ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী


ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এজন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় মান উন্নয়নের জন্য পরিবর্তন আনা হবে। সরকার মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে সবকিছু করা হচ্ছে।

আ ন ম এহসানুল হক মিলন উল্লেখ করেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এজন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের ৫০৩টি উপজেলায় কারিগরি শিক্ষার প্রসারে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, "তোমরাই আগামীর বাংলাদেশ। তাই নিজেদের সেভাবে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।"

অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

আরও পড়ুন: রাষ্ট্রপতির আহ্বান: অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। এ তথ্য সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানিয়েছেন।

দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। সফরের সময় তিনি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। একইসঙ্গে, জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এশিয়া পোস্টকে বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেয়ার করা হেলমেট ব্যবহারে সংক্রমণের ঝুঁকি বাড়ছে, সতর্কতা জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


শেয়ার করা হেলমেট ব্যবহারে সংক্রমণের ঝুঁকি বাড়ছে, সতর্কতা জরুরি

ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য বাইক রাইড শেয়ারিং জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই সেবায় যাত্রীদের জন্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চালকের দেওয়া হেলমেট ব্যবহার করা। একাধিক ব্যক্তি একই হেলমেট প্রতিদিন ব্যবহার করার ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে নিয়মিত পরিষ্কার না করা হেলমেট থেকে মাথার ত্বক ও মুখে বিভিন্ন ধরনের সংক্রমণের আশঙ্কা রয়েছে।

হেলমেটের অভ্যন্তরীণ অংশ সরাসরি মাথা, কপাল ও মুখের সংস্পর্শে আসে। ব্যবহারের সময় এতে ঘাম, ত্বকের তেল ও ময়লা জমে। নিয়মিত পরিষ্কার না করলে এসব উপাদানের সঙ্গে ব্যাকটেরিয়া ও ছত্রাকের উপস্থিতিও বাড়তে পারে। ফলে একই হেলমেট একাধিক ব্যক্তির ব্যবহারে জীবাণুর সংস্পর্শে আসার ঝুঁকি তৈরি হয়।

২০২১ সালে মাইক্রোঅর্গানিজম জার্নালে প্রকাশিত নেপালের মোটরসাইকেল চালকদের ১৩০টি হেলমেট নিয়ে করা এক গবেষণায় ব্যাকটেরিয়া ও ছত্রাকের উপস্থিতি পাওয়া যায়। গবেষণায় মোট ৩৯২ ধরনের ব্যাকটেরিয়া ও ৩৪৬ ধরনের ছত্রাক শনাক্ত করা হয়। এতে দেখা যায়, ব্যক্তিগত হেলমেটের তুলনায় একাধিক ব্যক্তির ব্যবহৃত হেলমেটে জীবাণুর সংখ্যা বেশি। নিয়মিত পরিষ্কার না করা হেলমেটেও জীবাণুর পরিমাণ ছিল বেশি।

তবে হেলমেটে জীবাণুর উপস্থিতি থাকলেই তা ব্যবহারকারীর শরীরে সংক্রমণ ঘটাবে, এমনটি নিশ্চিত নয়। শেয়ার করা হেলমেট থেকে মানুষের মধ্যে সংক্রমণ কতটা ঘটে, সে বিষয়ে এখনও পর্যাপ্ত গবেষণা নেই।

অপরিষ্কার হেলমেটে যেসব স্বাস্থ্যঝুঁকি

অপরিষ্কার হেলমেট নিয়মিত ব্যবহারে মাথার ত্বক ও ত্বকের বিদ্যমান সমস্যা আরও বাড়তে পারে। বিশেষ করে যাদের মাথার ত্বকে আগে থেকেই সমস্যা রয়েছে, ত্বক সংবেদনশীল কিংবা কোনো ধরনের সংক্রমণ আছে, তাদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।

হেলমেটে জমে থাকা ঘাম, তেল ও ময়লা ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। পাশাপাশি এতে থাকা জীবাণুর সংস্পর্শে আসার সুযোগও থাকে। তাই রাইড শেয়ারিংয়ের সময় হেলমেট ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়টি অবহেলা করা উচিত নয়।

হেলমেট ব্যবহারে যেসব সতর্কতা মানবেন

বাইক রাইড শেয়ারিংয়ের মাধ্যমে নিয়মিত যাতায়াত করলে সম্ভব হলে নিজের হেলমেট ব্যবহার করাই ভালো। তবে সব সময় তা সম্ভব না হলে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে।

১. হেলমেট ব্যবহারের আগে ভেতরের অংশ পরিষ্কার কি না দেখে নিন। ভেজা, দুর্গন্ধযুক্ত কিংবা অতিরিক্ত নোংরা হেলমেট ব্যবহার এড়িয়ে চলুন।

২. হেলমেটের ভেতরে পরিষ্কার ও ব্যক্তিগত লাইনার বা পাতলা টুপি ব্যবহার করতে পারেন। তবে এতে হেলমেটের সঠিক ফিটিং ও নিরাপত্তা যেন ব্যাহত না হয়।

৩. নিজের হেলমেট অন্য কারও সঙ্গে শেয়ার করলে ব্যবহারের পর ভেতরের প্যাডিং ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিন।

৪. বাইক চালকদের নিয়মিত হেলমেট পরিষ্কার ও জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। এ ক্ষেত্রে হেলমেট প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করা জরুরি।

৫. প্রতিবার ব্যবহারের পর হেলমেট ভালোভাবে শুকিয়ে রাখুন। দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে জীবাণু বৃদ্ধির আশঙ্কা তৈরি হতে পারে।

পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তাও জরুরি

হেলমেট পরিষ্কার রাখার পাশাপাশি এর নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। হেলমেট মাথায় সঠিকভাবে বসছে কি না এবং এর স্ট্র্যাপ ভালোভাবে আটকানো আছে কি না, তা নিশ্চিত করা জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সঠিকভাবে মোটরসাইকেলের হেলমেট ব্যবহার করলে প্রাণহানির ঝুঁকি ছয় গুণেরও বেশি কমানো সম্ভব। পাশাপাশি মস্তিষ্কে আঘাতের ঝুঁকি কমতে পারে ৭৪ শতাংশ পর্যন্ত।

তাহলে অপরিষ্কার হেলমেট ব্যবহারের আশঙ্কায় হেলমেট পরা বন্ধ করা কোনো সমাধান নয়। বরং যাত্রী ও বাইকচালক উভয়েরই হেলমেটের পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, দ্রুত নিয়োগের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, দ্রুত নিয়োগের দাবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সময় ধরে জনবল সংকট বিদ্যমান। প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে, যা কালীগঞ্জ উপজেলা সহ পাশের পলাশ ও রূপগঞ্জ উপজেলা থেকে আসেন।

কিন্তু ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে অনুমোদিত ১৮৬টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ১৩৩ জন। ফলে ৫৩টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ হাসপাতালটির অনুমোদিত জনবলের প্রায় ২৮.৫০ শতাংশ পদ বর্তমানে খালি রয়েছে। এই কারণে হাসপাতালটিতে চিকিৎসাসেবা পরিচালনায় নানা সীমাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অনুমোদিত পদের মধ্যে প্রথম শ্রেণিতে ৩২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২০ জন, এবং শূন্য রয়েছে ১২টি পদ। দ্বিতীয় শ্রেণির ৩৭টি পদের মধ্যে কর্মরত ৩৩ জন, শূন্য ৪টি। তৃতীয় শ্রেণির ৯২টি পদের বিপরীতে কর্মরত ৭২ জন, শূন্য ২০টি পদ। অন্যদিকে চতুর্থ শ্রেণির ২৫টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৬ জন, এবং শূন্য পদের সংখ্যা ১৯টি। হাসপাতালটি শীঘ্রই ১৫১ শয্যায় উন্নীত হবে। তবে জনবল সংকট নিরসন না হলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।

গাইনী ও অবস্, শিশু রোগ বিশেষজ্ঞ, নাক কান গলা বিভাগ, কার্ডিওলজিষ্ট পদে চিকিৎসক সংকটের কারণে নারী, শিশু ও অন্যান্য রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা সময় ও অর্থ ব্যয় করেও সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এই পরিস্থিতিতে রোগীদের দুর্ভোগ লাঘবে দ্রুত শূন্য পদে চিকিৎসকের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে বহির্বিভাগে ১৬৭২৯ জন, জরুরী বিভাগে ৪০৪৫ জন এবং অন্তর্বিভাগে ভর্তি হয়ে ৮২৩ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। হাসপাতালটিতে প্রতি মাসে গড়ে ৫৭টি স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) এবং ১১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রের দাবি, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অপারেশন, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, প্যাথলজি পরীক্ষাসহ অন্যান্য সেবার সংখ্যা আগের তুলনায় বেড়েছে। সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এবং জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন মজুত রাখা হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান ও পরিধি আরও বাড়াতে হলে জনবল সংকট নিরসন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ শূন্য পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন। প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে বিদ্যমান চিকিৎসক ও কর্মচারীদের ওপর অতিরিক্ত কাজের চাপ কমবে। পাশাপাশি রোগীদের অপেক্ষার সময় কমানো এবং আরও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদগুলো দ্রুত পূরণে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলার এলাকার তারাগঞ্জ ডেমরার অন্তর্বিভাগে চিকিৎসাধীন মোঃ রফিজউদ্দিন বলেন, "অন্য হাসপাতালের তুলনায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভাল। এজন্য আমরা এখানে চিকিৎসা নিতে এসেছি।"

জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাপ্রার্থী জানান, "হাসপাতালে চিকিৎসা সেবার মান আগের চেয়ে অনেক ভাল হয়েছে। ডাক্তার যতœসহকারে আমার চিকিৎসা করেছেন। হাসপাতালে দালালের দৌরাত্ব দেখতে পাইনি। কেউ কোন টাকা পয়সা চায়নি।"

তবে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের সাত্তার মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, "ডায়াবেটিকস এর পরীক্ষা করতে এসেছিলাম কিন্তু ঔষধ নেই বলে করতে পারিনি। হাসপাতালে আগে সবই ছিল। এখন ডাক্তার থাকলে ঔষধ থাকে না, ঔষধ থাকলে ডাক্তার থাকে না।"

প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। অনেকে টিকিট কেটেও চিকিৎসক না থাকায় ফিরে যাচ্ছেন।

হাসপাতালে নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিত না থাকা, আয়া ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে রোগী এবং স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন কেউ কেউ। সেবাগ্রহীতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কর্মীদের আচরণে পেশাদারত্ব নিশ্চিত করা, চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি এবং প্রয়োজনীয় চিকিৎসক নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদ বলেন, "হাসপাতালে ১১টি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ জন। গাইনী ও অবস্, শিশু রোগ বিশেষজ্ঞ, নাক কান গলা বিভাগ, কার্ডিওলজিষ্ট পদ দীর্ঘদিন যাবৎ ফাঁকা থাকায় রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ৫ জন মেডিকেল অফিসার এই হাসপাতালে নিয়োগপ্রাপ্ত হলেও তারা অন্যত্র সংযুক্ত আছেন। পাশের পলাশ ও রূপগঞ্জ উপজেলা থেকে আমাদের এখানে প্রতিদিনই বিপুল পরিমাণ রোগী আসেন। প্রতিদিন জরুরী বিভাগ, বহির্বিভাগ ও আন্তর্বিভাগে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসাসেবা নিয়ে থাকেন। স্বল্পতার কারণে রোগীদের চাহিদা মতো প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে পারি না। জনবল স্বল্পতার কারণে ডাক্তার ও নার্সদের কঠোর পরিশ্রম করতে হয়। তবে সীমিত জনবল নিয়েই রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা অব্যাহত রেখেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো সন্ত্রাসবাদের পথে হাঁটার প্রয়োজন নেই: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো সন্ত্রাসবাদের পথে হাঁটার প্রয়োজন নেই: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানি কর্মকর্তাদের হত্যা এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে চরমভাবে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বাস্তবায়ন করছে। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি এই মন্তব্য করেন।

ইসমাইল বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ পরিচালনা করছে এবং এভাবে তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা একদিকে ইরানি কর্মকর্তাদের গুপ্তহত্যা করছে, অন্যদিকে সাধারণ বেসামরিক নাগরিকদেরও হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ইরান বৈধ আত্মরক্ষা ও দৃঢ় প্রতিরোধের পথ গ্রহণ করেছে এবং তা অব্যাহত রেখেছে। শত্রুদের মতো সন্ত্রাসী সহিংসতার আশ্রয় নেওয়ার প্রয়োজন ইরানের নেই। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করার কোনো কারণ তেহরানের নেই, কারণ ওই সাধারণ মানুষ নিজেরাই এখন তাদের নেতাদের ভুল ও বিপর্যয়কর সিদ্ধান্তের ভুক্তভোগী।

মার্কিন কর্মকর্তাদের সামরিক বাংকারে আশ্রয় নেওয়ার বিষয়ে বাঘাই বলেন, কয়েক দিন ধরে যুদ্ধে জয়ের দাবি করার পর এখন তাদের সামরিক বাংকারে লুকিয়ে পড়া মূলত জনগণের সহানুভূতি পাওয়ার একটি কৌশল। মার্কিন জনগণ ইতোমধ্যে তাদের নেতাদের মিথ্যাচারে ক্ষুব্ধ এবং তারা বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্র এখন ইসরাইলের স্বার্থ রক্ষার একটি হাতিয়ারে পরিণত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%