০১:৩৪ এম
সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি দপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য অবস্থায় রয়েছে। সরকার এসব শূন্য পদ পূরণের জন্য স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
আজ জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এই তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৫’ অনুযায়ী, সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
আরও পড়ুন: তরুণদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠলে চাকরিই তাদের পেছনে ছুটবে: মোহাম্মদ সেলিম উদ্দিন
তিনি আরও জানান, এসব শূন্য পদ পূরণের লক্ষ্যে বর্তমান সরকার ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। কর্মপরিকল্পনার আওতায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের জন্য অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
এছাড়া, দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নিয়োগ সম্পন্ন করার জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
খায়রুল কবির খোকনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে সম্পন্ন হওয়া নিয়োগের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ পাওয়া যায় বা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়, তবে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ব্যবস্থা গ্রহণের ফলে যদি কোনো পদ শূন্য হয়, সেসব পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য আবুল হাসনাতের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি নিয়োগ কার্যক্রমের তথ্য প্রতি ৬ মাস অন্তর হালনাগাদ করা হয়। দেশের জেলা ও কেন্দ্রীয় পর্যায়সহ সব দপ্তর, বিভাগ এবং সরকারি কর্ম কমিশনের নিয়োগ কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রয়েছে।
আরও পড়ুন: ‘বেঞ্চ সহকারী’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর ঢাকায়
তিনি বলেন, বর্তমানে বিভিন্ন দপ্তর থেকে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এসব তথ্য সমন্বয় করে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন সরকারি কর্মচারী নিয়োগ পেয়েছেন, সে বিষয়ে জাতীয় সংসদকে অবহিত করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন