বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
১২:৩০ এম
ভারতের নিরাপত্তা সংস্থাগুলো দাবি করছে, পাকিস্তান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলার পরিকল্পনা নস্যাত করা হয়েছে।
এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ২০০ জনের বেশি সন্দেহভাজন ‘সন্ত্রাসীকে’ গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার এক পোস্টে অমিত শাহ জানান, গত ১২ আগস্ট ভারতের ১৪টি রাজ্যে একযোগে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। স্বাধীনতা দিবসের মাত্র তিন দিন আগে পরিচালিত এই অভিযানকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবেও উল্লেখ করেন তিনি।
অমিত শাহ দাবি করেন, নরেন্দ্র মোদি সরকারের অধীনে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’ ধ্বংস করেছে। একই সঙ্গে স্বাধীনতা দিবসকে সামনে রেখে ওই গোষ্ঠীর নাশকতামূলক হামলার পরিকল্পনাও নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযানে উদ্ধার করা হয়েছে পিস্তল, গুলি, পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড এবং দেশীয়ভাবে তৈরি বোমা।
এদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, নয়াদিল্লির অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট থেকে দৃষ্টি সরানোর জন্য এটি একটি ‘বিদ্বেষপূর্ণ প্রচারণার’ অংশ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক বিবৃতিতে বলেন, পাকিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে ভারত পাকিস্তানবিরোধী প্রচারণা চালানোর জন্য ভারতকে অভিযুক্ত করছে। আন্দ্রাবি জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে ভারতের কিছু গ্রেফতারের সঙ্গে যুক্ত করার যে অভিযোগ করেছেন, পাকিস্তান তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিহাইর এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ করা হয়েছে এবং নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে আটজন ব্যক্তিকে মোট এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।
এ অভিযানটি বুধবার (১৯ আগস্ট) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন বিহাইর এলাকায় পরিচালিত হয়।
অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
এই অভিযানে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হলেও, এ সময় ৮টি গ্যাস রেগুলেটর উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৩/৪ ইঞ্চি এমএস পাইপ ৪০৫ মিটার অপসারণ করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযানকালে প্রায় ৯০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্কও নিষ্ক্রিয় হয়ে গেছে। অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে ৮জন ব্যক্তিকে মোট এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে একটি পোস্ট করেছেন। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি উল্লেখ করেছেন ‘দ্বীন, দেশ ও জাতির কল্যাণে আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহি.)-এর মতো প্রজ্ঞাবান, সাহসী ও নিষ্ঠাবান আলেমে দ্বীনের আজ বড়ই প্রয়োজন।’
বর্তমানে আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহি.) ২০২১ সালের ১৯ আগস্ট মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। তিনি দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। তার অবদান এবং ইসলামী শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম আমাদের স্মরণীয় করে রাখবে। বর্তমান সময়ে দেশ ও জাতির সঠিক দিকনির্দেশনার জন্য তার মতো প্রজ্ঞাবান, সাহসী ও নিষ্ঠাবান আলেমে দ্বীনের খুবই প্রয়োজন।
ডা. শফিকুর রহমান আরো লিখেছেন, মহান আল্লাহ তাআলা আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহি.)-এর সকল খেদমত কবুল করুন, তার ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন এবং তার রেখে যাওয়া দ্বীনি দায়িত্বগুলো যথাযথভাবে পালনের তাওফিক আমাদের সবাইকে দান করুন। আমীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার সম্প্রতি ইসরাইল সফর করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। হামাস এই শান্তি পরিকল্পনায় সম্মতি জানালেও নেতানিয়াহু তা সরাসরি নাকচ করে দেন। মার্কিন প্রতিনিধির এই সফরের পরও অচলাবস্থা কাটেনি, বরং যুদ্ধবিরতির আলোচনা আবারও থমকে গেছে।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই অনড় অবস্থানের পেছনে রয়েছে নিজস্ব রাজনৈতিক সমীকরণ। শান্তিচুক্তিতে পৌঁছালে রাজনৈতিকভাবে তার লাভ নেই বললেই চলে। গাজা, লেবানন কিংবা অন্যান্য ফ্রন্টে সংঘাত জিইয়ে রেখে তিনি দেশের মানুষের সামনে নিজেকে একমাত্র যোগ্য ‘নিরাপত্তা অভিভাবক’ হিসেবে তুলে ধরছেন।
ইসরাইলের বড় একটি অংশের জনমতও যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে থাকায় তিনি সেই কট্টর মনোভাবকেই কাজে লাগাচ্ছেন। এমনকি মার্কিন চাপের মুখে দাঁড়িয়ে ওয়াশিংটনকে ‘না’ বলে তিনি সমর্থকদের কাছে নিজের ভাবমূর্তি আরও শক্তিশালী করছেন।
যুদ্ধ অব্যাহত রাখা নেতানিয়াহুর ব্যক্তিগত আইনি সুরক্ষার জন্যও সুবিধাজনক হয়ে উঠেছে। চলমান দুর্নীতির মামলায় আদালতের কার্যক্রম পেছাতে তিনি যুদ্ধকালীন জরুরি পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক বা সফরের অজুহাত হিসেবে ব্যবহার করছেন।
যুদ্ধকালীন পরিস্থিতির কারণে দেশটির প্রতিরক্ষা বাণিজ্য চাঙা থাকলেও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ঝুঁকি তৈরি হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা ওইসিডি ইতোমধ্যেই সতর্ক করেছে যে, দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে ইসরাইলের অর্থনীতি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।
তবে আন্তর্জাতিক সতর্কতা কিংবা হোয়াইট হাউসের জোরালো কূটনৈতিক তৎপরতা—কোনো কিছুই আপাতত নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থান থেকে নেতানিয়াহুকে টলাতে পারছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলা উপজেলার দুই কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব পদে পদোন্নতি পেয়েছে। তাঁরা হলেন, উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী কান্দাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের ছেলে রাফিকুজ্জামান (রায়হান) ও চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে এ.কে.এম আবদুল্লাহ-বিন-রশিদ (শিপন)। তাঁরা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।
১৭ আগস্ট সোমবার সারা দেশের ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে সরকারের উপসচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। এদিকে ১৯ আগস্ট বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপসচিব পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ১১২ জনকে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে। বুধবার প্রকাশিত প্রজ্ঞাপন মোতাবেক জানা গেছে, রাফিকুজ্জামান (রায়হান)-কে স্বাস্থ্য সেবা বিভাগে পদায়ন করা হয়েছে।
তথ্য মতে, রাফিকুজ্জামান (রায়হান) ১৯৯৯ সালে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তাঁর বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান (বদ্দি স্যার) উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বান্ধব সর্বজন গৃহীত একজন আদর্শ শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন।
এছাড়া, এ.কে.এম আবদুল্লাহ-বিন-রশিদ (শিপন) বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট সন্তান। সে জামালপুর জেলা প্রশাসন’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা পাঁচ ভাই-বোন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন বলে জানা গেছে।
নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে নিজেকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা উপসচিব পদে সদ্য পদোন্নতি প্রাপ্তদের পরিবার-পরিজন, শিক্ষক ও বন্ধু-বান্ধসহ শুভাকাঙ্খিদের। তাঁদের সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে নকলার সুনাম দেশব্যপি ছড়িয়ে পড়বে বলে উপজেলাবাসীর দৃঢ় বিশ্বাস। এমন বিশ্বাসের জায়গা থেকেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জন্য দোয়া ও শুভ কামনাসহ অভিনন্দন জানিয়েছেন।
মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতার অপূর্ব সংমিশ্রণে নিজের কর্মস্থল তথা তাদের উপর অর্পিত সরকারি দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে দেশ ও জাতির জন্য যেন কল্যাণকর হয়; এরজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাদের পরিবারের লোকজন, শিক্ষক ও বন্ধু-বান্ধবসহ শুভাকাঙ্খিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ