০১:১৮ এম
চট্টগ্রাম, ১০ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজি ও ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব দামেও পড়েছে। একই সময়ে মাছ ও মাংসের দাম স্থিতিশীল রয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম শহরের কাজীর দেউড়ি, বহদ্দারহাট ও চকবাজার কাঁচাবাজারের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে এই তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম ৫ থেকে ১০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। বিক্রেতাদের আশা, আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে।
আরও পড়ুন: লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল মঈনুল ইসলামের
এদিকে, দাম কিছুটা কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা দাবি করেছেন, অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে দাম বাড়াতে না পারে, সে জন্য সরকারি পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা প্রয়োজন।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, শীতকালীন সবজির মধ্যে মুলা প্রতি কেজি ৪০-৫০ টাকা, ফুলকপি ৬০-৮০ টাকা, বাঁধাকপি (মানভেদে) ৫০-৬০ টাকা এবং শিম ২০০-২৪০ টাকা, বেগুন ৫০-৫৫ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, দেশি গাজর ১২০ টাকা এবং চায়নিজ গাজর ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া শসা ৫০-৬০ টাকা, আর করলা ও বরবটি ৬০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে এগুলোর দাম ৫ থেকে ১০ টাকা বেশি ছিল।
এছাড়া, প্রতি কেজি আলু ৩০-৪০ টাকা, পেঁপে ৩৫ টাকা, লাউ ৩০-৪০ টাকা এবং চাল কুমড়া ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ৮০-৯০ টাকা এবং কাঁচা মরিচ ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি (চারটি) ৪০ টাকা এবং লেবু প্রতি হালি ৩০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের মধ্যে কচু শাক ও পুঁই শাক আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে, আর কুমড়া শাকের দাম পড়ছে ৫০ টাকা।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ১৬০-১৭০ টাকা, লেয়ার মুরগি ২৮০-৩০০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও মহিষের মাংস প্রতি কেজি ৭৫০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে, আর খাসির মাংসের দাম প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা। খামারের মুরগির ডিম প্রতি ডজন ১৩৫ টাকা এবং হাঁসের ডিম প্রতি ডজন ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা ফয়সাল কবির আখন্দ বহিষ্কার
মাছের বাজারে বাগদা চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা, গলদা চিংড়ি ৮৫০ টাকা এবং ছোট চিংড়ি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় রুই মাছ ৪০০-৫০০ টাকা এবং কাতলা মাছ ৩৬০-৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যান্য মাছের মধ্যে কোরাল মাছ প্রতি কেজি ৭০০-৯০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, সিলভার কার্প ২৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, রূপচাঁদা ৮৫০ টাকা এবং টেংরা মাছ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
চকবাজারে কেনাকাটা করতে আসা কলেজ শিক্ষক সেলিম আজাদ বাসসকে জানান, "হাতেগোনা কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ সবজির দাম এখন ৪০-৮০ টাকার মধ্যে নেমে এসেছে, যা আগে ৮০-১০০ টাকার ওপরে ছিল।" তিনি বলেন, ‘শীতকাল এগিয়ে আসায় মূলত সবজির দাম কমেছে। গত কয়েক মাস ধরে সবজির দাম অস্বাভাবিক বেশি ছিল।
অটোরিকশাচালক মো. ইউনুস জানান, গত রাতে কর্ণফুলী কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা কম দামে শাকসবজি কিনতে পেরেছেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম নাজের হোসাইন বাসসকে বলেন, "শীতকালীন সবজি বাজারে এসেছে আরও ১৫-২০ দিন আগে কিন্তু ব্যবসায়ীদের সিন্ডিকেট দাম ধরে রেখে মুনাফা লুটেছে। এখন সরবরাহ আরও বাড়ায় দাম কমতে শুরু করেছে। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন