ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি নয় : ইরান


অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি নয় : ইরান

ঢাকা, ১ জুন, ২০২৬ : ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না।

ইরানি জনগণের অধিকার পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো ধরনের চুক্তিতে সম্মত হবে না।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: ফ্লোরিডায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, ৯ জন নিহত

মোহাম্মদ বাঘের গালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে আরও কঠোর শর্তসংবলিত একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছেন।

এতে দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য ও অবিশ্বাস আরও স্পষ্ট হয়ে উঠেছে।

চুক্তির খসড়া প্রস্তাবে নতুন যে কোনো পরিবর্তন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা আরও বিলম্বিত করতে পারে।

কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনায় কড়া বক্তব্য ও মাঝেমধ্যে সহিংসতার ঘটনার নথিও রয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

ফেব্রুয়ারি মাসে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছিল।

সেই সময়ই যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানে।

এতে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের একটি বড় অংশ নিহত হয়।

তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

আরও পড়ুন: চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

তবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সন্দেহ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে।

শনিবার মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস ও সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের কাছে আরও কঠোর শর্তযুক্ত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে।

তবে এর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

ট্রাম্প বলেছেন, তার প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এবং বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করা।

আরও পড়ুন: ডেমরায় ব্যাডমিন্টন খেলার সময় ছুরিকাঘাতে ৪ জন আহত

ফক্স নিউজে পুত্রবধূ লারা ট্রাম্পকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশ্চয়তা হলো, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তারা এ বিষয়ে সম্মত হয়েছে, যা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে।’

তবে তেহরান এর আগেও ট্রাম্পের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষের মধ্যে এখনও ব্যাপক মতপার্থক্য রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় গালিবাফ বলেন, ‘ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হয়েছেÑ এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোনো চুক্তি অনুমোদন করব না।’

ইরানের তাসনিম সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী জানা গেছে, চুক্তির খসড়া নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও নিয়মিত সংশোধনী ও পাল্টা প্রস্তাব বিনিময় চলছে।

আরও পড়ুন: পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা

অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমানে যা কিছু বলা হচ্ছে, তার বেশিরভাগই অনুমাননির্ভর।’

ইরান জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে অর্থবহ আলোচনায় যাওয়ার আগে দেশটির প্রায় ১২ বিলিয়ন ডলার জব্দকৃত সম্পদ ছাড় করতে হবে।

এছাড়া, দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী বক্তব্যকে তারা ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে।

আরও পড়ুন: বোয়িং ও এয়ারবাস কেনার সম্ভাব্যতা যাচাই নিয়ে প্রশ্ন সংসদীয় কমিটিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১১:২৫ এম


যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত দুই

যশোরের মণিরামপুরে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক প্রাণ হারিয়েছেন। রবিবার রাত ৯টার সময় মণিরামপুর উপজেলার তালতলা অঞ্চলে একটি দ্রুতগতির মোটরসাইকেল রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই মোটরসাইকেলআরোহী হলেন, উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। সেই ধাক্কার ফলে দুজনেই গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদেরকে মৃত ঘোষণা করা হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ বলেন, "মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধ দমনে কঠোর অবস্থানে বিএমপি, একদিনে আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১১:২৭ এম


অপরাধ দমনে কঠোর অবস্থানে বিএমপি, একদিনে আটক ১৩

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

সোমবার (০১ জুন ২০২৬) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলার ৩ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৭ জনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি কর্মকর্তারা জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

এদিকে, বরিশাল মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধমুক্ত ও নিরাপদ নগরী গড়ে তুলতে জনসাধারণের সহযোগিতার পাশাপাশি পুলিশের বিশেষ আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১১:৩০ এম


ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল

ঈদুল আজহার ছুটি শেষে সরকারি এবং বেসরকারি অফিসগুলো সোমবার (১ জুন) থেকে খুলতে শুরু করবে। কর্মদিবসের শুরুতে রোববার (৩১ মে) থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যদিও মানুষের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, তবুও রাজধানীর প্রবেশপথ এবং মহাসড়কে বড় ধরনের যানজট এখনো দেখা যায়নি।

রাজধানীর কমলাপুর রেলস্টেশন, যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকামুখী যাত্রীদের মধ্যে মাঝারি চাপ লক্ষ্য করা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে মানুষ ঢাকায় ফিরছে, তবে যানবাহন সংকটের কারণে কিছু ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রোববার ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনগুলো একের পর এক কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা বেশি দেরিতে ঢাকায় আসে। এর মাঝে রংপুর এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা, আর নীলসাগর, কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস প্রায় আধাঘণ্টা দেরিতে পৌঁছেছে। নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহ এলাকার কিছু ট্রেনের দেরিতে পৌঁছানোর অভিযোগও করেছেন যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিভিন্ন গন্তব্য থেকে ৪৩টি আন্তঃনগর, ২৩টি লোকাল, মেইল ও কমিউটারসহ মোট ৬৬টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে।

ঢাকার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঢাকায় মানুষ ফিরছে, তবে অনেকে এখনও পরিবার নিয়ে ফেরেননি। উত্তরবঙ্গের কিছু ট্রেন আধাঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে পৌঁছেছে, তবে বড় কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে বিমানবন্দর সড়কসহ রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ঢাকামুখী মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু যানচাপ তুলনামূলক কম ছিল। যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির চলাচলও বেড়েছে।

পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখনো অনেক পোশাক শ্রমিক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ঢাকায় ফেরেননি। আগামী দু-এক দিনের মধ্যে তাঁদের ফিরে আসার চাপ আরও বাড়তে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘২য় ছোটদের বাংলা বইমেলা’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১১:৩৩ এম


নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘২য় ছোটদের বাংলা বইমেলা’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার প্রসার ঘটানোর উদ্দেশ্যে উৎসবমুখর পরিবেশে ‘২য় নিউইয়র্ক ছোটদের বাংলা বইমেলা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এই বইমেলার আয়োজন গত ৩০ মে (শনিবার) জ্যামাইকার শাহী কিচেন মিলনায়তনে করা হয়েছিল এবং এতে চার লেখকের বই নিয়ে বিশেষ আয়োজন করা হয়।

মেলা শুরু হয় বিকেল ৩টায় আর চলে রাত ১০টা পর্যন্ত।

মেলা প্রাঙ্গণকে প্রাণবন্ত রাখতে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি সেখানে লেখক-পাঠক আড্ডা, মনোগ্রাহী গল্প বলা (স্টোরি টেলিং), ছড়া-কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

এবারের মেলার আকর্ষণ ছিল চারজন জনপ্রিয় লেখক—কাজী জহিরুল ইসলাম, ডা. সজল আশফাক, আলম সিদ্দিকী এবং আশিক মুস্তাফা। এই মেলায় সপরিবারে অংশগ্রহণ করেন নিউইয়র্কে বসবাসকারী বিপুলসংখ্যক বাঙালি ও সাহিত্যপ্রেমী।

মেলায় অন্যতম প্রধান আকর্ষণ ছিল আশিক মুস্তাফার নতুন বই ‘One Little Mother’-এর জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

এছাড়া, মেলার প্রাঙ্গণে ৯০-এর দশকের ঐতিহ্যবাহী খেলনা এবং বিভিন্ন ছবি সংবলিত বিশেষ পোস্টকার্ডের উন্মোচন ও প্রদর্শনী করা হয়, যা নতুন প্রজন্মের শিশুদের মধ্যে বিপুল কৌতূহল সৃষ্টি করে। মেলার বিভিন্ন অনুষ্ঠানে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্যণীয় ছিল। ছোট্ট সোনামণিরা গল্প বলা, ছড়া ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বড়দের সঙ্গে তারা নিজেরাও বইয়ের পাতা উল্টে আনন্দ উপভোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও লেখক কাজী শামীম আহমেদ। তিনি মেলার এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, “এই বইমেলা আমাদের নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করার চমৎকার একটি মাধ্যম। আগামীতে এই বইমেলা আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে। এজন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সর্বোচ্চ চেষ্টা ও সহযোগিতা থাকবে।”

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জহিরুল ইসলাম এবং ফারহানাজ শারমিন খান।

বিশেষ অতিথির বক্তব্যে কাজী জহিরুল ইসলাম বলেন, “দেখতে দেখতে এই বইমেলা আজ দ্বিতীয় বছরে পদার্পণ করল। আমাদের লক্ষ্য থাকবে এই আয়োজন যেন শুধু দ্বিতীয় বছরের মধ্যেই সীমাবদ্ধ না থাকে বরং আগামীতে এর পরিধি আরো বৃদ্ধি পায়। বড় আকারের এই আয়োজনে আমরা শিশুদের আরো বেশি সম্পৃক্ততা বা ইনভলভমেন্ট আশা করি।”

ফারহানাজ শারমিন খান মেলা নিয়ে তার ইতিবাচক অনুভূতি ব্যক্ত করেন এবং বলেন, “এবারের মেলায় চমৎকার কিছু ইংরেজি বই এসেছে। বাংলাদেশের চমৎকার সব বাংলা বই যেন আগামীতে আরো বেশি ইংরেজিতে অনূদিত হয়ে এখানে আসে, আমরা সেই সাধুবাদ জানাই। এর ফলে এখানকার ইংরেজি মাধ্যমে বড় হওয়া ছেলেমেয়েরা এই বইগুলো সহজে পড়তে পারবে এবং বাংলাদেশ সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবে।”

অনুষ্ঠানের একপর্যায়ে মেলায় আমন্ত্রিত চার লেখক উপস্থিত পাঠকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং নিজেদের লেখা বই থেকে অংশবিশেষ পাঠ করে শোনান।

সবশেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পী ফিরোজ মিয়া ও শাহনেওয়াজ নজরুল সঙ্গীত এবং দেশাত্মবোধক বিভিন্ন কালজয়ী গানের সুরে সুরে মেলা প্রাঙ্গণে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাত ১০টায় এই সফল ও আনন্দঘন মেলার সমাপ্তি ঘোষণা করা হয় এবং অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মিলড্রেড এলির চেয়ারপারসন কাজী শামীমা আক্তার শিমুল। আর আনন্দঘন বইমেলা অনুষ্ঠানের উপস্থাপনা করেন আফরোজা আখতার মুন্নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%