০২:৪৯ পি.এম
হাকিমপুরের হিলিতে দাম কমেছে পেঁয়াজের। সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় কেজিতে দাম কমেছে ৫ টাকা। নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে পেঁয়াজের দাম কমায় নিম্নআয়ের মানুষজন খুশি হয়েছে। বিক্রেতাদের দাবি, সরবরাহ এ রকম থাকলে দাম আর বাড়বে না।
বৃহস্পতিবার (১১ জুন) সরেজমিনে হিলি বাজার পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানে পেঁয়াজের যথেষ্ট সরবরাহ রয়েছে এবং সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম আগের তুলনায় কমছে। দুদিন আগে যেই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।
হিলি বাজারের পেঁয়াজ কিনতে আসা আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের তো আয় রোজগার কম এবং এর পর পেঁয়াজের বাড়তি দামের কারণে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। আগে দাম কম থাকায় আমাদের সুবিধা হচ্ছিল, চাহিদা মতো কিনতে পারছিলাম। কিন্তু দাম বাড়ার ফলে এক কেজি পেয়াজ কিনতে হচ্ছিল ৪০ টাকা কেজি দরে। এতে করে আমাদের চাহিদামত পেঁয়াজ কিনতে সমস্যা হচ্ছিল।’
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তিনি আরো যোগ করেন, ‘যতটুকু চাহিদা, তার চেয়ে কম কিনতে হচ্ছিল বাড়তি দামের কারণে। এখন কিছুটা দাম কমেছে, কেজিতে ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এতে করে আমাদের কিছু সুবিধা হচ্ছে, আমরা একটু চাহিদামত কিনতে পারছি। দাম যেন আরো কম থাকে, এই দাবি থাকবো।’
পেঁয়াজ বিক্রেতা সাকিল আহমেদ জানান, ‘সরবরাহ ভালো থাকার কারণে পেঁয়াজের দাম কিছুদিন ধরে স্বাভাবিক ছিল। তবে গত দুদিন বৈরি আবহাওয়ার কারণে মোকামে পেঁয়াজের সরবরাহ কিছুটা ঘাটতি দেখা দিয়েছিল। ফলে মোকামেই দাম কিছুটা বাড়তি ছিল। আমাদের ৩৭ টাকা কেজি দরে কিনতে হচ্ছিল এবং খরচ মিলিয়ে বিক্রি করা হচ্ছিল ৪০ টাকা কেজি দরে। এখন মোকামে সরবরাহ বেড়ে দাম কিছুটা কমতে শুরু করেছে। এখন আমাদের মোকামে ৩৩ টাকা কেজি দরে কিনতে হচ্ছে এবং খরচ মিলিয়ে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছি। পেঁয়াজের সরবরাহ এভাবে থাকলে দাম আরো কিছুটা কমতে পারে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘আমরা দেখতে চাই যে কেউ যেন কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়াতে না পারে। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং নিয়মিত আমাদের দায়িত্বপূর্ণ এলাকা সমূহের বাজার পরিদর্শন করছি। যদি দেখা যায় কেউ দাম বাড়তি নিচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন