ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদে ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে করার দাবি


সংসদে ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে করার দাবি

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।

বুধবার, ৮ জুলাই, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে শিক্ষামন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। তিনি আরও জানান, নারীর শিক্ষা হলো বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, যাতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

প্রধানমন্ত্রী জানিয়েছেন, অতীতে বিএনপি সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিল। বর্তমান সরকার সেই সুবিধা ডিগ্রি বা অনার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফল করবে, তাদের জন্য বৃত্তিরও পরিকল্পনা রয়েছে।

এর আগে, সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শিক্ষামন্ত্রীর ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছিল এবং প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ভিসানীতি চূড়ান্ত করতে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


নতুন ভিসানীতি চূড়ান্ত করতে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

সরকার দেশের নতুন ভিসানীতির খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করার জন্য আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। এই কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী। এ কমিটি খসড়া চূড়ান্ত করার পর আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এটি উপস্থাপন করবে।

মঙ্গলবার (৭ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘ভিসা পলিসি-২০২৬’ এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।

৮ সদস্যের এই কমিটি ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করবে। একইসাথে, প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার সুযোগও রাখা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে যে, কমিটির পরিমার্জনের পর ভিসা পলিসির খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে।

এর আগে ২ জুলাই ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়েছিল। ওই বৈঠকে খসড়াটি পরিমার্জনের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

আজ বুধবার ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

জাতীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এটি একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এ বছর জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’, যা আমাদের জাতীয় অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি বলেন, মানবসৃষ্ট কর্মকাণ্ডের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিশ্বব্যাপী প্রকৃতি ও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। বৃক্ষ বায়ুমণ্ডলীয় কার্বন শোষণ করে, অতিরিক্ত তাপমাত্রা কমায় এবং পরিবেশকে নির্মল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই বাস্তবতা বিবেচনায় বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছে। এটি কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং একটি জাতীয় আন্দোলন।

শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও রেলপথের দুই পাশ, বাঁধ, সরকারি বনভূমি, উপকূলীয় চরাঞ্চল, নগর এলাকা এবং বসতবাড়িসহ দেশের সর্বত্র বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। নগর বনায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগও অত্যন্ত প্রশংসনীয়।

তারেক রহমান বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি পাবে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহজ হবে এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরো সুদৃঢ় হবে।

উন্নত জীবনের জন্য যেমন প্রয়োজন সমৃদ্ধ দেশ ও শক্তিশালী অর্থনীতি, তেমনি সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন জীববৈচিত্র্যসমৃদ্ধ বন। সমৃদ্ধ অর্থনীতি ও সবুজ বন পরস্পর ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি গতিশীল ও সম্ভাবনাময় সবুজ অর্থনীতি গড়ে তুলতে বন ও বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। তাই দেশকে সবুজে আচ্ছাদিত করার লক্ষ্যে বাড়ির আনাচে-কানাচে, পতিত ও প্রান্তিক জমিতে, খাল ও নদীর পাড়ে, বাঁধে, সড়ক ও সড়কদ্বীপে, বাড়ির ছাদে এবং শহর-বন্দর নির্বিশেষে উপযুক্ত প্রতিটি স্থানে ব্যাপক বনায়ন কার্যক্রমে দল-মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।

তিনি আরো বলেন, বৃক্ষমেলা দেশে সবুজায়ন আন্দোলনকে আরো বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণে দেশবাসীকে আরো উৎসাহিত করার লক্ষ্যে এ বছরও জাতীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন এবং তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে।

তারেক রহমান বলেন, আমি আশা করি, দেশবাসী বৃक्षमেলা থেকে উন্নত জাতের চারা সংগ্রহের সুযোগ পাবে এবং শিক্ষার্থীরা উদ্ভিদ বৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ লাভ করবে।

তিনি বলেন, আসুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর, নির্মল ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রত্যেকে অন্তত একটি করে বৃক্ষরোপণ করি এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করি।

তিনি আরো বলেন, এ বছর যারা ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’, ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬’ এবং সামাজিক বনায়নের লভ্যাংশ অর্জন করেছেন, আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই।

 আমি জাতীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নোয়াখালী জেলা ছাত্রশক্তির কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন স্টাফ করেসপন্ডেন্ট নোয়াখালী

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নোয়াখালী জেলা ছাত্রশক্তির কার্যক্রম শুরু

শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রশক্তির কার্যক্রম শুরু করেছে।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (০৭ জুলাই-২০২৬ খ্রিঃ) বিকালে সদর উপজেলার শহীদ রায়হান ও শহীদ নূর হোসেন পিয়াসের কবর জিয়ারতের মাধ্যমে সংগঠনের নেতারা এই কার্যক্রমের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নোয়াখালী জেলার আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত, মুখ্য সংগঠক সুমন উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফেজ নূর ইসলাম মাহি এবং অন্যান্য নেতাকর্মীরা।

এসময় শহীদ পরিবারের খোঁজখবর গ্রহণ করেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। শহীদের পিতা এবং তার ভাইয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় ছাত্রশক্তি নেতারা জানান, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে তাঁরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি: ১৩ জেলে নিখোঁজ, উদ্ধার কাজে আছে কোস্টগার্ড

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক কুয়াকাটা

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি: ১৩ জেলে নিখোঁজ, উদ্ধার কাজে আছে কোস্টগার্ড

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বর্তমানে অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন।

বুধবার (৮ জুলাই) মহিপুর মৎস্য আড়তদার মালিক সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সমিতি সূত্র জানায়, বুধবার দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ছোট মাছধরা ট্রলার ৬ জন জেলেসহ ডুবে যায়। ট্রলারের মালিক মাসুদ মাঝি কোনোরকমে উদ্ধার হতে পারলেও, ট্রলারটিতে থাকা অপর ৫ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

এর আগে, গত মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ১৮ জন জেলেসহ ফকিরহাটের 'এফবি মহিমা' নামের একটি ট্রলার ডুবে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার দুপুরে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও, এখনো ২ জন জেলে নিখোঁজ রয়েছেন।

এদিকে, গত রোববার (৫ জুলাই) বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে ১১ জন জেলে নিয়ে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন জেলেকে উদ্ধার করা গেলেও বাকি ৬ জনের কোনো সন্ধান মেলেনি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, নিখোঁজ জেলেদের ব্যাপারে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। ট্রলারডুবির ঘটনার খবর পাওয়ার পর থেকেই কোস্টগার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারের লক্ষ্যে সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল থাকায় উদ্ধার কাজ কিছুটা কঠিন হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজ জেলেদের পরিবারে বর্তমানে চলছে শোকের মাতম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%