ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘হামার সরকারের মেয়াদ ৫ মাস, ওমরা ১৭ বছরে দেশটাক শ্যাষ করছে’


‘হামার সরকারের মেয়াদ ৫ মাস, ওমরা ১৭ বছরে দেশটাক শ্যাষ করছে’

 

‘হামার সরকারের মেয়াদ কেবল পাঁচ মাস। পাঁচ মাসে (রিপেয়্যার) সংস্কার করা যায়? আর ওমরা (আওয়ামী লীগ) গত ১৭ বছরে দেশটাক শ্যাষ করছে’, এ মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাচকোল এলাকায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের উদ্দেশে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের

ভাঙন প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার চায় না একটি ঘর-বাড়ি যেন নদীতে বিলীন হোক। এ জন্য বন্যার পূর্বে আমরা ইমার্জেন্সি কাজ শুরু করেছি। যেহেতু আমি এই অঞ্চলের মানুষ, সে ক্ষেত্রে আমার টান বে‌শি।’

এছাড়া তিনি আরো বলেন, ‘ব্রহ্মপুত্রে যে দুটি প্রকল্প চলমান রয়েছে, একটি প্রায় ৯০০ কোটি, অপরটি ৮০০ কোটি টাকার। সেটি যদি আমরা ব্লক দিয়ে করতে পারি, তাহলে আর ভাঙন হবে না।’ তিনি জানান, জরুরি ভাঙন ঠেকাতে জিওব্যাগ এবং স্থায়ী প্রকল্পের জন্য ব্লকের কাজ শুরু হবে।

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বস্তা ফেলবে ১০০টা আর গুনবে ২০০টা সেই সুযোগ আর নেই। বস্তার ওজন কমানোর সুযোগ নেই। এগুলো আপনারা বুঝে বুঝে নেবেন। এগুলো প্রত্যেকটা জিনিস আপনাদের টাকায়। ইঞ্জিনিয়ার আর ঠিকাদারের ওপর ছেড়ে দেবেন না।’

এর আগে এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে চিলমারীর রমনা নৌঘাটে পৌঁছে তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী সংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যে টেকনিক্যাল কমিটি কাজ করেছে এবং দেশের বাইরে বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্প শুরু করা হবে।’

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ

পরে নৌপথে চিলমারীর কাচকোল, উলিপুরের নামাজের চর, রৌমারীর সুখেরবাতি ও রাজিবপুরের কোদালকাটি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনিসহ স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব

মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং সাবেক বিএনপি নেতা আব্দুস সামাদ বর্তমানে ফুড পয়জনিংজনিত কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মধুপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।

জানা গেছে, তিনি অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত মধুপুর সরকারি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মধুপুরের সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধেয় ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। তাঁর দ্রুত সুস্থতার জন্য মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

এক বিবৃতিতে খন্দকার মোতালিব উল্লেখ করেন, “বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় একজন মানুষ। তাঁর অসুস্থতার খবর পেয়ে আমরা উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন—এ জন্য আমি মধুপুরবাসীসহ সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করছেন তিনি। এদিকে, সামাদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে তাণ্ডব চালিয়ে চীন-তাইওয়ানের দিকে এগোচ্ছে টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


জাপানে তাণ্ডব চালিয়ে চীন-তাইওয়ানের দিকে এগোচ্ছে টাইফুন

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় প্রলয়ংকরী টাইফুন ‘ডলফিন’ আঘাত হেনেছে। এর প্রভাবে পাঁচজন আহত হয়েছেন। তাছাড়া, ১৪ হাজার ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে, ঘূর্ণিঝড়টি পূর্ব চীন ও তাইওয়ানের উপকূলের দিকে ধেয়ে আসছে।

সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় পূর্ব চীনের বন্দরগুলো বন্ধ করা হয়েছে এবং ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। তাইওয়ানে বিমান চলাচলও বাতিল করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ওকিনাওয়ায় আহত পাঁচজনের মধ্যে তিনজন বয়স্ক ব্যক্তি তীব্র বাতাসের কারণে পড়ে গিয়ে আঘাত পান। তবে তাদের কারও আঘাতই প্রাণঘাতী নয়। এর বাইরে কাগোশিমা প্রিফেকচারে আরও একজন আহত হয়েছেন।

হংকংয়ের ‘চাইনিজ হোয়াইট ডলফিন’-এর নামানুসারে এ ঝড়ের নামকরণ করা হয়েছে। পূর্ব এশিয়ায় যখন রেকর্ড-ভাঙা দাবদাহ চলছে, ঠিক তখনই এই ঝড়টি আঘাত হানল। জাপানের একটি চিড়িয়াখানায় অতিরিক্ত গরমের কারণে তিনটি সিংহের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ায় তীব্র তাপমাত্রার কারণে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে।

গত ২৬ জুলাই তৈরি হওয়া একটি গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ থেকে ডলফিনের উৎপত্তি ঘটে। প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে কিছু হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সময় এটি মধ্য প্রশান্ত মহাসাগরের উন্মুক্ত জলরাশির ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে অগ্রসর হতে থাকে। যাত্রাপথে এটি প্রথমে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং পরে তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। অতঃপর, ২৮ জুলাই এটি পূর্ণাঙ্গ টাইফুন এবং পরবর্তীতে অত্যন্ত শক্তিশালী টাইফুনে রূপ নেয়।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় ভোর ৩টার দিকে, ডলফিন ওকিনাওয়ার কুমে দ্বীপের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। এ সময়, ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ২১৬ কিলোমিটার।

ঝড়টি চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জাতীয় কর্তৃপক্ষ তিন-স্তরের জরুরি সতর্কবার্তা জারি করেছে। এই সতর্কতা হল সতর্কতার দ্বিতীয় সর্বনিম্ন স্তর। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, টাইফুন ‘ডলফিন’-এর প্রভাবে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে চীনের পূর্ব ও দক্ষিণ উপকূলে ঝড়টি আঘাত হানতে পারে। ঝড়টির মূলত ঝেজিয়াং প্রদেশের ঝৌশান শহর এবং ফুজিয়ান প্রদেশের ফুডিং শহরের মধ্যবর্তী এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

১২ আগস্ট পর্যন্ত সাংহাই ও এর পার্শ্ববর্তী প্রদেশসহ পূর্ব চীনের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, পূর্ব ঝেজিয়াংয়ের কিছু এলাকায় ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

ঝেজিয়াং কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় টাইফুন সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে, বন্দরগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এবং ১৬২টি যাত্রীবাহী ফেরি রুটে চলাচল স্থগিত রেখেছে। প্রদেশটির অন্যতম বড় শহর নিংবোর কর্তৃপক্ষ এই সপ্তাহে স্কুল, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও জলপথ-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ঝেজিয়াংয়ের নিংবো লিশে আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, তারা শনিবার রাত সাড়ে ১১ টা থেকে কার্যক্রম বন্ধ রাখবে এবং রবিবার সব ফ্লাইট স্থগিত করবে। সাংহাইয়ের ইয়াংশান বন্দর থেকে সব জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে এবং ইয়াংজি নদী বদ্বীপ অঞ্চলের কিছু ট্রেন পরিষেবা রবিবার থেকে স্থগিত করা হবে।

এদিকে, টাইফুনের কারণে তাইওয়ান ৬৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে বলে সরকার জানায়। এ সপ্তাহে দ্বীপটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও, শনিবার পর্যন্ত কর্তৃপক্ষ কোনো এলাকা খালি করার নির্দেশ দেয়নি। চীন নির্দেশ দিয়েছে, টাইফুনের কারণে তাইওয়ান প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে অবশ্যই তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ নির্দেশিকা মেনে চলতে হবে। তাইপেই এই পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। তারা আন্তর্জাতিক জলসীমায় চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের কোনো অধিকার বেইজিংয়ের নেই বলে দাবি করেছে।

চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে মনে করে এবং কৌশলগত এই প্রণালীর ওপর নিজেদের মালিকানা দাবি করে। তবে তাইপেই সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
৫১ শতাংশ শিক্ষার্থীই পড়তে ও গুনতে পারে না,

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দ্বাদশ শ্রেণী পাস করেছে কিন্তু তার শিক্ষার মান হচ্ছে সপ্তম শ্রেণীর পর্যায়। অধিকাংশ শিক্ষার্থী না পারে পড়তে, না পারে গুনতে, প্রায় ৫১ শতাংশ অর্থাৎ অর্ধেকের বেশি শিক্ষার্থী পড়তে পারে না। যুব সমাজের ৪০ শতাংশ না আছে শিক্ষা প্রতিষ্ঠানে, না আছে কর্মসংস্থানে, না আছে প্রশিক্ষণে, তার মধ্যে আবার ৬০ শতাংশ নারী।

শনিবার দুপুরের রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্কুল বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানেটারি ন্যাপকিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আরো বলেন, পতিত সরকার শিক্ষাকে পঙ্গু করেছে, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সেজন্য এই যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে। একদিকে যেমন অর্থ লুট করেছে অন্যদিকে যাতে ভবিষ্যতের বংশধর গড়ে না উঠতে পারে সেজন্য শিক্ষাকে সবচেয়ে অবহেলিত খাদ হিসাবে পতিত সরকার রেখেগেছে।

শিক্ষা প্রতিষ্ঠানে লুট করার উদ্দেশ্যে সেখানে কিছু বিল্ডিং তৈরি করেছে। যে বাংলাদেশের মাধ্যমে আপনি সামনের দিকে অগ্রযাত্রা নিশ্চিত করবেন, সেটাকে সমূলে উৎপাদিত করা কোন রাষ্ট্রের তাবেদারী করার জন্য এ কাজ করা হয়েছে। যার কারণে পতিত সরকার সে তার স্থানে নেই পালিয়ে বেড়াতে হচ্ছে।

তিনি আরো বলেন, একটা ভয়ের সংস্কৃতি চালু হয়েছে যে আমরা কেন শিক্ষায় হাত দিচ্ছি, মানুষকে তো মুক্ত করতে হবে, মানুষকে স্বাধীন করতে হবে, মানুষের অধিকারের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে, মানুষকে নিজের পায়ে সম্মানসহ দাঁড়াতে হবে এই কাজটা কেবল শিক্ষাই করতে পারে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে সবার আগে বাংলাদেশ, সবার আগে যদি বাংলাদেশ গড়তে হয় তাহলে সবাইকে নিয়ে বাংলাদেশ করতে হবে, সবার জন্য বাংলাদেশ গড়তে হবে, সেটা করতে যেমন এক দিকে দক্ষ জনশক্তি লাগবে, সুস্বাস্থ্যের জনশক্তি লাগবে, পুষ্টিকর জনশক্তি লাগবে, অধিকাংশ মানুষের অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ সমতাভিত্তিক সমাজ যদি গড়ে তুলতে হয় তাহলে সেখানে আমাদের শিক্ষায় অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রিড়া সামগ্রী বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে টেকসই: ফকির মাহবুব আনাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


তরুণদের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে টেকসই: ফকির মাহবুব আনাম

গাজীপুর, ৮ আগস্ট, ২০২৬ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, সততা, সৃজনশীলতা এবং দেশপ্রেমই আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।

আজ শনিবার গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) ক্যাম্পাসে আয়োজিত ‘রোবোফিউশন ১.০-ন্যাশনাল রোবোটিক্স ফেস্টিভ্যাল’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের মূল লক্ষ্য শুধু প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া নয়; বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে আমাদের তরুণরা প্রযুক্তির ব্যবহারকারী থেকে প্রযুক্তির উদ্ভাবকে পরিণত হবে।’

‘সে লক্ষ্যেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন, গবেষণা, স্টার্টআপ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছি,’ যোগ করেন তিনি।

ফকির মাহবুব আনাম বলেন, জাতীয় উন্নয়নের অন্যতম লক্ষ্য হচ্ছে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং উদ্ভাবনকেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা সৃষ্টি এখন সবচেয়ে বড় প্রয়োজন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পাঠদান বা ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এগুলোকে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠান সহযোগিতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

মন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর প্রযুক্তিগত সাফল্যের পেছনে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবন মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশেও বিশ্ববিদ্যালয়গুলোকে সেই ভূমিকা আরও শক্তিশালীভাবে পালন করতে হবে।

তিনি বলেন, বিশ্ব আজ প্রযুক্তিগত রূপান্তরের এক অভূতপূর্ব সময় অতিক্রম করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, অটোমেশন, ইন্টারনেট অব থিংস (আইওটি), ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং কোয়ান্টাম কম্পিউটিং আগামী দিনের অর্থনীতি, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থানের ভিত্তি নির্ধারণ করছে। বাংলাদেশও এই বৈশ্বিক পরিবর্তনের অংশীদার।

মন্ত্রী জানান, বাংলাদেশের শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি শিক্ষা, গবেষণা, রোবোটিক্স, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমাদের সরকারের ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার একটি আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবার জন্য ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে একটি দক্ষ, যুগোপযোগী মানবসম্পদ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। যেখানে সমাজের কোনো শ্রেণি অবহেলিত থাকবে না, পিছিয়ে পড়বে না।’

মন্ত্রী বলেন, ইতোমধ্যে তথ্যপ্রযুক্তি খাতে সরকার বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে, যার সুফল মানুষ ভোগ করছে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সম্প্রসারণে সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ন্যানোটেকনোলজি ও সেমিকন্ডাক্টর খাতে সরকার বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে এ খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমাদের জন্য প্রয়োজন গবেষণা ও উদ্ভাবন। প্রযুক্তিকে শুধু ব্যবহার করো না; প্রযুক্তি উদ্ভাবন করো। তোমাদের গবেষণাগার থেকে বেরিয়ে আসুক নতুন প্রযুক্তি। তোমাদের উদ্ভাবন থেকেই জন্ম নিক নতুন স্টার্টআপ।

তিনি বলেন, আমাদের প্রয়োজন এমন তরুণ, যারা শুধু চাকরির জন্য প্রস্তুত হবে না; বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গড়ে তুলবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতার পরিচয় তুলে ধরবে।

মন্ত্রী বলেন, সরকার প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে ধারাবাহিকভাবে গুরুত্ব দিয়ে যাচ্ছে। বিশেষ করে গবেষণা ও উদ্ভাবনে উৎসাহ প্রদান, প্রযুক্তি উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টি, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির সম্প্রসারণ, সরকারি সেবা সহজীকরণ ও সম্প্রসারণ, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনকে স্টার্টআপের মাধ্যমে সফল উদ্যোগে রূপ দেওয়ার ক্ষেত্রে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

ফকির মাহবুব আনাম বলেন, ছোট ছোট উদ্ভাবনগুলোকে সফল উদ্যোগে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড ঘোষণা করেছেন। এ ফান্ড ব্যবহার করে আমরা প্রত্যেকটি সম্ভাবনাময় উদ্ভাবনকে উদ্যোগে রূপান্তর করে তার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলে একটি শক্তিশালী উদ্ভাবন-ইকোসিস্টেম নির্মাণে সরকার কাজ করছে। ‘রোবোফিউশন ১.০’-এর মতো আয়োজন এ অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশের তরুণদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব কোম্পানি হাইটেক পার্কে জায়গা বরাদ্দ নিয়ে এখন পর্যন্ত শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেনি, তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কটি আমাদের মন্ত্রণালয়ের অধীনে একটি ফ্ল্যাগশিপ হাইটেক পার্ক। এতে বিনিয়োগের জন্য ইউরোপ, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগের প্রস্তাব এসেছে। তাদের এই পার্কে জায়গা দিতে হবে।

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলেও বক্তৃতায় উল্লেখ করেন মন্ত্রী।

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম এ মুবিন খান প্রমুখ।

স্থানীয় সংসদ সদস্য বিশ্ববিদ্যালয়ের জন্য স্বল্প সময়ের মধ্যে একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জোর দাবি জানান।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক, শিল্পখাতের প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সদস্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, উদ্ভাবক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, গণমাধ্যমকর্মী এবং ইউএফটিবি রোবোটিক্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%