০৬:২৩ পি.এম
বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ‘ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬’-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে অবস্থান অর্জন করেছে। এই বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ৪০১–৬০০ ব্যান্ডে স্থান করে নিয়েছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে।
বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সেকশন অফিসার মো. রনি ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এবারের র্যাঙ্কিংয়ে ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন ১৭টি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক অবদানের ভিত্তিতে করা হয়।
আরও পড়ুন: ভোটের পাঁচ দিন আগে বাইশিমাস নির্বাচন স্থগিত, প্রার্থীদের প্রতিবাদ
প্রকাশিত ফলাফলে, গাকৃবি এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে ৭৪ দশমিক ৮ স্কোর নিয়ে বিশ্বে ৮২তম অবস্থান অর্জন করেছে। এছাড়া, এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮ দশমিক ৩ স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থান ৬৬তম। এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ৬৮ দশমিক ৫ থেকে ৭৪ দশমিক ৫ স্কোর অর্জন করে ১০১–২০০ ব্যান্ডে স্থান করে নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দাবি করেছে, গত বছর গাকৃবির বৈশ্বিক অবস্থান ৮০১–১০০০ ব্যান্ডে ছিল, কিন্তু মাত্র এক বছরের মধ্যে ৪০১–৬০০ ব্যান্ডে উন্নীত হওয়া এটি একাডেমিক উৎকর্ষ, গবেষণা সক্ষমতা এবং টেকসই উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শুধু টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে নয়, সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টি টিএইচই র্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান লাভ করেছে। এছাড়া, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৬-এর ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রিভেন ট্রান্সফার টেকনোলজি’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এও দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
এ অর্জনের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান জানান, এটি কেবল একটি র্যাঙ্কিংয়ের অর্জন নয়; বরং শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তিনি আরও বলেন, আজকের এই অর্জন আমাদের দায়িত্ব আরও বেড়ে দিয়েছে। আন্তর্জাতিকমানের শিক্ষা, গবেষণা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশের উন্নয়ন এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা আরও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন