ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবিতে বিক্ষোভ: ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগান


ঢাবিতে বিক্ষোভ: ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগান

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে তীব্র বৃষ্টির মধ্যেও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।

সোমবার (১০ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এই বিক্ষোভে ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, ‘বাণিজ্য নয় শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘টাকা নয় মেধা, মেধা মেধা’, ‘কমিটি নয় মেধা, মেধা মেধা’, ‘চাচা নয় চাকরি, চাকরি চাকরি’ এবং ‘মামা নয় চাকরি, চাকরি চাকরি’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

বিক্ষোভ সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা না হলে জুলাই আন্দোলনের চেয়েও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, শিক্ষার্থী ও বেকার যুবকদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

ডাকসুর ভিপি বলেন, ‘এই অন্যায় ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাব, আপনারা প্রত্যেকটি জায়গায় অন্যায্য কমিটি-বাণিজ্যের বিরুদ্ধে এবং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন।’

তিনি বলেন, এনটিআরসিএর মাধ্যমে যেভাবে আগে স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতো, সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে। ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দ্রুত বাতিল করতে হবে।

সরকারের উদ্দেশে সাদিক কায়েম বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে এই অন্যায্য সিদ্ধান্ত বাতিল করুন। শিক্ষার্থী ও বেকার যুবকদের পেটে লাথি দিয়ে নেওয়া এই সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’

আরও পড়ুন: বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত বাতিল না হলে বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। জুলাই বিপ্লবে যেভাবে রাজপথে নেমেছিলাম, তার চেয়েও শক্তিশালীভাবে রাজপথে নেমে শিক্ষার্থীদের দাবি আদায় করব।’

ডাকসুর নেতারা অভিযোগ করে বলেন, এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের পরিবর্তে স্থানীয় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হতে পারে। এতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের পরিবর্তে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা তুলে দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য তৈরি করতে পারে। তাদের দাবি, প্রতিষ্ঠানভিত্তিক কমিটির মাধ্যমে নিয়োগ হলে প্রার্থীদের মেধা ও যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক লেনদেন কিংবা ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হবে। অতীতে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়ম ও জাল সনদের অভিযোগ সামনে এসেছে। এমন পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া আবার স্থানীয় কমিটির হাতে তুলে দেওয়া হলে অনিয়মের সুযোগ আরও বাড়তে পারে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকারের সমালোচনা করে বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি বড় ধরনের বিজয় অর্জন করেছে। যারা নির্বাচনে জয়ী হতে পারেননি, তাদের অনেককেই বিভিন্ন দায়িত্বে বসানো হয়েছে। শুধু দলের শীর্ষ নেতাদের কপাল ফিরলে হবে না- এবার শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে তুলে দিয়ে দলের তৃণমূল নেতাদেরও ‘ব্যবস্থা’ করা হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। সর্বমিত্র চাকমা সরকারকে এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

আরও পড়ুন: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত

মঙ্গলবার ছাত্র জমায়েত

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকসু পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরিপ্রত্যাশীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর নেতারা।

ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষক নিয়োগে মেধাভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করাই তাদের আন্দোলনের মূল লক্ষ্য। এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়োগের পরিবর্তে প্রতিষ্ঠানভিত্তিক কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে অনিয়ম ও স্বজনপ্রীতির আশঙ্কা তৈরি হতে পারে বলেও তারা মনে করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ঘিরে আন্দোলন

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে অর্থ আত্মসাত: ইনু ও হাছানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

এর আগে গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই সিদ্ধান্তটি বাতিলের দাবিতে বিভিন্ন পর্যায়ে প্রতিবাদ ও কর্মসূচি পালনের ঘোষণা আসছে।

এদিন ডাকসুর পাশাপাশি জাতীয় ছাত্রশক্তি ও শিক্ষার্থীদের একটি অংশও একই দাবিতে পৃথক কর্মসূচি ঘোষণা করে। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ডাকসু। একই স্থানে সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিলের ডাক দেয় জাতীয় ছাত্রশক্তি। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

শিক্ষার্থীদের দাবি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং নিয়োগ প্রক্রিয়াকে রাজনৈতিক ও আর্থিক প্রভাবমুক্ত রাখতে হবে। অন্যদিকে, ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হবে বলে আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুন: মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৯ এম


রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১৩

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে রাশিয়ায় বেসামরিক হতাহতের দিক থেকে এটি অন্যতম বড় হামলা। সোমবার রুশ কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি অনুসারে, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তানে তাতনেফটের তানেকো তেল শোধনাগারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পর শোধনাগারটিতে আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থাপনাটির ওপর থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

এদিকে, রুশ তদন্তকারীরা হামলাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন। তাদের অভিযোগ হলো ইউক্রেনীয় বাহিনী আবাসিক এলাকার ওপরও হামলা চালিয়েছে। নিহতদের ঘটনায় তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ শোক জানিয়েছেন বলে নিঝনেকামস্কের মেয়র টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান।

তানেকো তেল শোধনাগারটি এর আগেও ইউক্রেনের হামলার শিকার হয়েছে। গত জুনের শুরুতে একই স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ইউক্রেন কয়েক মাস ধরে রাশিয়ার জ্বালানি খাতের ওপর চাপ বাড়ানোর জন্য দেশের বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। এসব হামলাগুলোর কারণে রাশিয়ার কিছু অঞ্চলে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদেশ থেকে জ্বালানি আমদানির পথও বেছে নিয়েছে মস্কো।

এর আগে রোববারও রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। খারকিভে রুশ হামলায় তিনজন এবং রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

দুুই দেশই বরাবর বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্য বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ম গ্রেডসহ পাঁচ দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৭ এম


১০ম গ্রেডসহ পাঁচ দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন

ডেন্টাল ডিপ্লোমাধারী শিক্ষার্থী এবং পেশাজীবীরা পাঁচটি দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, যার মধ্যে দশম গ্রেডের দাবি উল্লেখযোগ্য।

সংবাদ সম্মেলনটি ১০ আগস্ট সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। এখানে পেশাগত নিবন্ধন, কোর্সের নাম পরিবর্তন, উচ্চশিক্ষার সুযোগ পুনরায় চালু, সরকারি নিয়োগ ও নতুন পদ সৃষ্টি এবং অন্যান্য সমমানের ডিপ্লোমাধারীদের মতো দশম গ্রেডের দাবিগুলো তুলে ধরা হয়।

সংগঠনের আহ্বায়ক তানভীর আহমেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চূড়ান্ত করা ওয়ার্কিং সার্কেলের আওতায় তৃণমূল পর্যায়ে দন্তসেবা দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু পেশাগত নিবন্ধন না থাকার কারণে ডেন্টাল ডিপ্লোমাধারীরা বিভিন্ন পেশাগত প্রতিবন্ধকতা এবং হয়রানির শিকার হচ্ছেন।

সংগঠনের মুখপাত্র তানজিনা ইয়াসমিন মারিয়া বলেন, দাবি আদায়ের জন্য ধারাবাহিক কর্মসূচি ঘোষণার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ১২ আগস্ট সংশ্লিষ্ট অধ্যক্ষদের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

এছাড়া ১৬ আগস্টে একটি ছাত্র-পেশাজীবী সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। ১৯ আগস্ট সংশ্লিষ্ট জেলা প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন এবং ‘র‍্যালি ফর রিকগনিশন’ অনুষ্ঠিত হবে। ২৩ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং ৩০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সফলভাবে শেষে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলগালা হোটেলেই চলছিল ‘অনৈতিক কর্মকাণ্ড’, আটক ২০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ এম


সিলগালা হোটেলেই চলছিল ‘অনৈতিক কর্মকাণ্ড’, আটক ২০

বগুড়ায় সিলগালা করে দেওয়া ‘অবকাশ’ নামের একটি অনিবন্ধিত আবাসিক হোটেলে অনৈতিক ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরের তিনমাথা রেলগেট এলাকার ওই হোটেলটিতে অভিযান চালিয়ে ২০ জন নারী-পুরুষকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল পরিচালনার সঙ্গে জড়িত ৪ জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, তিনমাথা রেলগেটসংলগ্ন আদর্শ কলেজ গেট এলাকার ‘হোটেল অবকাশ’ নামের ওই আবাসিক হোটেলটির কোনো বৈধ নিবন্ধন নেই। অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছিল।

কিন্তু হোটেল কর্তৃপক্ষ প্রশাসনের সেই সিলগালা পাশ কাটিয়ে অন্য পাশে নতুন একটি পকেট গেট তৈরি করে। এরপর বাইরে থেকে তালা ঝুলিয়ে ভেতরে গোপনে অনৈতিক ব্যবসা ও মাদক সেবনের আসর চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা হোটেলটি ঘেরাও করেন। পরে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় হোটেলের নতুন গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করেন অভিযান পরিচালনাকারীরা। দীর্ঘ সময় ধরে হোটেলের বিভিন্ন কক্ষ ও ছাদে তল্লাশি চালিয়ে পাশে অন্য একটি ভবনের ছাদ থেকে ১৪ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ২০ জনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জাম ও বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা আবু হাসান ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে এ হোটেলটিতে নানা রকম অনৈতিক কাজ চলত। প্রশাসন সিলগালা করার পরও তারা গোপনে এই ব্যবসা সচল রাখে।

আমরা কেবল সাময়িক অভিযান নয়, বরং এই অনৈতিক আখড়াটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

অভিযান শেষে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজন অবৈধভাবে হোটেল পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত। নিবন্ধনহীন হোটেল সিলগালা করার পরও তা ভেঙে পুনরায় অবৈধভাবে চালু করায় ওই চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৬ জনের মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ। অনৈতিক কর্মকাণ্ড ও মাদক রাখার দায়ে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

অভিযানের বিষয়ে র‍্যাব-১২ বগুড়ার কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, হোটেলটি সিলগালা থাকার পরও বাইপাস পদ্ধতিতে বিকল্প গেট বানিয়ে ভেতরে অনৈতিক কার্যক্রম চালানো হচ্ছে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। হাতেনাতে প্রমাণ পাওয়ার পর জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। হোটেলের কক্ষ ও ছাদ থেকে মাদকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

শহরের অন্য কোনো অননুমোদিত হোটেলে এ ধরনের কাজ চললে সেখানেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবন করে মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৮ এম


মাদক সেবন করে মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবন করার কারণে মা-কে মারধরের অপরাধে রায়হান আহমেদ (২৭) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

এ ঘটনা ঘটেছে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোছাপাড়া গ্রামে। সেখানে অভিযান চালিয়ে আদালত এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রায়হান আহমেদ উপজেলার গোছাপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোছাপাড়া গ্রামে আসলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা ছিল। এই অভিযানের প্রতিবেদনে রায়হান আহমেদকে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের অভিযোগে আটক করার বিষয়টি উল্লেখ রয়েছে। সেইসঙ্গে নতুন করে মাদক সেবন করে মাকে মারধরের বিষয়টিও উঠে আসে।

পরে, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রায়হান আহমেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই কার্যক্রমের সময় চুনারুঘাট থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এ সম্পর্কে ইউএনও গালিব চৌধুরী মন্তব্য করেছেন যে, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক সেবনের কারণে পারিবারিক সহিংসতা ও সামাজিক অপরাধ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যদি মাদক সেবন, বিক্রি বা সংরক্ষণের সঙ্গে জড়িত থাকে, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গালিব চৌধুরী আরও জানান, মাদকমুক্ত চুনারুঘাট গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%