবং অন্য ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্ডে ড্র করে, তাহলে স্পেন রানার্সআপ হিসেবে আর্জেন্টিনার সামনে আসবে। এমনকি যদি উরুগুয়ে জিতে যায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারায়, তাতেও স্প্যানিশদের রানার্সআপ হওয়ার সম্ভবনা রয়েছে।

কেপ ভার্ডে হবে যদি

স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্ডে সৌদিকে হারায়, তাহলে স্পেন গ্রুপসেরা এবং কেপ ভার্ডে রানার্সআপ হবে।

আবার যদি স্পেন জিততে পারে এবং কেপ ভার্ডে-সৌদি ম্যাচ ড্র হয়, তবে আফ্রিকার দেশটি হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।

সৌদি আরব হবে যদি

স্পেন উরুগুয়েকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্ডেকে বড় ব্যবধানে হারায়, তাহলে রানার্সআপ হবে সৌদি। এছাড়া স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলে সৌদি আরব কেপ ভার্ডেকে হারালেও সমীকরণ অপরিবর্তিত থাকবে। সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপের পর সৌদি আবারও বিশ্বমঞ্চে মেসিদের সামনে আসার সুযোগ পাবে।

উরুগুয়ে হবে যদি

যদি শেষ ম্যাচে উরুগুয়ে এবং কেপ ভার্ডে উভয় দলই জয়লাভ করে, তখন রানার্সআপ নির্ধারণে আসবে গোল ব্যবধানের হিসাব।

বর্তমানে দুই দলের গোল ব্যবধান শূন্য এবং গোল সংখ্যা সমান (২টি করে)। যদি গোল এবং গোলের পার্থক্য সমান থাকে, তাহলে ‘ফেয়ার প্লে’ বা কার্ডের হিসাব দেখা হবে। যেখানে কেপ ভার্ডের তুলনায় একটি হলুদ কার্ড কম দেখে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে ইউরুগুয়ে রয়েছে।

আবার যদি শেষ রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়, তাহলে উরুগুয়ে ও কেপ ভার্ডের মধ্যে গোল পার্থক্য, গোল সংখ্যা, ফেয়ার প্লে এবং শেষে ফিফা র‌্যাঙ্কিং বিবেচনা করে রানার্সআপ নির্ধারণ করা হবে।

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা বলছে, আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কেপ ভার্ডে। ভোজিনহার নেতৃত্বে আফ্রিকার এই ছোট দেশটি যদি সৌদিকে পরাস্ত করে, তাহলে ইতিহাস গড়ে নকআউটে মেসিদের মুখোমুখি হবে। তবে উরুগুয়ে যদি স্পেনকে স্তব্ধ করে দেয়, তবে নাটকীয়ভাবে নকআউটের শুরুতেই আর্জেন্টিনা-স্পেনের মধ্যে হাইভোল্টেজ মহারণ দেখা যেতে পারে। সব উত্তর জানা যাবে আগামী শনিবার সকালে ৬ টায় গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচের ফলাফল প্রকাশের পর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%