০৩:৪২ এম
নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ৩ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়ার নেতৃত্বে পুলিশ নিয়ে খিদিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
আরও পড়ুন: মাদারীপুরে খাবারের অভাবে লোকালয়ে ছড়িয়ে পড়ছে বানর, সংখ্যা কমছে
এসময় খিদিরপুর বাজারের পাশে ইয়াবা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় কালিরচর গ্রামের মুছলেহ উদ্দিনের ছেলে সোহরাবকে (৩৬) মাদকসেবনের সরঞ্জাম ও দুই পিস ইয়াবাসহ আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতকে জানানো হলে তাঁরা উপস্থিত হয়ে সোহরাবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ মাসের কারাদণ্ড দেন।
অপরদিকে খিদিরপুর বাজারের পাশে গাঁজা সেবনরত অবস্থায় নয়াপাড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে মোশারফ হোসেনকে (২৯) আটক হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করলে ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
একই এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় সাইফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে (১৮) আটক করে ১ মাস কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাওসারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন