০৮:২৬ পি.এম
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও হুকুমদাতাকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৩ জুলাই) র্যাবের একটি যৌথ দল আলাদা অভিযানে জামালপুর ও ময়মনসিংহ থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. সুমন (২৫) এবং ঘটনার হুকুমদাতা মো. শহীদ (৫৯)।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
র্যাব-২ জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-২ এবং র্যাব-১৪-এর একটি যৌথ দল আজ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জামালপুর সদর থানা এলাকা থেকে প্রধান আসামি সুমনকে এবং ময়মনসিংহের নান্দাইল থেকে শহীদকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার সুমনের বিরুদ্ধে আগে থেকেই রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানায় মাদক এবং ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুটি মামলা রয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার গ্রুপের সঙ্গে স্থানীয় রিপন ও পারভেজ গ্রুপের মারামারি হয়।
এই বিরোধ মীমাংসার জন্য গত বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উভয় পক্ষ একটি সালিশ বৈঠকে বসে। তবে সেখানে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাশারসহ কয়েকজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
আহতদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাশারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন