০৪:২৪ পি.এম
মানিকগঞ্জের মাঠে সোনালি আমন ধানের সমারোহ দেখা যাচ্ছে। কৃষকরা পাকা ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন। কিছু জায়গায় ধান কাটা চলছে, কিছু স্থানে মাড়াইয়ের কাজ হচ্ছে, আবার কোথাও নতুন ধান ঘরে তোলার প্রস্তুতি চলছে। চলতি মৌসুমে রোপা আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ১৩ হাজার ৩০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও, আবাদ হয়েছে ১৫ হাজার ৮৯৭ হেক্টরে। লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৫৯৭ হেক্টর বেশি জমিতে আবাদ হওয়ায় ধানের উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে ১০ হাজার ১৫ হেক্টর জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ মৌসুমে মানিকগঞ্জ জেলায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৩০০ হেক্টর জমিতে। বিপরীতে, আবাদ হয়েছে ১৫ হাজার ৮৯৭ হেক্টরে, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। এ মৌসুমে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ৫০ হাজার ৮৭১ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১০ হাজার ১৫ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। সে হিসাবে মোট আবাদের জমির প্রায় ৬৩ শতাংশের ধান কর্তন হয়েছে। বাকি জমির ধানও পর্যায়ক্রমে কাটছেন কৃষকরা। ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম শুরু হওয়ায় জেলার গ্রামাঞ্চলে কৃষকদের কর্মব্যস্ততা বেড়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে রাইস গার্ডেনে ৫২ জাতের ধান চাষ শুরু
গত মৌসুমের তুলনায় চলতি বছর আমন আবাদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ মৌসুমে জেলায় ১৩ হাজার ২০৮ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছিল। ওই মৌসুমে ধানের উৎপাদন হয়েছিল ৫০ হাজার ৪৯৮ মেট্রিক টন। সেই হিসাবে, গত মৌসুমের তুলনায় এবার ২ হাজার ৬৮৯ হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে।
জেলার বিভিন্ন এলাকার কৃষকরা এখন পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত। ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে পরিবারের সদস্যদের পাশাপাশি শ্রমিকরাও যুক্ত হয়েছেন। কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত ও নির্বিঘ্নে মাঠের ফসল ঘরে তুলতে পারবেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ জানান, চলতি মৌসুমে আবাদের জমির পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া একটি ইতিবাচক অগ্রগতি। এতে ধানের সামগ্রিক উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে। খাদ্য ঘাটতি অনেকটাই কমে যাবে।
আরও পড়ুন: নবাবগঞ্জে আমন ফসলে ঘাড়পচা রোগের আক্রমণ, কৃষকরা দিশেহারা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন