বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৫ পি.এম
আর্মি মেডিক্যাল কোর এবং আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বক্তব্য প্রদান করেন আর্মি মেডিক্যাল কোর এবং আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে।
এ সময় সেনাপ্রধান বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন, যার মধ্যে আর্মি মেডিক্যাল কোর এবং আর্মি ডেন্টাল কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল।
সেনাপ্রধান আর্মি মেডিক্যাল কোর এবং আর্মি ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন। তিনি চিকিৎসাসেবায় তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং অবদানের জন্য ভূয়সী প্রশংসা করেন।
এছাড়া, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই কোরগুলোর প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়া শহরে জন্মদিনের দাওয়াতের মাধ্যমে বাড়িতে ডেকে হানিট্র্যাপ ও পিস্তল ঠেকিয়ে টাকা দাবির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী যুবক বলেছেন, বন্ধুর স্ত্রীর আমন্ত্রণে গিয়ে তিনি দুদফা হামলার শিকার হন। তার অভিযোগ, জড়িতরা বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে আরও ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী। এর আগে, মঙ্গলবার শহরের জহুরুল নগর এলাকায় একটি বাড়িতে হানিট্র্যাপ ও মারপিটের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে গোলাম রব্বানী (২৬) এবং তার বন্ধু কাহালু উপজেলার বীরকেদার এলাকার সোবহান আলীর ছেলে আল আমিন (৩২)।
অভিযোগের সূত্রে জানা যায়, জহুরুল নগর মহল্লার রনি, তুহিন ও হিরা নামের তিন যুবকের সঙ্গে গোলাম রব্বানীর বন্ধুত্ব ছিল। সম্প্রতি বন্ধু রনির স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত দেন। গত মঙ্গলবার, আল আমিনকে সঙ্গে নিয়ে গোলাম রব্বানী বন্ধু রনির বাড়িতে যান। জন্মদিনের আয়োজনে ইয়াবা ট্যাবলেট ও মদ ছিল। সেখানে আরও কয়েকজন যুবক উপস্থিত ছিলেন। তাদেরকে জোরপূর্বক মাদক সেবন করানোর চেষ্টা করা হয়। দুই যুবককে মারপিট করে পিস্তল ও ধারালো চাকু ঠেকিয়ে ঘরবন্দি রাখা হয়। জড়িতরা তাদের কাছে ৫ লাখ টাকা দাবি করে। দুদফা মারপিটের পর তাদের সামনে ইয়াবা, মদ, পিস্তল ও চাকু রেখে ভিডিও ধারণ করা হয়। সাড়ে তিন লাখ টাকা আদায় করে দুজনকে ছেড়ে দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানিয়েছেন, বুধবার রাতে লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, "আমার সঙ্গে এখন পর্যন্ত বাদীপক্ষের সরাসরি দেখা হয়নি। ঘটনা সত্য হলে মামলা রেকর্ড করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ সদস্যদের মোবাইল ফোন হ্যাকিং, ভয়েস ক্লোনিং এবং জাল স্বাক্ষরের মাধ্যমে সংঘটিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
আজ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, এসব সমস্যার সমাধানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
চিফ হুইপ বলেন, ‘মোবাইল ফোন নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। গতকাল তিনজন সংসদ সদস্য আমাকে জানিয়েছেন, তাদের নম্বর থেকে জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা চেয়ে বার্তা পাঠানো হয়েছে। আরেকজনের নম্বর থেকে ৩০ হাজার টাকা এবং অন্য একজনের নম্বর থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে।’
তিনি আরও জানান, যেসব সংসদ সদস্যের নম্বর ব্যবহার করে এসব বার্তা পাঠানো হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তিনি তাদের ফোনে পাননি।
তিনি বলেন, ‘এর অর্থ হলো তাদের মোবাইল (নম্বর) হ্যাক করা হয়েছে।’
চিফ হুইপ সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই বিষয়টি সম্পর্কে সকল আইনপ্রণেতার সচেতনতা থাকা প্রয়োজন।
তিনি বলেন, ‘আমি মনে করি, আপনারা (সংসদ সদস্যরা) বিষয়টি জানলে পুরো দেশ জানবে। টেলিভিশনের মাধ্যমে পুরো বাংলাদেশকে বিষয়টি জানানো হোক।’
তিনি আরও বলেন, প্রতারকরা মানুষকে বিভ্রান্ত করতে ভয়েস ক্লোনিং এবং জাল নথিও ব্যবহার করছে।
তিনি বলেন, ‘কিছু মানুষ স্বাক্ষর জাল করে নথি তৈরি করছে। এটিও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’ তিনি জানান, বিরোধী দল ও সরকারি দলের সংসদ সদস্যরাও এ ধরনের ঘটনার শিকার হয়েছেন।
চিফ হুইপ সংসদ সদস্যদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কোনো সংসদ সদস্য যদি ভয়েস ক্লোনিং বা অন্য কোনো ধরনের ডিজিটাল প্রতারণার শিকার হন, তবে এ ঘটনায় তাদের দায়ী করা উচিত নয়।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নির্বাহী বিভাগ বা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
এর জবাবে চিফ হুইপ মনি বলেন, বুধবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং বিটিআরসি ইতোমধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু করেছে।
তিনি বলেন, ‘বিটিআরসি এ সমস্যা সমাধানে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বর্তমানে ৬৩টি দেশে অবস্থিত বাংলাদেশের ৮৬টি মিশন প্রয়োজন অনুযায়ী নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে, যা প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে সহায়তা করছে। এসব ক্যাম্পে পাসপোর্ট সহ বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ক্যাম্পের স্থান, তারিখ ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট দূতাবাসের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম প্রচারণা চালানো হয়। এর ফলে দূতাবাস থেকে দূরে বসবাসকারী প্রবাসীরা সহজেই এসব সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
আজ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৭ এর সরকারি দলের সদস্য বিলকিস ইসলামের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি আরও জানান, ই-পাসপোর্টের অনলাইন আবেদন ও অনলাইন পেমেন্টের সুবিধা চালু থাকায় প্রবাসীরা নিজ অবস্থান থেকেই প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন।
মন্ত্রী বলেন, যেসব প্রবাসী আইনি জটিলতা, চলাচলে সীমাবদ্ধতা অথবা অন্যান্য বাস্তব সমস্যার কারণে দূতাবাসে সরাসরি উপস্থিত হতে পারেন না, তারা সংশ্লিষ্ট মিশনের জরুরি হটলাইন বা ই-মেইলে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন অনুযায়ী মিশনগুলো তাদের নিকটবর্তী কনস্যুলার ক্যাম্প সম্পর্কে অবহিত করতে পারে এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনগত সহায়তার ব্যবস্থা করতে পারে।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো—প্রবাসীরা যে দেশেই এবং যে অবস্থাতেই থাকুন না কেন, তাদের জন্য কনস্যুলার সেবা যেন সহজলভ্য, দ্রুত ও নাগালের মধ্যে থাকে। এ লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী মোবাইল কনস্যুলার ক্যাম্পের সম্প্রসারণের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।
অপরদিকে, জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ৬৩টি দেশে বাংলাদেশের মোট ৮৬টি কূটনৈতিক মিশন কার্যক্রম পরিচালনা করছে।
এর মধ্যে ৬২টি দূতাবাস ও হাইকমিশন এবং ২৪টি কনস্যুলেট, উপ-হাইকমিশন, সহকারী হাইকমিশন ও স্থায়ী মিশন অন্তর্ভুক্ত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশাল জেলার ১০১ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমাদের এ সাফল্য ধরে রাখতে নিয়মিত অধ্যবসায় ও শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যেতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনায় মনোযোগী হতে হবে।"
তিনি আরও বলেন, "জেলা পর্যায়ে অর্জিত এ সাফল্যকে জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে তোমাদের আরও নিষ্ঠার সাথে পরিশ্রম করতে হবে। নিজেদের মেধা, প্রতিভা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনতে হবে।"
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার আরও উল্লেখ করেন, "বরিশাল জেলা দীর্ঘদিন ধরে শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বরিশাল এমন একটি ঐতিহ্যবাহী জনপদ, যেখানে শের-ই-বাংলা এ কে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ ও কবি কুসুমকুমারী দাশের মতো কৃতী মনীষীর জন্ম হয়েছে। তাদের মেধা, আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।" এসময় তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তাদের দেখানো আলোকিত পথ অনুসরণ করে দেশের কল্যাণে ভূমিকা রাখতে।
বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আ. জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন এবং সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ