০৪:০৬ পি.এম
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
আরও পড়ুন: বিলকিস বানু গণধর্ষণ মামলায় দুই দোষীর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, জামিন মঞ্জুর
ইউট্যাবের নেতৃদ্বয় মন্তব্য করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে রাজনৈতিক প্রতিপক্ষের বাসভবনে হামলার পরিকল্পনা করা একটি চরম কাপুরুষোচিত কাজ এবং ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ। তারা এ ঘটনার পেছনে অন্য কারা জড়িত এবং এর সঙ্গে কোনো গভীর ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে কিনা, তা নিরপেক্ষভাবে তদন্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বিবৃতিতে আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ষড়যন্ত্রের নেপথ্যের মূল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে ইউট্যাবের পক্ষ থেকে।
আরও পড়ুন: হোটেল ও পর্যটন খাতে ফ্রি প্রশিক্ষণ, শেষে ভাতা ও চাকরির সুযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন