বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
১২:৫৮ এম
শেরপুরের নকলা উপজেলার দুই কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব পদে পদোন্নতি পেয়েছে। তাঁরা হলেন, উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী কান্দাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের ছেলে রাফিকুজ্জামান (রায়হান) ও চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে এ.কে.এম আবদুল্লাহ-বিন-রশিদ (শিপন)। তাঁরা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা।
১৭ আগস্ট সোমবার সারা দেশের ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে সরকারের উপসচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। এদিকে ১৯ আগস্ট বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপসচিব পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ১১২ জনকে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে। বুধবার প্রকাশিত প্রজ্ঞাপন মোতাবেক জানা গেছে, রাফিকুজ্জামান (রায়হান)-কে স্বাস্থ্য সেবা বিভাগে পদায়ন করা হয়েছে।
তথ্য মতে, রাফিকুজ্জামান (রায়হান) ১৯৯৯ সালে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তাঁর বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান (বদ্দি স্যার) উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বান্ধব সর্বজন গৃহীত একজন আদর্শ শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন।
এছাড়া, এ.কে.এম আবদুল্লাহ-বিন-রশিদ (শিপন) বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট সন্তান। সে জামালপুর জেলা প্রশাসন’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা পাঁচ ভাই-বোন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন বলে জানা গেছে।
নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে নিজেকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা উপসচিব পদে সদ্য পদোন্নতি প্রাপ্তদের পরিবার-পরিজন, শিক্ষক ও বন্ধু-বান্ধসহ শুভাকাঙ্খিদের। তাঁদের সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে নকলার সুনাম দেশব্যপি ছড়িয়ে পড়বে বলে উপজেলাবাসীর দৃঢ় বিশ্বাস। এমন বিশ্বাসের জায়গা থেকেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জন্য দোয়া ও শুভ কামনাসহ অভিনন্দন জানিয়েছেন।
মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতার অপূর্ব সংমিশ্রণে নিজের কর্মস্থল তথা তাদের উপর অর্পিত সরকারি দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে দেশ ও জাতির জন্য যেন কল্যাণকর হয়; এরজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাদের পরিবারের লোকজন, শিক্ষক ও বন্ধু-বান্ধবসহ শুভাকাঙ্খিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই বিপ্লবের পর এই প্রথমবারের মতো সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় রাজপথে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সম্প্রতি মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও ছড়িয়ে পড়ার পর পুরো জেলাজুড়ে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকে। এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্টে পুলিশের একটি অস্থায়ী চেকপোস্ট রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালীন ঠিক পাশ দিয়েই পুলিশের একটি সিএনজি অটোরিকশা অতিক্রম করছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে কোনো থানা বা চেকপোস্টের পুলিশ সদস্য মিছিলকারীদের গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেননি।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুলিশ চিরুনি অভিযান শুরু করলেও প্রশাসনের এমন ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের মনে প্রশ্ন জেগেছে— ছাত্রলীগের ওপর এই ধরপাকড়ের সুযোগ নিয়ে কোনো পক্ষ আবার মামলা বাণিজ্যের প্রস্তুতি নিচ্ছে কি না? পাশাপাশি প্রশাসনের এই ধরণের উদাসীনতা জুলাই বিপ্লবে অংশ নেওয়া সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় কোনো হুমকির কারণ হয়ে দাঁড়াবে কি না, তা নিয়ে সর্বত্র আলোচনা চলছে।
জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতিতে নিষিদ্ধ কোনো সংগঠনের এভাবে হঠাৎ রাজপথে মহড়া ও প্রকাশ্য উপস্থিতি ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন নাগরিকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কানাডার কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর করার ঠিক আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্তটিকে পিছিয়ে দিয়েছেন। দুই দেশই একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছে জানিয়ে, এই শুল্ক আরোপ আপাতত তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ওয়াশিংটন এবং অটোয়া সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত হলেই চুক্তি সম্পন্ন হবে। এই আশায় তিনি বুধবার (১৯ আগস্ট) সকালে কার্যকর হতে যাওয়া শুল্ক সাময়িকভাবে থামিয়ে দিয়েছেন। পাশাপাশি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে বন্ধ হয়ে যাওয়া ‘কিস্টোন এক্সএল পাইপলাইন’ প্রকল্পটি আবার চালু করার ইঙ্গিতও দেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, বড় ধরনের বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বেশ ভালো অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান বাকি রয়েছে। এর আগে, গত মাসে কানাডার মদ, গাড়ি এবং দুগ্ধজাত পণ্যে বৈষম্যের অভিযোগ তুলে, দেশটির ওয়াইন, সিমেন্ট ও হকি স্টিকের মতো কয়েকটি পণ্যের ওপর ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক বসানোর নির্দেশ দিয়েছিলেন।
এই শুল্ক কার্যকর হলে কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের রপ্তানির ক্ষতি হতো। এ কারণে কানাডার প্রতিনিধিদল ওয়াশিংটনে গিয়ে আলোচনা চালায় এবং মার্কিন পণ্যের ওপর কিছু ছাড় দেওয়ার আশ্বাস দেয়। এর ফলস্বরূপ, আপাতত বড় ধরনের বাণিজ্য সংঘাত এড়ানো সম্ভব হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্ক সীমান্তের নিকটবর্তী সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় বিরল নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামলাটিকে "অপ্রয়োজনীয় উত্তেজনা" হিসেবে উল্লেখ করে ওয়াশিংটন বলেছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো ভূমিকা রাখে না।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, মঙ্গলবার আবু আল-দুহুর বিমানবন্দরের রানওয়ে ও গুদামঘরে আটটি বিমান হামলা চালায় ইসরায়েল। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, ইসরায়েল সরাসরি হামলার কথা স্বীকার না করলেও জানিয়েছে, সিরিয়া নিরাপত্তার বর্তমান অবস্থা ভঙ্গের উপক্রম করেছিল। দামেস্কের বিরুদ্ধে অভিযোগ করে ইসরায়েল বলেছে, তারা ওই বিমানঘাঁটিতে তুর্কি সেনাদের মোতায়েন করার অনুমতি দিচ্ছে, যা ইসরায়েলের জন্য হুমকি। তবে সিরিয়া এবং তুরস্ক হামলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে দায়ী করেছে। তাদের মতে, এসব হামলা ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তোলার হুমকি সৃষ্টি করছে।
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া ও ইরাক বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন।
এক্সে তিনি লেখেন, "আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা অপ্রয়োজনে উত্তেজনা বাড়ানো এবং আঞ্চলিক স্থিতিশীলতার অগ্রগতিতে বিঘ্ন ঘটানোর সামিল। এ হামলা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।"
সিরিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের হামলাকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এক অন্যায্য আগ্রাসী পদক্ষেপ বলে অভিহিত করেছে।
তুরস্ক তাদের কোনও সেনা তুর্কি সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত সিরিয়ার আবু দুহুর বিমানঘাঁটিতে গেছে কিনা তা নিশ্চিত করে জানায়নি। তবে, আঙ্কারা ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে যে, তুরস্ক তাদের জন্য কোনও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিনা উপকেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, গত এক সপ্তাহ আগে বিনা ‘ফসল সুরক্ষা’ নামে একটি অ্যাপস প্লে স্টোরে ছেড়েছে।
ওই অ্যাপসে কোনো ফসলের রোগাক্রান্ত স্থানের ছবি তুলে দিলে সেটি বলে দেবে গাছ বা ফলটি কোন রোগে আক্রান্ত।
অ্যাপসে স্বয়ংক্রিয় ভয়েস মেসেজের মাধ্যমে এ উত্তর দেওয়া হবে।
এছাড়া কোন দোকানে কোন ওষুধ পাওয়া যাবে, কোন ওষুধে রোগ ভালো হবে, জৈব বা রাসায়নিক- কোন পদ্ধতিতে ফসলের চিকিৎসা করা হবে, এসব তথ্য অ্যাপসটি থেকে পাওয়া যাবে।
বক্তারা বলেন, পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
সে লক্ষ্যে বাংলাদেশের ১০টি অঞ্চলকে সোনালি আঁশ পাটের হাব হিসেবে গড়ে তোলার কথা বলেছেন কৃষিমন্ত্রী।
স্থান নির্বাচনের কাজ হাতে নেওয়া হয়েছে।
কুমিল্লায়ও একটি হাব গড়ে তোলার কথা বলা হয়েছে।
কৃষিজমি কমে গেছে।
বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তারা নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্যের জোগানের পাশাপাশি কৃষি অর্থনীতিকে বদলে দিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মো. শরিফুল হক ভূঞা।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট বিভাগ) ড. মো. লুৎফর রহমান মোল্যা, বিনার গবেষণা শক্তিশালীকরণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, বিনার গবেষণা শক্তিশালীকরণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনার কৃষি প্রকৌশল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান ড. মো. হাসানুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ