০১:৩৩ এম
গাজীপুর, ১০ নভেম্বর, ২০২৬ : শিল্পনগরী গাজীপুরকে নিরাপদ, মাদক-সন্ত্রাসমুক্ত এবং সাধারণ মানুষের বাসযোগ্য করে তুলতে সংবাদকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রয়াসের ওপর জোর দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
আজ মঙ্গলবার জিএমপি সদর দপ্তরের সভা কক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি উল্লেখ করেন যে, পেশাগত তথ্যের আদান-প্রদান এবং সুদৃঢ় পারস্পরিক আস্থার মাধ্যমে নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধান সম্ভব।
জিএমপির নবনিযুক্ত কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
এ সভায় সংবাদকর্মীরা দ্রুত বর্ধনশীল এ অর্থনৈতিক কেন্দ্রটির নানা নাগরিক সংকট বিশেষ করে সড়ক নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধ, যানজট নিরসন এবং শিল্পাঞ্চলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার তাগিদ দেন তারা। মাদক সমস্যার স্থায়ী সমাধানে খুচরা বিক্রির পাশাপাশি মূল কারবারি, গডফাদার ও সরবরাহকারীদের শনাক্ত করে আইনি ধারায় আনার পরমর্শ দেওয়া হয়। একই সঙ্গে উঠতি বয়সের অপরাধী চক্র ও তাদের পেছনের মদদদাতাদের দমনে কঠোর ব্যবস্থার দাবি ওঠে।
এ সময় শ্রমিক, নারী ও পথচারীদের যাতায়াত নিরাপদ করতে ঝুঁকিপূর্ণ স্থান ও শিল্প এলাকাগুলোতে নৈশকালীন টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত, পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন