মোঃ নুর হোসাইন স্টাফ করেসপন্ডেন্ট নোয়াখালী
০৬:১১ পি.এম
শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রশক্তির কার্যক্রম শুরু করেছে।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার (০৭ জুলাই-২০২৬ খ্রিঃ) বিকালে সদর উপজেলার শহীদ রায়হান ও শহীদ নূর হোসেন পিয়াসের কবর জিয়ারতের মাধ্যমে সংগঠনের নেতারা এই কার্যক্রমের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নোয়াখালী জেলার আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত, মুখ্য সংগঠক সুমন উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফেজ নূর ইসলাম মাহি এবং অন্যান্য নেতাকর্মীরা।
এসময় শহীদ পরিবারের খোঁজখবর গ্রহণ করেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। শহীদের পিতা এবং তার ভাইয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় ছাত্রশক্তি নেতারা জানান, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে তাঁরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বর্তমানে অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন।
বুধবার (৮ জুলাই) মহিপুর মৎস্য আড়তদার মালিক সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সমিতি সূত্র জানায়, বুধবার দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ছোট মাছধরা ট্রলার ৬ জন জেলেসহ ডুবে যায়। ট্রলারের মালিক মাসুদ মাঝি কোনোরকমে উদ্ধার হতে পারলেও, ট্রলারটিতে থাকা অপর ৫ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
এর আগে, গত মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ১৮ জন জেলেসহ ফকিরহাটের 'এফবি মহিমা' নামের একটি ট্রলার ডুবে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার দুপুরে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও, এখনো ২ জন জেলে নিখোঁজ রয়েছেন।
এদিকে, গত রোববার (৫ জুলাই) বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে ১১ জন জেলে নিয়ে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন জেলেকে উদ্ধার করা গেলেও বাকি ৬ জনের কোনো সন্ধান মেলেনি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, নিখোঁজ জেলেদের ব্যাপারে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। ট্রলারডুবির ঘটনার খবর পাওয়ার পর থেকেই কোস্টগার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারের লক্ষ্যে সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল থাকায় উদ্ধার কাজ কিছুটা কঠিন হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজ জেলেদের পরিবারে বর্তমানে চলছে শোকের মাতম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট করেছেন যে, গ্রিনল্যান্ড কোনো বিক্রির বস্তু নয় এবং এই অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষায় ডেনমার্ক পুরোপুরি প্রস্তুত।
তিনি বুধবার তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে এই মন্তব্য করেন। ডেনিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির পর এলো, যেখানে ট্রাম্প আমেরিকার নিরাপত্তার স্বার্থে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড অঞ্চলটি মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছিলেন।
ফ্রেডেরিকসেন বলেন, "এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত স্পষ্ট, তবে আমাদের অবস্থানও আগের মতোই সমান স্পষ্ট। গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয়।" ডেনিশ নেতা এসময় উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর মূলনীতি ‘আর্টিকেল ফাইভ’-এর প্রসঙ্গটি স্মরণ করিয়ে দেন। এই নীতি অনুযায়ী, ন্যাটোভুক্ত যেকোনো একটি দেশের ওপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে গণ্য হয়।
তিনি আরও জোর দিয়ে বলেন, "যদি জোটের কোনো একটি সদস্য রাষ্ট্রের কিছু হয়, তবে সবারই একে অপরের পাশে এসে দাঁড়ানো উচিত। আমরা ডেনমার্কের নিজস্ব ভূখণ্ডসহ ন্যাটোর সীমানার প্রতিটি ইঞ্চি রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।"
ট্রাম্পের ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে, ডেনমার্ক ও ন্যাটোর এই অনড় অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরির জন্ম দিয়েছে।
সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার বারহাট্টায় আলোচিত ধর্ষণ মামলার তেরো বছর পর আদালত রায় দিয়েছেন। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতৃত্ব প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামি হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে তাঁর উপর এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড আরোপ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হেলাল আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হেলাল বারহাট্টা উপজেলার স্বল্প দশাল গ্রামের আলম মিয়ার ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায় যে, ২০১৩ সালের ১ মার্চ রাতে বারহাট্টা উপজেলার নিজ বসতঘরে স্বামী-পরিত্যক্তা নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন হেলাল। এ ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় ভুক্তভোগীর ছোট মেয়ে এবং পাশের ঘরের এক স্বজন আসামিকে ঘর থেকে বের হয়ে যেতে দেখতে পান বলে আদালতে সাক্ষ্য দেন। পরবর্তীতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক এবং বিয়ের উদ্যোগ নেওয়া হলেও হেলাল ধর্ষণের অভিযোগ ও অনাগত সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন।
এ ঘটনায় একই বছরের ১৩ জুলাই বারহাট্টা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা করা হলে শিশুটির জৈবিক পিতা হিসেবে হেলালের পরিচয় নিশ্চিত হয়।
অভিযোগ দায়েরের প্রায় এক বছর পর ভুক্তভোগী নারী স্বাভাবিকভাবে মারা যান। এরপর ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া কন্যাশিশুটি আত্মীয়-স্বজনদের সহায়তায় বড় হতে থাকে। বর্তমানে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী দীর্ঘ তেরো বছর ধরে আদালতের মাধ্যমে পিতৃপরিচয় ও ন্যায়বিচারের অপেক্ষা করছে। আদালত ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় হেলালকে দোষী সাব্যস্ত করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলার এ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল কবীর রুবেল বলেন, ডিএনএ পরীক্ষায় শিশুটির পিতৃত্ব প্রমাণিত হয়েছে। এ রায়ের ফলে শিশুটি হেলালের আইনগত সন্তান হিসেবে স্বীকৃতি পাবে এবং প্রচলিত আইন অনুযায়ী পিতার সম্পত্তিসহ অন্যান্য অধিকারও পাবে। মামলার এ রায় ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত হয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে মত প্রকাশ করেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে যাত্রাপুর বাজারের সংলগ্ন স্থানে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন এবং সদস্য সচিব মালেক সরকার। সভার সঞ্চালনা করেন এনসিপি সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মামুন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, সদর উপজেলা সদস্য রুস্তম আলী, যাত্রাপুর ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শেখ রাজু আহমেদ এবং আরো অনেকে।
সভায় এনসিপি জেলা আহ্বায়ক মুকুল মিয়া মন্তব্য করেন, একটি সুসংগঠিত ও সক্রিয় কমিটি গঠনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রমের গতি আরও বেগবান হবে। তিনি দলীয় আদর্শ, ঐক্য, শৃঙ্খলা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে, তৃণমূল পর্যায়ে দলের শক্তিশালীকরণে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানিয়ে মুকুল মিয়া বলেন।
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ