ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং
বিশ্ববাজার

এবার ২ শতাংশেরও বেশি বেড়েছে জ্বালানি তেলের দাম


এবার ২ শতাংশেরও বেশি বেড়েছে জ্বালানি তেলের দাম

 

লেবাননে সামরিক অভিযান আরো জোরদার করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীকে লেবাননের অভ্যন্তরে আরো অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

সোমবার দিনের শুরুতে লেনদেনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৭ ডলার বা ২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৮ ডলারে ওঠে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

ছয় সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে। এর মধ্যেই ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবানন শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরও সংঘাত তীব্র হওয়ার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।

ইসরায়েল-লেবানন সংঘাতকে চলমান ইরান যুদ্ধের সবচেয়ে বড় আঞ্চলিক বিস্তার হিসেবে দেখা হচ্ছে। গত ২ মার্চ হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা শুরু করলে উত্তেজনা নতুন মাত্রা পায়।

এপ্রিলের মাঝামাঝি যুদ্ধবিরতি হলেও উভয়পক্ষের মধ্যে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন। এর মাধ্যমে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচকদের আরো সময় দেওয়া হতে পারে। তবে সম্ভাব্য যেকোনো সমঝোতায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইরানও বারবার বলেছে, হিজবুল্লাহকে আলোচনার অংশ করতে হবে।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে পুঁতে রাখা মাইন নিয়েও উদ্বেগ বাড়ছে। বাজার বিশ্লেষকদের শঙ্কা, এ কারণে প্রণালিটি পুরোপুরি চালু করতে বিলম্ব হতে পারে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে আরো সময় লাগবে।

বিশ্লেষক টনি সাইকামোরের মতে, কোনো সমঝোতা হলেও তা তাৎক্ষণিকভাবে বাজারে বিপুলপরিমাণ তেল সরবরাহ নিশ্চিত করবে না। ফলে তেলের দামের ওপর চাপ অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, চীনের দুর্বল অর্থনৈতিক তথ্য এবং উৎপাদন খাতের স্থবিরতার ইঙ্গিত সত্ত্বেও বাজারে সরবরাহ সংকটের আশঙ্কাই বর্তমানে তেলের দামের ওপর বেশি প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:০২ এম


ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে

ঈদুল আজহা উপলক্ষে সাত দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম চালু করা হয়েছে। এর ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

প্রথমে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতক্ষীরার ভোমরা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। তবে, এই সময়ে ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা করে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়, জানান ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা। তিনি আরও উল্লেখ করেন, ঈদের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে বন্দরে আবারও স্বাভাবিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) তুফান মণ্ডল জানান, ঈদুল আজহা উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল। পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবে যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবীর তরফদার বলেন, ঈদকে কেন্দ্র করে সাময়িক বিরতির পর আজ থেকে বন্দরের সকল কার্যক্রম আবারও পুরোদমে চালু হয়েছে।

এদিকে, ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান জানান, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চলমান ছিল এবং আজ থেকে আবারও শুরু হয়েছে আমদানি-রফতানি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:০৩ এম


কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবিরের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড ও বিচ কর্মীরা।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার নাজিরারটেক উপকূল থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, রোববার বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে নামার পর নিখোঁজ ছিলেন তিনি।

নিখোঁজ আবিরের সন্ধান পাওয়া যুবক জানান, বন্ধুর ভাগিনা আবির নিখোঁজের খবর পেয়ে দ্রুত সিগাল পয়েন্টে যান এবং সারারাত সৈকতে অবস্থান করে খোঁজাখুঁজি চালান। ভোরে কয়েকজনকে নিয়ে নাজিরারটেকের দিকে অনুসন্ধানে বের হলে ভোর ৫টা ২৮ মিনিটের দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পান। পরে তাকে তীরে তুলে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে লাইফগার্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে খবর দেয়া হয়।

সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন নিখোঁজ হন। খবর পাওয়ার পর লাইফগার্ড সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে এবং রাত প্রায় ৮টা পর্যন্ত ব্যাপক খোঁজাখুঁজি চালিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিখোঁজ পর্যটকের স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল। সোমবার সকালে নাজিরারটেক উপকূলে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে তারা লাইফগার্ড সদস্যদের খবর দিলে বিষয়টি প্রশাসন, বিচকর্মীসহ সংশ্লিষ্টদের জানানো হয়। একই সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও যোগাযোগ করা হয়।

ওসমান গনি জানান, উদ্ধার হওয়া মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের স্বজনরা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে আবিরের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

নিহত আবির পুরান ঢাকার শহীদনগর, লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। তিনি ঢাকা থেকে ৯ বন্ধু মিলে রোববার কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন। সকাল ৭টায় কক্সবাজারে পৌঁছে সি ল্যান্ড গেস্ট হাউজে অবস্থান নেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা সী-গাল পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসা ধর্ষণ-হত্যা: স্ত্রীসহ আসামি সোহেলকে আদালতে আনা হলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:০৯ এম


রামিসা ধর্ষণ-হত্যা: স্ত্রীসহ আসামি সোহেলকে আদালতে আনা হলো

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শুনানির আগে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে।

সোমবার (১ জুন) সকালে সাড়ে ৭টার দিকে তাদেরকে প্রিজনভ্যানে আদালতে হাজির করা হয়। এরপর দুইজনকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি-না, সে বিষয়ে আজ আদালতে সিদ্ধান্ত হতে পারে।

এর আগে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা, পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ২৪ মে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির জন্য এ দিনটি ধার্য করেন।

রামিসা হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা চাওয়ার বিষয়ে গত রোববার ঝিনাইদহের শৈলকুপার একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা রামিসা হত্যাকাণ্ডের সর্বোচ্চ সাজা চাইবো। বাকিটা আদালত যেটা ন্যায়বিচারের স্বার্থে মনে করবেন, সেটাই করবেন। তবে যে যেরকম সাক্ষ্য-প্রমাণ রয়েছে এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে, সেই বিবেচনায় আদালত সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় নেবেন বলে মনে করি।’

মামলা সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না আক্তার তাকে কৌশলে রুমের ভিতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা।

এক পর্যায়ে আসামির ঘরের সামনে শিশুটির একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দেখতে পান সোহেল রানার শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা বাথরুমের ভিতরে একটি বড় বালতির মধ্যে পড়ে রয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করার পর স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেফতার আসামি সোহেল রানা ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় সে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:১৪ এম


সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের কিছু অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। এর সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের প্রদত্ত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদত্ত সতর্কবার্তায় উল্লেখিত এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%