০৭:১২ পি.এম
নগরীর পতেঙ্গায় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে নামানো একটি ট্রাক ইলেকট্রনিক্স পণ্যসহ দুই চোরাকারবারিকে কোস্টগার্ড আটক করেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে পতেঙ্গার ১০ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রনিক্স পণ্যসহ দু’জনের আটকের সত্যতা নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত।
তিনি আরো জানান, একটি অসাধু চক্র পতেঙ্গা ১০ নম্বর ঘাটে নোঙর করা বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণে ইলেকট্রনিক্স পণ্য খালাস এবং পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় ট্রাকটি থেকে আনুমানিক ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাই ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটর, একটি ডিপ ফ্রিজ, দু’টি ওয়াশিং মেশিন, একটি পোর্টেবল এসি, চারটি ফুল ইউনিট এসি এবং একটি আউটডোর এসি। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত দুই চোরাকারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনে লিপ্ত এমন চোরাচালান চক্রের বিরুদ্ধে কোস্টগার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন