০৭:৫৮ এম
কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন। ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, "আমি এখনও খেলা চালিয়ে যেতে চাই, তবে সামনে আমি কী করবো, সে বিষয়ে ভাবতে হবে।"
ডি মারিয়ার বয়স ৩৮ হলেও মাঠে তার পারফরম্যান্স বলছে যে, তিনি আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার ক্ষমতা রাখেন। এই অবস্থাতেই মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির নাম নতুন করে আলোচনায় এসেছে। গুঞ্জন শোনা যাচ্ছে, অবসরে না গিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে আবারো লিওনেল মেসির সতীর্থ হতে পারেন তিনি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের, বিশেষ করে গোল ডটকমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইন্টার মায়ামি অতীতে একাধিকবার ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টা করেছে। যদিও সেসব আলোচনা শেষ পর্যন্ত সাফল্যের দিকে যেতে পারেনি। তবে ২০২৭ সালকে সামনে রেখে নতুন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
আরও পড়ুন: ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি’: ত্রাণ প্রতিমন্ত্রী
মেসি ও ডি মারিয়ার বন্ধুত্ব এবং মাঠের বোঝাপড়া আধুনিক ফুটবলের অন্যতম সফল জুটি হিসেবে বিবেচিত। এই দুই তারকা একসঙ্গে আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা সহ মোট পাঁচটি বড় শিরোপা।
তাদের সাফল্যের গল্পের শুরু হয়েছিল ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনার পদক জয়ের মাধ্যমে। এরপর ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মারাকানায় ডি মারিয়ার স্মরণীয় গোল আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা ঘোচায়।
পরবর্তীতে ২০২২ সালের ফিনালিসিমায় ইতালির বিপক্ষে জয় এবং একই বছর কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পেছনে ছিল এই জুটির অসাধারণ অবদান। বিশ্বকাপ ফাইনালে মেসির জোড়া গোলের পাশাপাশি ডি মারিয়ার গোল আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায়।
সবশেষে ২০২৪ কোপা আমেরিকা জয় আর্জেন্টিনা ফুটবলের অন্যতম সেরা অধ্যায়ের পূর্ণতা দেয়। মেসির নেতৃত্ব এবং বড় ম্যাচে ডি মারিয়ার নির্ভরযোগ্য পারফরম্যান্স দীর্ঘদিন ধরে আলবিসেলেস্তাদের সাফল্যের ভিত্তি হয়ে রয়েছে।
আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দুঃখজনক, পর্যালোচনা চলবে : আইনমন্ত্রী
এখন প্রশ্ন একটাই—ডি মারিয়া কি সত্যিই অবসরের পথ বেছে নেবেন, নাকি ক্যারিয়ারের শেষ অধ্যায়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসির সঙ্গে আবারও মাঠ মাতাবেন? উত্তর এখনও অজানা। তবে ফুটবলপ্রেমীরা নিশ্চয়ই এই কিংবদন্তি জুটিকে আরেকবার একই জার্সিতে দেখতে আপত্তি করবেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন