ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে স্থান পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী


টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে স্থান পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্দেশ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি উপজেলার তিল্লি, ফুকুরহাটি ও হরগজ এলাকায় সম্ভাব্য স্থানগুলো পর্যবেক্ষণ করেন। এই সময়ে তিনি স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগব্যবস্থা ও সার্বিক পরিবেশ পর্যালোচনা করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন: আইনজীবী নেতাদের কাছে চাঁদা দাবি, মোল্লা ইয়ামিন ও তার পরিবার গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো সময় ইসরাইলে হামলা, হিজবুল্লাহসহ আঞ্চলিক মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


যেকোনো সময় ইসরাইলে হামলা, হিজবুল্লাহসহ আঞ্চলিক মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে, ইরান তাদের অন্যান্য আঞ্চলিক মিত্রদেরও প্রস্তুত থাকতে বলেছে। এ অবস্থায়, ইসরাইলের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফ্রেযার (১৭ জুলাই) লেবাননের দৈনিক নিদা আল ওয়াতান-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ইরান-সমর্থিত আঞ্চলিক জোট ‘অ্যাক্সিস অব রেজিসট্যান্স’ বা ‘প্রতিরোধ বলয়’-এর নেতারা তাদের মিত্রদের জানিয়েছেন যে, অপেক্ষার সময় প্রায় শেষ হয়ে আসছে। এখন সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়াটাই তাদের প্রধান অগ্রাধিকার।

গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরু হলে, এর ফলে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। সম্প্রতি তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠিত বৈঠক থেকে এই তথ্য বের হয়ে এসেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরাইল এখন পর্যন্ত এই সংঘাতে জড়িত হয়নি এবং ইরানও সরাসরি সেখানে হামলা করেনি। কিন্তু এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে যদি হিজবুল্লাহ পুনরায় ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায়। ইরান হিজবুল্লাহকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছে যাতে তারা যেকোনো চরম উত্তেজনাকর পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে।

ইরানিয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, ভবিষ্যতের যেকোনো সংঘাত অতীতের যেকোনো লড়াইয়ের তুলনায় অনেক বেশি ব্যাপক ও ভয়াবহ হতে পারে। 'নিদা আল ওয়াতান' তাদের প্রতিবেদনে যোগ করেছে যে, সাম্প্রতিক মাসগুলোতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বিপর্যয়ের মুখে পড়লেও, তেহরান এখনও হিজবুল্লাহকে তাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্পদ বলে মনে করে।

গত ২ মার্চ ইসরাইলে হামলা করে, হিজবুল্লাহ বৃহত্তর আঞ্চলিক সংঘাতে যোগ দেয় এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনীতির বিরোধিতা করে।

হিজবুল্লাহর এসব হামলার প্রতিশোধ নিতে ইসরাইলও তাদের বিরুদ্ধে ভারী বিমান হামলা চালাচ্ছে। ইতিমধ্যে, দক্ষিণ লেবাননে একটি বাফার জোনের মাধ্যমে হিজবুল্লাহকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। ২০২৪ সালের একটি সংঘাতে ইসরাইল হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করেছিল। অন্যান্য সশস্ত্র গোষ্ঠী, যেমন ইয়েমেনের হুতিরাও ইসরাইলে হামলা চালিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির ঘটনায় তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

জামালপুর প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির ঘটনায়  তদন্তে পুলিশ

জামালপুরের সাংবাদিক মাসুদুর রহমানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগের তদন্তের নির্দেশের পর তদন্ত শুরু করেছে জামালপুর সদর থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুর ৩ টায় সদর থানার এএসআই খোকন মিয়া জানিয়েছেন, হুমকি দাতার নাম যাচাই বাচাই করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। গত সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে জামালপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এই আবেদনটি গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মাসুদুর রহমান বর্তমানে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদকও।

জানা যায়, গত ৪ জুলাই মাদারগঞ্জ উপজেলার বালিঝুড়ি পশ্চিমপাড়া এলাকার লেবু মিয়ার ছেলে তামিম আহমেদ সবুজ (ওরফে পিচ্চি সবুজ) (৩৫)-কে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মাসুদুর রহমান। ওই সংবাদটিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী তথা নিজেকে জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি পরিচয়দানকারী তামিম আহমেদ সবুজের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনা তুলে ধরা হয়। তিনি মাদারগঞ্জ এ.এইচ.জেড. সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত। ‘স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থীর ভিডিও ভাইরাল, চলছে আলোচনা-সমালোচনা’ শিরোনামে প্রকাশিত ওই সংবাদটি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং সাংবাদিক মাসুদুর রহমানের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত হয়। পরদিন ৫ জুলাই বিষয়টি মাদারগঞ্জ উপজেলা বিএনপির নজরে আসলে, দলটির পক্ষ থেকে তামিম আহমেদ সবুজকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জিডির তদন্ত আবেদনে অভিযোগে বলা হয়েছে, ওই সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ৫ জুলাই সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে জামালপুর শহরের মালগুদাম রোড এলাকায় অবস্থানকালে তামিম আহমেদ সবুজ তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬১৭-৮২২৮৪৫ থেকে সাংবাদিক মাসুদুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৯৭৮-৫০৫২৪৪-এ কল ও বার্তা পাঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এই ঘটনায় সাংবাদিক মাসুদুর রহমান ৫ জুলাই জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৫২, তারিখ: ০৫/০৭/২০২৬) করেন।

উল্লেখ্য যে, অভিযুক্ত তামিম আহমেদ সবুজের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণ, চাঁদাবাজি, সাধারণ মানুষ ও নারীদের মারধর, ব্ল্যাকমেইল করে ভিডিও ধারণের মাধ্যমে অর্থ আদায়ের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করারও অভিযোগ করা হয়েছে। উপজেলা বিএনপি তামিম আহমেদ সবুজকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিলেও রহস্যজনক কারণে মানছেন না তিনি এবং দলের নাম ভাঙিয়ে এখনো বিভিন্ন অপকর্মে যুক্ত রয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক মাসুদুর রহমান বলেন, “সংবাদ প্রকাশের পর থেকেই তামিম আহমেদ সবুজ আমাকে হোয়াটসঅ্যাপে বারবার কল ও মেসেজ দিয়ে সংবাদ ও ফেসবুক পোস্টটি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন এবং বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। আমি তাকে জানাই, সংবাদ বা পোস্ট সরানো সম্ভব নয়। যদি তার কোনো বক্তব্য বা প্রতিবাদ থাকে, তাহলে তা মাদারগঞ্জের স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করতে পারেন। কিন্তু পরদিন তিনি আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেন এবং মেসেজের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে আমি জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করি।” তিনি আরও জানান, “থানার পক্ষ থেকে এএসআই খোকন মিয়া বিষয়টি তদন্তের জন্য প্রয়োজনীয় আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।” এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব বলেন, তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষের দ্বন্দ্বে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ এখন ‘মশার খামার’!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


ঘুষের দ্বন্দ্বে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ এখন ‘মশার খামার’!

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট নতুন অ্যাকাডেমিক ভবনের নির্মাণকাজ এখন সম্পূর্ণ থমকে গেছে, এর পেছনে রয়েছে নির্মাণ কাজের গুণগত মান বনাম পার্সেন্টেজ বা ঘুষের দ্বন্দ্ব। ঠিকাদারের অভিযোগ, তিনি ৫ থেকে ৭ শতাংশ কমিশন (পিসি) না দেওয়ার ফলস্বরূপ প্রকৌশলী অন্যায়ভাবে কাজে বাধা দিচ্ছেন। আর অন্যদিকে, প্রকৌশলীর দাবি, কাজটি বন্ধ রাখা হয়েছে কারণ নির্মাণ সামগ্রী অত্যন্ত নিম্নমানের।

কর্তৃপক্ষ ও ঠিকাদারের এই বিপরীতমুখী অবস্থানের কারণে ৬ কোটি ৮৮ লাখ টাকার এই বড় প্রকল্পটি বর্তমানে মাঝপথে ঝুলে রয়েছে, যার খেসারত দিতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের।

কাজ বন্ধ থাকার বিষয় নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইডেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল আলম সরাসরি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠিয়েছেন। তিনি জানান, তারা সম্পূর্ণ উৎকৃষ্ট মানের বালু ও পাথর সরবরাহ করা সত্ত্বেও তাদের বেজমেন্ট ঢালাইয়ের অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, কাজের মোট বাজেটের ৫ থেকে ৭ পার্সেন্ট কমিশন না দেওয়ার কারণে একটি অদৃশ্য কারণে এই বাধা সৃষ্টি হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে কাজে দীর্ঘসূত্রিতা তৈরি করা হচ্ছে।

রেজাউল আলম জানান, যদি বালু ও পাথরের মান খারাপ হয় তবে তা পরিবর্তন করে দেওয়ার বিষয়টি তারা আগ্রহী।

অন্যদিকে, ঠিকাদারের আনা ঘুষের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার দাবি, কাজের মান খারাপ হওয়াতেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায় বলেন, কাজের মান নিয়ে তারা কোনো আপোশ করতে প্রস্তুত নয়। তিনি জানান, ঠিকাদারের সরবরাহ করা সামগ্রী মানসম্মত নয়। যদি তিনি নিয়ম অনুসারে সঠিক মানের সামগ্রী সরবরাহ না করেন, তবে দ্রুতই তার কার্যাদেশ বাতিল করা হবে এবং নতুন ঠিকাদার নিয়োগ করে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এদিকে, দুই পক্ষের এই রেষারেষিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে তৈরি হয়েছে চরম অসুবিধা। সরেজমিনে দেখা গেছে, মাঠের সিংহভাগ জুড়ে দিন দিন পড়ে আছে বালু ও পাথরের বিশাল স্তূপ। এর ফলে দুর্ভোগে রয়েছে বিদ্যালয়ের প্রারম্ভিক সমাবেশ (অ্যাসেম্বলি) এবং এতে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের খেলাধুলা ও অবাধ বিচরণ। সামান্য বাতাসে পুরো মাঠ ধূলিময় হয়ে ওঠায় শিক্ষার্থীরা ধুলোবালির জন্য সমস্যায় পড়ছেন।

এছাড়াও, নতুন ভবনের বেজমেন্ট তৈরির জন্য খনন করা গভীর গর্তে বৃষ্টির পানি জমে কৃত্রিম ডোবার সৃষ্টি হয়েছে। সেখানে যেমন খেলার ছলে শিশুদের পড়ে যাওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে, তেমনি জমে থাকা নোংরা পানি পরিণত হয়েছে মশার নিরাপদ প্রজননক্ষেত্রে।

বিদ্যালয়ের এই পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন জানান, কর্তৃপক্ষ ও ঠিকাদারের এই অচলাবস্থার কারণে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম বর্তমানে সংকটে পড়েছে। মাঠের এই জটের কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। তিনি শীঘ্রই এই সংকটের সমাধান চেয়ে বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকা শহরে আরও ৫০টি স্পটের জন্য অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক একটি বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান। বৈঠকটিতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বায়ু এবং শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনে গুরুত্ব আরোপ করেন।

এ সময় রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিশেষ আলোচনা হয়। আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার মতো প্রযুক্তি কীভাবে হর্ণ নিয়ন্ত্রণে ব্যবহার করা যায়, সে বিষয়েও আলাপ-আলোচনা হয়।

বৈঠকের সময় প্রধানমন্ত্রী ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া, রাজধানীর আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%