১২:৪৯ এম
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদস্বরূপ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা-১৪ ও ১৫ আসন শাখা তাৎক্ষণিকভাবে বিশাল বিক্ষোভ মিছিল ও বাইক শোডাউন আয়োজন করেছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার পলাতক ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা মিরপুর ১০ এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে এবং এলাকার জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা-১৪ ও ১৫ আসনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল ও বাইক শোডাউনটি বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উত্তর থানার অফিস থেকে শুরু হয়ে মিরপুর ১, মিরপুর ২, মিরপুর ১০, কাজীপাড়া এবং শেওড়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মিরপুর ১০ নম্বর ঘটনাস্থলে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আরও পড়ুন: পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, যুবলীগ নেতার বাড়িতে আগুন
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য শাহআলম তুহিন, মিরপুর উত্তর থানার আমীর মুনিরুল ইসলাম মৃধা এবং শাহআলী থানার আমীর হাফিজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বাসে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান এবং নাশকতাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন