ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে অভিবাসন কেন্দ্রে ৩ বন্দির মৃত্যু, নির্যাতনের অভিযোগে মামলা


যুক্তরাষ্ট্রে অভিবাসন কেন্দ্রে ৩ বন্দির মৃত্যু, নির্যাতনের অভিযোগে মামলা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বড় অভিবাসন আটক কেন্দ্রে বন্দীদের ওপর তীব্র নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী তাড়ানোর বিশেষ পরিকল্পনার অধীনে 'ক্যাম্প ইস্ট মন্টানা' নামের এই বিশাল তাঁবু শিবিরটি নির্মিত হয়েছিল। এই কেন্দ্রটি চালুর মাত্র ৯ মাসের মধ্যে সেখানে ৩ জন বন্দীর মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতিতে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ কয়েকটি মানবাধিকার সংগঠন যৌথভাবে ২,৭০০-এরও বেশি বন্দীর সুরক্ষার দাবিতে আদালতে এই মামলাটি করেছে।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, মরুভূমির মধ্যে অবস্থিত এই কেন্দ্রের ভেতরে বন্দীদের জানালাবিহীন অন্ধকার ঘরে আটকে রাখা হয়। রক্ষীরা তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। ভেনিজুয়েলা ও ক্যামেরুন থেকে আগত কয়েকজন বন্দী জানিয়েছেন যে, জোর করে দেশে ফিরে যাওয়ার কাগজে সই করাতে এবং সামান্য হাঁপানির ওষুধ চাওয়ায় রক্ষীরা তাদের নির্মমভাবে মারধর করেছে। জানুয়ারি মাসে এই জায়গায় এক কিউবান নাগরিক মারা যান, ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ঘাড় চেপে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। অন্য এক বন্দী ক্যান্সারের চিকিৎসা না পেয়ে মুক্তির পরপরই মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

মার্কিন সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বন্দীদের ওপর নির্যাতনের এই সমস্ত অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা বলে দাবি করেছে। তাদের বক্তব্য, এখানে কোনো বন্দী চিকিৎসাবঞ্চিত কিংবা মারধরের শিকার হচ্ছেন না। তবে গত ফেব্রুয়ারি মাসে সরকারের এক তদন্তে ধরা পড়েছে যে, এই ক্যাম্পটি বন্দীদের আটক রাখার অন্তত ৪৯টি নিয়ম লঙ্ঘন করেছে, যার মধ্যে চিকিৎসা ও অতিরিক্ত বলপ্রয়োগের মতো গুরুতর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। মানবাধিকার আইনজীবীরা জানিয়েছেন, যেন কোনো মানুষ অমন অমানবিক আচরণের শিকার না হন, সে জন্য তারা এই আইনি লড়াই শুরু করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেন্নাইয়ে গাড়ি চাপা দিয়ে তরুণীকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:৫৫ এম


চেন্নাইয়ে গাড়ি চাপা দিয়ে তরুণীকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

ভারতের চেন্নাইয়ে দুই দলের মধ্যকার বিরোধের কারণে এক তরুণীকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠে এসেছে। নিহত তরুণীর নাম ইয়ান্সি (১৮)।

দেয়া তথ্য অনুযায়ী, তিনি তামিলনাড়ুর ভিল্লুপুরমে বসবাসকারী একজন শ্রীলঙ্কান শরণার্থী হিসাবে পরিচিত ছিলেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে রাতের বেলা একটি বারের ভেতরে, যেখানে ইয়ান্সি ও তার বন্ধুদের সঙ্গে অন্য একটি দলের ঝগড়া শুরু হয়। বারের বাউন্সাররা দুই দলকে বাইরে বের করে দেওয়ার পরও তাদের বিবাদ থামেনি।

পরে ইয়ান্সি ও তার বন্ধুরা যখন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই প্রতিপক্ষ যুবকদের একটি গাড়ির সাথে তাদের আবার দেখা হয়। কথা বলার এক পর্যায়ে ইয়ান্সির বন্ধুরা ওই গাড়িটি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে, যা যুবকদের ক্ষিপ্ত করে তোলে। এরপর তারা গাড়ি নিয়ে মোটরসাইকেলটিকে ধাওয়া শুরু করে এবং পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ইয়ান্সি রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনার সময় মোটরসাইকেলে থাকা তার ১৭ বছর বয়সী এক বান্ধবীও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বালামুরুগান (২১), জোশুয়া (১৯) ও কিশোর কুমার (১৯) নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পলাতক অন্যদের খুঁজতে বিশেষ পুলিশ দল কাজ করছে। এদিকে, সরকারি নিয়ম ভাঙার কারণে ১৮ বছরের কম বয়সীদের ভেতরে ঢুকতে দেওয়ার অপরাধে প্রশাসন ওই বারটি বন্ধ করে দিয়েছে। নিহত ইয়ান্সির পরিবার এই হত্যাকাণ্ডের জন্য কঠোর শাস্তির দাবি করেছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিশ্ববাজার

এবার ২ শতাংশেরও বেশি বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:০১ এম


এবার ২ শতাংশেরও বেশি বেড়েছে জ্বালানি তেলের দাম

 

লেবাননে সামরিক অভিযান আরো জোরদার করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীকে লেবাননের অভ্যন্তরে আরো অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

সোমবার দিনের শুরুতে লেনদেনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৭ ডলার বা ২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৮ ডলারে ওঠে।

ছয় সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে। এর মধ্যেই ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবানন শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরও সংঘাত তীব্র হওয়ার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।

ইসরায়েল-লেবানন সংঘাতকে চলমান ইরান যুদ্ধের সবচেয়ে বড় আঞ্চলিক বিস্তার হিসেবে দেখা হচ্ছে। গত ২ মার্চ হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা শুরু করলে উত্তেজনা নতুন মাত্রা পায়।

এপ্রিলের মাঝামাঝি যুদ্ধবিরতি হলেও উভয়পক্ষের মধ্যে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন। এর মাধ্যমে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচকদের আরো সময় দেওয়া হতে পারে। তবে সম্ভাব্য যেকোনো সমঝোতায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইরানও বারবার বলেছে, হিজবুল্লাহকে আলোচনার অংশ করতে হবে।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে পুঁতে রাখা মাইন নিয়েও উদ্বেগ বাড়ছে। বাজার বিশ্লেষকদের শঙ্কা, এ কারণে প্রণালিটি পুরোপুরি চালু করতে বিলম্ব হতে পারে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে আরো সময় লাগবে।

বিশ্লেষক টনি সাইকামোরের মতে, কোনো সমঝোতা হলেও তা তাৎক্ষণিকভাবে বাজারে বিপুলপরিমাণ তেল সরবরাহ নিশ্চিত করবে না। ফলে তেলের দামের ওপর চাপ অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, চীনের দুর্বল অর্থনৈতিক তথ্য এবং উৎপাদন খাতের স্থবিরতার ইঙ্গিত সত্ত্বেও বাজারে সরবরাহ সংকটের আশঙ্কাই বর্তমানে তেলের দামের ওপর বেশি প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:০২ এম


ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে

ঈদুল আজহা উপলক্ষে সাত দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম চালু করা হয়েছে। এর ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

প্রথমে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতক্ষীরার ভোমরা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। তবে, এই সময়ে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা করে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়, জানান ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা। তিনি আরও উল্লেখ করেন, ঈদের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে বন্দরে আবারও স্বাভাবিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) তুফান মণ্ডল জানান, ঈদুল আজহা উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল। পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবে যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবীর তরফদার বলেন, ঈদকে কেন্দ্র করে সাময়িক বিরতির পর আজ থেকে বন্দরের সকল কার্যক্রম আবারও পুরোদমে চালু হয়েছে।

এদিকে, ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান জানান, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চলমান ছিল এবং আজ থেকে আবারও শুরু হয়েছে আমদানি-রফতানি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:০৩ এম


কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড ও বিচ কর্মীরা।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার নাজিরারটেক উপকূল থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, রোববার বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে নামার পর নিখোঁজ ছিলেন তিনি।

নিখোঁজ আবিরের সন্ধান পাওয়া যুবক জানান, বন্ধুর ভাগিনা আবির নিখোঁজের খবর পেয়ে দ্রুত সিগাল পয়েন্টে যান এবং সারারাত সৈকতে অবস্থান করে খোঁজাখুঁজি চালান। ভোরে কয়েকজনকে নিয়ে নাজিরারটেকের দিকে অনুসন্ধানে বের হলে ভোর ৫টা ২৮ মিনিটের দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পান। পরে তাকে তীরে তুলে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে লাইফগার্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে খবর দেয়া হয়।

সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন নিখোঁজ হন। খবর পাওয়ার পর লাইফগার্ড সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে এবং রাত প্রায় ৮টা পর্যন্ত ব্যাপক খোঁজাখুঁজি চালিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিখোঁজ পর্যটকের স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল। সোমবার সকালে নাজিরারটেক উপকূলে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে তারা লাইফগার্ড সদস্যদের খবর দিলে বিষয়টি প্রশাসন, বিচকর্মীসহ সংশ্লিষ্টদের জানানো হয়। একই সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও যোগাযোগ করা হয়।

ওসমান গনি জানান, উদ্ধার হওয়া মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের স্বজনরা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে আবিরের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

নিহত আবির পুরান ঢাকার শহীদনগর, লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। তিনি ঢাকা থেকে ৯ বন্ধু মিলে রোববার কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন। সকাল ৭টায় কক্সবাজারে পৌঁছে সি ল্যান্ড গেস্ট হাউজে অবস্থান নেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা সী-গাল পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%