০২:০৭ পি.এম
দেশের টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি)-এর নতুন পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন করা হয়েছে। উদ্ধৃতি: এতে যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নবগঠিত সাত সদস্যের কার্যনির্বাহী কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে টেকশহরের আল-আমিন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক সমকালের হাসনাইন ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিদায়ী সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সমীর কুমার দে, সময় টেলিভিশনের শুভ খান এবং দ্য ডেইলি স্টারের মাহমুদুল হাসান। টিআরএনবির দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্বাস ফারুক। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দিন মোহাম্মদ হাসান ভূঁইয়া ও ইসমাঈল হোসেন। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা বলেন, আগামী মেয়াদে দেশের দ্রুত বিকাশমান টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতাকে আরো শক্তিশালী করার পাশাপাশি সংগঠনের সদস্যদের পেশাগত দক্ষতা, উন্নয়ন ও কল্যাণে টিআরএনবিকে আরো কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন