০২:০৭ এম
দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং সার্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে বর্তমান সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নুর।
প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রায় ৩ হাজার রিক্রুটিং এজেন্সির লাইসেন্স রয়েছে। তবে যদি মানসম্মত প্রক্রিয়ায় যাচাই-বাছাই করা হয়, তাহলে ৪০০ থেকে ৫০০টির বেশি লাইসেন্স টিকবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে এসব এজেন্সির লাইসেন্স মূল্যায়ন করে গ্রেডিং করার উদ্যোগ গ্রহণ হবে।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে ১৪৭ বিধিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশগ্রহণ করে তিনি এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা
প্রস্তাবটির বিষয়বস্তু ছিল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের সমস্যা সমাধান করা, তাদের কল্যাণ নিশ্চিত করা, রেমিট্যান্স প্রবাহকে আরও শক্তিশালী ও টেকসই করা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান অব্যাহত রাখার উপায় নিয়ে আলোচনা।
বর্তমান সরকারের বয়স মাত্র পৌনে চার মাস উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এত অল্প সময়ে পুরো অবকাঠামো পরিবর্তন সম্ভব না হলেও, সরকার ইতোমধ্যে বেশ কিছু দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, প্রবাসীদের জন্য পেমেন্ট গেটওয়ে-সংযুক্ত ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান একটি ব্যাংককে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। এ কার্ডের সাহায্যে প্রবাসীরা দেশে অর্থ পাঠালে তাদের পরিবার বা মনোনীত প্রতিনিধিরা নিরাপদে সেই অর্থ উত্তোলন করতে পারবেন।
তিনি এসময় প্রবাসীদের বিনিয়োগ উৎসাহিত করতে পূর্বাচল থেকে শুরু করে ধাপে ধাপে জেলা পর্যায়ে ‘প্রবাসী সিটি’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একইসাথে রাজধানীর গুলশানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব জায়গায় প্রবাসীদের জন্য একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা কম খরচে চিকিৎসাসেবা পাবেন।
আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়
প্রতিমন্ত্রী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন সেবার সাথে সাথে বলেন, প্রবাসী কর্মীদের মেধাবী ও প্রতিবন্ধী সন্তাদের শিক্ষা ভাতা, মৃত কর্মীর মরদেহ দেশে আনা, দাফন ব্যয় এবং পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তাও প্রদান করা হচ্ছে।
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি ও সেবার ব্যাপারে তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী কল্যাণ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। বিদেশে চাকরিচ্যুত বা নির্যাতনের শিকার প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার জন্য ১০টি দেশের আইন সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে।
নারী কর্মীদের সুরক্ষার জন্য জেদ্দা, রিয়াদ ও ওমানে তিনটি সেফ হোম পরিচালনার কথা জানান তিনি। তাৎক্ষণিক সহায়তার জন্য টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৬১৩৫ চালু রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কমিউনিটির সঙ্গে দূতাবাসগুলোর সম্পৃক্ততা এবং দক্ষ জনশক্তির জন্য ‘হোয়াইট-কলার’ চাকরির সুযোগ তৈরিতে আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে রাষ্ট্রদূতদের জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: ৩৬ জেলায় ১০১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বাইরেও ইউরোপ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন শ্রমবাজার সম্প্রসারণের চেষ্টা চালানো হচ্ছে। জাপানের শ্রমবাজার ধরার জন্য মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এসব বাজার আরও সম্প্রসারণের কথা জানান তিনি।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে নূরুল হক নুর বলেন, বাজারটি মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি বন্ধ রয়েছে। সিন্ডিকেটের বিষয়ে তিনি জানান, ২০২১ সালের সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী বাংলাদেশ শ্রমিকের তালিকা পাঠালেও রিক্রুটিং এজেন্সি নির্বাচন করে মালয়েশিয়া সরকার।
দেশে প্রায় ৩ হাজার রিক্রুটিং এজেন্সির লাইসেন্স থাকা সত্ত্বেও, বললেন তিনি, মানসম্মত যাচাই প্রক্রিয়াতে ৪০০ থেকে ৫০০টির বেশি লাইসেন্স টিকবে না। সুতরাং এসব প্রতিষ্ঠানের গ্রেডিং চালুর উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রবাসীদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
আরও পড়ুন: হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর পুনরায় চালু করল সৌদি আরব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন