০২:০০ পি.এম
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ ধাপে অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের জন্য বৈঠক শেষে তিনি এ তথ্য প্রকাশ করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাথমিক ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন, যা সরকারের তোপের মুখে পড়ে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
সরকারের চাপ সামাল দিতে ব্যর্থ হয়ে দুই দিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভার বৈঠকে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
ঠিক এক মাস পর সোমবার কমিশন আবারো ইউনিয়ন পরিষদের ভোটের সময়সূচি নির্ধারণের জন্য সভার আয়োজন করে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বৈঠকটি সকাল সাড়ে দশটায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে।
পরে সংবাদ সম্মেলনে সানাউল্লাহ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে। সকল নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ভোটের ছয় সপ্তাহ আগে প্রকাশিত হবে। জেলা ধরে ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির, যেখানে সদর উপজেলাকে অগ্রাধিকার দেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
বাংলাদেশ আর কোন সংঘাতময় নির্বাচনের জন্য প্রস্তুত নয় উল্লেখ করে কমিশনার বলেন, ইউনিয়ন পরিষদের ভোট সংঘাতপূর্ণ হবে না। সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান, পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং 'জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫'-এর খসড়া অনুমোদন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন