০৬:৫২ পি.এম
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি ট্রলারসহ সাতজন জেলেকে আটক নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনা এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটক জেলেরা হচ্ছেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. ফায়সাল, সৈয়দুর রহমান, সৈয়দ আলম, মো. হেলাল, মো. জলিল, আজম উল্লাহ এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
স্থানীয় জেলে সুলতান আহমদ জানান, সোমবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকা থেকে এসে আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলারসহ সাতজন জেলেকে আটক করে নিয়ে যায়। আটক জেলেদের সকলের বাড়ি শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থিত।
তিনি আরো বলেন, জেলেরা প্রতিদিন নাফ নদীর ওই এলাকায় মাছ শিকার করেন। নদীতে সঠিকভাবে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত চিহ্নিত করা কঠিন হওয়ায় অনেক সময় জেলেরা ভুলবশত মিয়ানমার সীমান্তের দিকে চলে যান। এ সুযোগে আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় জেলেদের ধাওয়া করে ধরে নিয়ে যায়।
আরেক জেলে মো. আলী জানান, নাফ নদী এবং সাগরে মাছ ধরা এখন জেলেদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সব সময় আরাকান আর্মির আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে। সুযোগ পেলেই আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এ কারণে জেলেরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে জীবন-জীবিকা নির্বাহ করছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, শাহপরীর দ্বীপ এলাকায় সাতজন জেলেকে আরাকান আর্মি আটক করেছে বলে তিনি জানতে পেরেছেন। এই বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন