ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হ্যাচিং ডিম রপ্তানি শুরু


প্রথমবারের মতো বাংলাদেশ থেকে হ্যাচিং ডিম রপ্তানি শুরু

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ার উদ্দেশ্যে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম বা হ্যাচিং এগ (উর্বর ডিম) রপ্তানি করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড এর মাধ্যমে ১০ হাজার ৪৪০টি ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করা হয়েছে।

রোববার (২৮ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানি করা ডিমগুলো ‘রস ৩০৮ ব্রয়লার’ (প্যারেন্ট হ্যাচিং এগস) জাতের। এই রপ্তানি করা ডিমের চালানের মূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার। আর এটাই বর্তমান সরকারের সময়ে করা প্রথম হ্যাচিং এগ রপ্তানি চালান।

আরও পড়ুন: কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক মো. শামিম আটক

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী করার লক্ষ্যে কাজ করছেন। তার নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হবে। আজকের এই রপ্তানি কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়, এটি দেশের সক্ষমতারই প্রতিফলন। এটি শুধুই একটি বাণিজ্যিক কার্যক্রম নয় বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আশাবাদী যে, ভবিষ্যতে এই রপ্তানির পরিধি আরও সম্প্রসারিত হবে, এবং বাংলাদেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান মন্তব্য করেন, হ্যাচিং ডিম রপ্তানি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও রপ্তানিমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সরকারের রপ্তানি বহুমুখীকরণ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান প্রাণিসম্পদ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, পরীক্ষামূলক এই চালান সফল হলে ভবিষ্যতে হ্যাচিং ডিমের পাশাপাশি খাদ্যোপযোগী (টেবিল) ডিমও নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:২২ পি.এম


বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের প্রস্তাব

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বরাদ্দপত্র হস্তান্তর করেন।

সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

বরাদ্দপত্র গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও রেলপথের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ জানিয়েছেন যে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সড়ক ও রেলপথ খাতের উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, নিরাপদ এবং গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন মেগা প্রকল্পের বাস্তবায়ন করা হবে।

রবিবার, জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে প্রায় ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ব্যয় হবে ৩০ হাজার ৭৪১ কোটি টাকা। বর্তমানে দেশে ১০৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে ৩ হাজার কিলোমিটার আধুনিক এবং নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, পর্যটন এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।

রাজধানীর যানজট নিরসনের জন্য সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে হাবিবুর রশীদ বলেন, ঢাকার অভ্যন্তরীণ আন্তঃজেলা বাস টার্মিনালগুলো রাজধানীর বাইরে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল এবং বৈদ্যুতিক যানবাহন চালুর লক্ষ্যে কাজ চলছে। পরিবহন ব্যবস্থাকে দক্ষ এবং পরিবেশবান্ধব করতে সরকার পাঁচ লাখ দক্ষ চালক তৈরির পরিকল্পনাও বাস্তবায়ন করছে।

রেলপথ খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে এই খাতে প্রায় ৯ হাজার ৯৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই কাজ চলমান রয়েছে। পাশাপাশি প্রতিটি ট্রেনে ইন্টারনেট সেবা চালু, প্রতিটি রেলস্টেশনে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নতুন লোকোমোটিভ ও কোচ সংযোজনের কাজ এগিয়ে নেয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। এটি শুধুমাত্র আয়-ব্যয়ের হিসাব নয়, বরং আগামীর বাংলাদেশের উন্নয়নের রূপরেখা।

তারপর, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ভূয়সী প্রশংসা করেন, বলেন যে এ সফরের মাধ্যমে বাংলাদেশ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৯ এর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এলাকাটিতে এখনও বিভিন্ন স্থানে বাঁশের সাঁকো এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে এলাকার যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তী সরকারের আমলেই সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


অন্তর্বর্তী সরকারের আমলেই সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে এবং এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সবকিছু তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

 রোববার জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে তিনি এ মন্তব্যটি করেন।

 স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারেতে দেড় বছরের একটি অস্থির সময় ছিল। সেই সময় আমরা দেখেছি যে, যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন; ফরেন লোনের কথা বলছেন। এ অবস্থায়, তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন যে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সবকিছু তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিন।

তিনি আরো বলেন, করাপশন কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে—সর্বকিছু খুঁজে বের করা উচিত। কারণ, সম্প্রতি টিআইবি একটি রিপোর্ট দিয়েছে পত্রিকায়, যেখানে বলা হয়েছে—সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে।

এ সময় তিনি জানান, নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে সই করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি বাজেটের প্রশংসা, ‘সংস্কার ছাড়া কার্যকরী হবে না’ বিরোধী দলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


বিএনপি বাজেটের প্রশংসা, ‘সংস্কার ছাড়া কার্যকরী হবে না’ বিরোধী দলের দাবি

সরকারি দলের সংসদ সদস্যরা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে তারা সময়োপযোগী ও বাস্তবসম্মত বলে অভিহিত করেছেন। অন্যদিকে, বিরোধী দলটি বলেছে, জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন ছাড়া এই বাজেট কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়।

সরকারি দলের সদস্যদের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বাজেট মান বজায় রেখে মানবসম্পদ উন্নয়ন, জনকল্যাণ ও অর্থনৈতিক সংস্কারে যুগান্তকারী পরিবর্তন আনবে। তবে বিরোধী দলের অভিযোগ, জুলাই সনদে স্বাক্ষর করার পরেও সরকার সেখানে উল্লেখিত সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারেনি।

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা উল্লেখিত মন্তব্যগুলো করেন।

গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন। এতে আগামী অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে, যেখানে বিদায়ী অর্থবছরে প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, বাজেটে গৃহীত পরিকল্পনার সুফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নাও হতে পারে, তবে আগামী ছয় মাসের মধ্যে দেশবাসী এর ইতিবাচক প্রভাব দেখতে পাবেন বলে তার ধারণা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট একটি অত্যন্ত সংকটময় সময়ে ঘোষণা করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এই সংকট কাটিয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপি সর্বদা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং এবারও করবে। অর্থমন্ত্রীও একটি বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং তিনি সফলভাবে বাজেট বাস্তবায়ন করতে পারবেন বলেই আমাদের বিশ্বাস থাকে।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী এখনও ১৯৭১ সালে তাদের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চায়নি। জনগণের কাছে ক্ষমা চাইলে তাদের জন্য রাজনীতি আরও সহজ হতে পারে।

বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হওয়ার পরেও বিএনপি সরকার এখন পর্যন্ত কোনো সংস্কার বাস্তবায়ন করতে পারেনি। ফলে বাজেটে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়িত হবে, এমন বিশ্বাস করার কোনো কারণ নেই।

তিনি দুর্নীতি বন্ধ, জুলাই সনদ বাস্তবায়ন এবং অর্থপাচারে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান, যাতে বাজেট সফলভাবে বাস্তবায়িত হতে পারে।

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার ফারাক্কা ব্যারাজ থেকে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে কাজ করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি বিশেষ কারিগরি কমিটি এই বিষয়ে কাজ করছে। একই সাথে পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্পও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। প্রথম ধাপে ১৯ জেলার ১২০টি উপজেলা উপকৃত হবে এবং প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ২৬ জেলার ১৬৩টি উপজেলার প্রায় ৩৭ শতাংশ মানুষ এর সুফল পাবে।

তিস্তা ব্যারাজ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অন্তত পাঁচটি জেলার কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ওষুধ শিল্পের ৭৭টি কাঁচামালের ওপর শুল্ক কমানো এবং অব্যাহতির প্রস্তাব মানব চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে সহায়ক হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, সরকার সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চায়, এবং স্বাস্থ্য খাতে বরাদ্দও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের জনগণ চিকিৎসা ব্যয়ের প্রায় ৮০ শতাংশ নিজ পকেট থেকে বহন করে থাকে, যেখানে তুলনামূলকভাবে থাইল্যান্ডে এই হার ১০ শতাংশ এবং মালদ্বীপে ১৮ শতাংশ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, জ্বালানি খাতকে স্বনির্ভর করে তোলার জন্য আগামী বাজেটে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় অধিক। নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার জিডিপির প্রায় ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছে, যা ২০২৪-২৫ অর্থবছরে ১ দশমিক ৬৯ শতাংশ ছিল।

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে নিরাপদ হাতে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হলে মানুষের জীবনমান উন্নত হয়ে উঠবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমান সংসদে সরকার ও বিরোধী দল যে পারস্পরিক শ্রদ্ধার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা ভবিষ্যতের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বাজেটে ব্যয় কাঠামো নতুনভাবে বিন্যাস করা হয়েছে। সামাজিক অবকাঠামোয় ৩০ শতাংশ, ভৌত অবকাঠামোয় ১৮ শতাংশ এবং সাধারণ সেবায় ২৬ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

তিনি জানিয়েছেন, পরিচালন ব্যয় ৭২ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৬৬ দশমিক ৩ শতাংশে নামানো হয়েছে এবং উন্নয়ন ব্যয় ২৭ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ দশমিক ৭ শতাংশ করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, বাজেটে সড়ক ও মহাসড়ক খাতে ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন ব্যয়ে ব্যয় হবে ৩০ হাজার ৭৪১ কোটি টাকা।

তিনি জানান, বর্তমানে দেশে ১০৬টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং ভবিষ্যতে ৩ হাজার কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলের পাশাপাশি মনোরেলও নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাজেটকে নারীবান্ধব আখ্যা দিয়ে বলেছেন, এতে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, সমাজকল্যাণমূলক কর্মসূচিতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। তবে এসব সুবিধা যাতে প্রকৃত তৃণমূল মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং দেশের উন্নয়নের লক্ষ্য নিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এই বাজেট একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, এই বাজেট প্রাথমিক শিক্ষার সামগ্রিক চিত্র বদলে দেবে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ ১০টি গুরুত্বপূর্ণ খাতে সরকারের অগ্রাধিকার প্রশংসনীয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, জাতীয় ঐকমত্য বজায় থাকলে জুলাইয়ের চেতনা অক্ষুণ্ন থাকবে এবং কোনো অপশক্তি দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

বাজেট আলোচনায় সরকারি দলের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সফলতার জন্যও তাকে অভিনন্দন জানান।

এছাড়া আলোচনায় অংশ নেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন, হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, রাকিবুল ইসলাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান (রাজশাহী-২) ও এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%