১০:৫৫ এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন, নির্বাচন কমিশন যে পরিবর্তনগুলো নির্বাচন ব্যবস্থায় এনেছে, ঠাকুরগাঁওয়ের নির্বাচন তার একটি উজ্জ্বল উদাহরণ। তিনি বলেন, "এখন আর দিনের ভোট রাতে হয় না।" মন্ত্রী আরও উল্লেখ করেন, নির্বাচন ব্যবস্থায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও বাস্তবায়ন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষায় তরুণ, যুবক ও কৃষকেরা জীবন দিয়েছেন। তিনি বলেন, "বারবার বাংলাদেশ পথ হারিয়েছে, সেখান থেকে দেশকে উদ্ধার করতে হলে আমূল পরিবর্তন আনতে হবে।" দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে অপরাধপ্রবণতা, অপশাসন ও অপব্যবস্থাপনা তৈরি হয়; তাই গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।"
আরও পড়ুন: ‘এনসিপিকে জামায়াত জোট থেকে বেরিয়ে আসতে হবে’ রাশেদ খানের মন্তব্য
এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "আপনারা যার যার মন্ত্রণালয়ের আওতাধীন দায়িত্বগুলো সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।"
মন্ত্রী আরও বলেন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি দপ্তর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি উল্লেখ করেন, "দেশের স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা নিয়ে প্রতিনিয়ত মানুষের অভিযোগ পাওয়া যাচ্ছে।" হাসপাতালগুলোকে সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা বলেও তিনি জানান, সেখানে সবচেয়ে বেশি নোংরা পরিবেশ দেখা যায়। তিনি বলেন, "সুস্থ মানুষ হাসপাতালে গিয়ে উল্টো অসুস্থ হয়ে ফেরেন।" এসব অবস্থার দ্রুত পরিবর্তন করতে হবে। স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
নতুন প্রজন্মকে গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "একটি প্রজন্মের ক্ষতি হলে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।" সে কারণেই নতুন প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন