০৫:১৫ এম
রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে আল বারাকা টাওয়ারে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনের মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে ১টার দিকে ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহুর্তেই ১৩ এবং ১১ তলায় ছড়িয়ে পড়ে। এতে অনেক বাসিন্দা আটকে পড়েন। নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানিয়েছেন, ভবনটি আবাসিক হলেও ঐ আগুন লাগা ফ্লোরটিতে আইনজীবীদের চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুইজন মুঠোফোনের মাধ্যমে উদ্ধারের জন্য আকুতি জানালেও তাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটি দুই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হলে সেখানে তাদের মৃত্যু ঘটেছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানিয়েছেন, ভবনের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়মবহির্ভূতভাবে আবাসিক ভবনে অফিস ভাড়া দেয়া হয়েছিল। আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের। তবে তদন্ত করে ব্যবস্থা নিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন