ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৫৩ জন বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন


ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৫৩ জন বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৫৩ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ দগ্ধ শিক্ষার্থীদের সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, বর্তমানে চিকিৎসাধীন ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা তুলনামূলকভাবে গুরুতর হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের জন্য মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা ফয়সাল কবির বহিষ্কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ এম


অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়, তাহলে জাতির সামনে তা উন্মোচন করা হবে। দেশের অভ্যন্তরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেওয়া হবে না।

আজ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যদি এ ধরনের অপচেষ্টা করা হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা আজ যে উদ্যোগের কথা বলেছেন, তা তিনি বিরোধী দলের পক্ষ থেকে নিতে পারেন। বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হতে চান না- এমন সক্রিয় ভূমিকার তিনি প্রশংসা করেন। সরকার সবসময় বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে এবং ইতোমধ্যে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে।

তিনি উল্লেখ করেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে নানা ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। দেশের রাজনৈতিক সচেতন মানুষ এসব তৎপরতা বুঝতে পারছেন। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের সেই কার্যক্রমের আইনগত বৈধতা কী এবং দেশের অভ্যন্তরে কারা তাদের সহযোগিতা করছেন- এসব প্রশ্নের জবাব খুঁজে দেখা প্রয়োজন। বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি। সংসদীয় রীতির কারণে অনুপস্থিত ব্যক্তিদের নাম উল্লেখ না করাই স্বাভাবিক। তবে বিরোধীদলীয় নেতা যদি সংশ্লিষ্ট বক্তব্য, গোয়েন্দা সংস্থার টেলিফোন নম্বর থেকে পাঠানো বার্তা কিংবা তার দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে দেওয়া হুমকির তথ্য সরকারকে জানান, তাহলে তা তদন্ত করে দেখা হবে।

তিনি জানান, বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য একটি নীলনকশা করা হয়েছিল। দেশের ভেতরে ও বাইরে থেকে এ প্রচেষ্টায় বিনিয়োগও করা হয়েছে। তবে সরকার সফলতার সঙ্গে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বলপ্রয়োগ করেনি; বরং নিজেরাই বিভিন্ন ঘটনায় আহত হয়েছে।

এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটালে সেটিকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিক ইস্যু তৈরির সুযোগ পায়। সরকার সচেতনভাবে সে সুযোগ দেয়নি।

তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের কিছু অংশ দেশের তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব এলাকায় শিল্প পুলিশ, সাধারণ পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষিত রাখতে শিল্পমালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে। তারা সরকারের উদ্যোগে সহযোগিতা করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগীদের পাশাপাশি কয়েকজন শিল্পমালিকেরও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টায় সহযোগিতার বিষয়টি সরকার লক্ষ্য করেছে। তবে শিল্পমালিকদের আশ্বস্ত করা হয়েছে যে দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও শিল্পমালিকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলে তুলে ধরা যৌক্তিক নয়। দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে পরিত্যক্ত যানবাহনে অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যায় না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে আগের বছরের একই সময়ের তথ্য বিবেচনায় নেওয়া জরুরি।

পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে আগের বছরের একই সময়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়নি। চলতি বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০ কম বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোক্তা অধিকার সংরক্ষণে ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা, বাজারে তদারকি অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ এম


ভোক্তা অধিকার সংরক্ষণে ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা, বাজারে তদারকি অব্যাহত

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে, যা ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীলতা রক্ষা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে।

এই অভিযানে অধিদপ্তরের ৪৩টি টিম একযোগে কাজ করেছে, যা ঢাকা মহানগরসহ দেশের ২৭টি জেলায় পরিচালিত হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে ৮৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। অধিদপ্তর উল্লেখ করেছে, বাজারে ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ, এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রয় প্রতিরোধের জন্য এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।

এছাড়া, ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে।

অভিযানে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেছেন।

অধিদপ্তর ভোক্তাদের পরামর্শ দিয়েছে, তারা যেন প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করেন এবং পণ্য ক্রয়ের আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করেন। সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য ক্রয় করার জন্য এবং ক্রয়ের সময় বিক্রেতার নিকট থেকে ভাউচার সংগ্রহের জন্যও অনুরোধ করা হয়েছে।

যদি পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হন, তাহলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ এম


শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি আইনিভাবে সমাধান হবে। তিনি বলেন, "বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।"

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জয়সওয়াল এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়।"

এক সাংবাদিকের প্রশ্ন ছিল, "বাংলাদেশ সরকার চায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হোক। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান কী?" এর জবাবে জয়সওয়াল বলেন, "এটা একটি আইনি বিষয়। ভ্রমণের জন্য ব্যক্তির বৈধ ভ্রমণ নথি প্রয়োজন।" তিনি বলেন, সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানাবেন।

শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানোর প্রেক্ষিতে সৃষ্ট আলোচনার মধ্যে ভারতের এমন বক্তব্য এসেছে।

ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন আসে। জয়সওয়াল বলেন, "এ বিষয়ে আগের ব্রিফিংয়ে দেয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য নেই।"

তারেক রহমানের ভারত সফর বা এ বিষয়ে আলোচনার নতুন তথ্য আছে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, "এ মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো আপডেট নেই।"

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়।

সেই সঙ্গে তাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেয়ার জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়ে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।

এমন পরিস্থিতিতে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। সম্প্রতি তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।

এর মধ্যে সোমবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেয়ার আবেদন জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা চালু: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ এম


ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা চালু: শিক্ষামন্ত্রী

সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত চ্যালেঞ্জের মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুতির লক্ষ্যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩ এর সরকারি দলের সদস্য রাশেদা বেগম হীরার জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় আনীত নোটিশের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বিশ্বায়নের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব অপরিসীম। এর গুরুত্বকে কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না। নতুন প্রজন্মকে এআই-সম্পর্কিত জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস এবং ন্যানোটেকনোলজির ক্রমবর্ধমান ভূমিকা বিবেচনায় সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

প্রস্তাবিত শিক্ষাক্রম অনুযায়ী, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-চালিত বিভিন্ন টুল, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এবং রোবোটিকস সম্পর্কে শিখবে। সপ্তম শ্রেণিতে এআইভিত্তিক সার্চ টুল, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহারিক প্রয়োগ অন্তর্ভুক্ত থাকবে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং এবং সরকারি ই-সেবা সম্পর্কে জানবে।

নবম ও দশম শ্রেণির শিক্ষাক্রমে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্সের বিকাশ, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিকস ও ন্যানোটেকনোলজি অন্তর্ভুক্ত করা হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এআইয়ের মৌলিক ধারণা এবং দৈনন্দিন জীবন, শিক্ষা ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে শিখবে। পাশাপাশি রোবোটিকস ও ন্যানোটেকনোলজিও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, এআই শিক্ষা শিক্ষার্থীদের কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পদ্ধতিই শেখাবে না, বরং এআই থেকে প্রাপ্ত তথ্য কীভাবে মূল্যায়ন, যাচাই ও বাছাই করতে হয়, সে বিষয়েও দক্ষ করে তুলবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্যের সত্যতা যাচাই এবং অনলাইন নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক সাইবার নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সাইবার হামলার হুমকির পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনাও এ ক্ষেত্রে গুরুত্বের বিষয়টি তুলে ধরেছে।

প্রযুক্তিনির্ভর শিক্ষার অবকাঠামো শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, একটি প্রকল্পের আওতায় দেশের নির্বাচিত প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট’-এর আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশের অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেখানে শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। এআই-সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষায় এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।

রাশেদা বেগম হীরার অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আইসিটি শিক্ষার জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে এবং পরিকল্পিত উদ্যোগগুলো বাস্তবায়নে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%