ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার


মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

মাদারীপুর সদর উপজেলার মিরাকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর থানার শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল মিরাকান্দি এলাকার মজিবর মেম্বারের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দলের কয়েকজন সদস্য একটি পিকআপ গাড়ি ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জসিম মোল্লা (৩০), পিতা হারেজ মোল্লা, গ্রাম মিরাকান্দি, থানা সালথা, জেলা ফরিদপুর এবং মজনু শেখ (৩৫), পিতা মুন্নাফ শেখ, গ্রাম পশ্চিম গঙ্গাবদ্দী, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর।

আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অভিযানকালে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার তৈরি কাটার এবং একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব সামগ্রীকে মামলার আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৫০, তারিখ ১৪ জুন ২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছে

দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের উত্তেজনা এবং সংঘাতের অবসানের পথও তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে এক বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ।

সোমবার (১৫ জুন) এই বিবৃতি প্রকাশ করে ইরান সমর্থিত গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়, লেবাননের হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানায়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক সাফল্যের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল এই চুক্তির আনুষ্ঠানিক অংশ নয় এবং তারা এতে স্বাক্ষরও করছে না। যদিও এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক দফা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে গেল রবিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের নতুন হামলার ঘটনায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অঞ্চলটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

ফলে অনেকের আশঙ্কা, পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলে সদ্য হওয়া এই সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে হল ছাড়ছেন জাকসু নেতৃবৃন্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে হল ছাড়ছেন জাকসু নেতৃবৃন্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামের প্রাতিষ্ঠানিক ছাত্রত্ব শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী, যখন ছাত্রত্ব শেষ হয় তখন ৭ কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হয়। নিয়ম অনুযায়ী ছাত্রত্ব শেষ হওয়ায় ইতোমধ্যে আবাসিক হল ছেড়েছেন জিএস। তবে শিক্ষা সফরে কিছুদিন চীনে অবস্থান করায়, হল ত্যাগের জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে স্বল্প সময় চেয়েছেন ভিপি।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা দুজনেই এই তথ্য জানান।

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, রেজিস্ট্রার এবং জাকসু, হল সংসদ ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

হল ছাড়ার বিষয় নিয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম জানান, "বিশ্ববিদ্যালয়ের নিয়মকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যেই হল ছেড়ে দিয়েছি। ইতিমধ্যে আমার বরাদ্দকৃত কক্ষে অন্য শিক্ষার্থীদের আসন বণ্টন করা হয়েছে।"

অন্যদিকে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, "আমি শিক্ষা সফরে কিছুদিন দেশের বাইরে ছিলাম। যার কারণে আমার কিছুটা প্রস্তুতির ঘাটতি রয়েছে। মালপত্র গোছগাছ করে এবং ক্যাম্পাসের বাইরে একটি বাসা ভাড়া নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আমি হল ছেড়ে দেব।"

সভায় উপস্থিত জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, "জাকসু জিএস যথাসময়ে হল ছেড়ে দিয়ে এক অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আশা করব, আগামী সাত দিনের মধ্যে ভিপিও হল ছেড়ে দিয়ে একই নজির স্থাপন করবেন।"

জাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, "জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর ছাত্রত্ব শেষ হয়েছে। তাই নৈতিক ও আইনিভাবে তার হলে অবস্থানের কোনো সুযোগ নেই। অতি দ্রুতই তার হল ছেড়ে দেওয়া উচিত।"

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, "ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অবশ্যই আবাসিক হল ত্যাগ করতে হবে। এখানে রাজনৈতিক পরিচয়ে হলে থাকার কোনো সুযোগ নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএলওতে অন্তর্ভুক্তিমূলক সংস্কারের আহ্বান বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


আইএলওতে অন্তর্ভুক্তিমূলক সংস্কারের আহ্বান বাংলাদেশের

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আরও প্রতিনিধিত্বমূলক এবং অন্তর্ভুক্তিমূলক করার জন্য আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী কর্মক্ষেত্রের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

মন্ত্রী নেদারল্যান্ডসের সামাজিক বিষয়ক ও কর্মসংস্থানমন্ত্রী ইয়োহানেস আলেকজান্ডার ভিলব্রিফের আয়োজিত একটি উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের মধ্যাহ্নভোজে অংশ নিয়ে এসব কথা বলেন।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন’র (আইএলসি) ফাঁকে আয়োজন করা হয়, এমন কথা জানানো হয় একটি বার্তায়।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ জেনেভা কার্যালয়ের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। এতে ব্রাজিল, কানাডা, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও আইএলও’র জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

আলোচনায় আরিফুল হক বৈশ্বিক শ্রম শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক করার গুরুত্ব তুলে ধরেন এবং আইএলও সংবিধানের সংশোধন সংক্রান্ত ১৯৮৬ সালের ইনস্ট্রুমেন্ট কার্যকর করার প্রতি সমর্থন জানান। তিনি জানান, আরও প্রতিনিধিত্বমূলক সংস্থা এর বৈধতা ও কার্যকারিতা বাড়াবে।

তিনি বলেন, আইএলও শ্রম অধিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনে কর্মীদের সক্ষম করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে, যাতে তারা বৈশ্বিক অর্থনীতিতে আরও কার্যকরভাবে অংশ নিতে পারে।

তিনি শ্রম অভিবাসনকে একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে উল্লেখ করে নিরাপদ, নিয়মিত এবং সুশৃঙ্খল শ্রম চলাচলের সুযোগ উন্নয়নে আইএলওকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ নেদারল্যান্ডসের এই উদ্যোগের প্রশংসা করে, যেখানে বিভিন্ন অঞ্চল ও উন্নয়ন স্তরের দেশগুলোকে নিয়ে আইএলওর ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্রাজিলের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী লুইজ মারিনহো, দক্ষিণ আফ্রিকার কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী নোমাখোসাজানা মেথ, কানাডার শ্রমমন্ত্রী জন জেরুকেলি, আইএলওর সহকারী মহাপরিচালক লরা থম্পসন এবং ইউরোপ ও মধ্য এশিয়ার আঞ্চলিক পরিচালক পিটার ভ্যান রয় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাজেয় তারুণ্যের উদ্যোগে জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


অপরাজেয় তারুণ্যের উদ্যোগে জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচি

যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) বিষয়ক সংগঠন আরএইচস্টেপের বাস্তবায়িত ‘অপরাজেয় তারুণ্য’ (ইউওয়াইপি) প্রকল্পের উদ্যোগে রংপুরে ‘ইনক্লুশন অ্যান্ড জেন্ডার ইকুইটি’ বিষয়ক সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে সংগঠনটির রংপুর শাখা কার্যালয়ে (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাইদ গেইটের বিপরীতে )অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী, পুরুষ, কিশোর-কিশোরী, ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী জনগোষ্ঠীসহ সমাজের সব মানুষের সমান অধিকার, সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য রংপুর শাখার প্রকল্প কর্মকর্তা অনিমেষ রায়। স্বাগত বক্তব্য দেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী।

এই সময় কুন্তলা চৌধুরী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবার মতামত ও অংশগ্রহণকে সমান গুরুত্ব দেওয়া জরুরি। এ সময় জেন্ডার বৈষম্যের সামাজিক প্রভাব, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গুরুত্ব এবং তরুণদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

পরে অংশগ্রহণকারীদের মধ্যে পরিচিতি ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে আইস-ব্রেকিং সেশন পরিচালনা করেন ইউওয়াইপি প্রকল্পের মেন্টর রুমান শেখ ও আনিকা তাসকিন। তারা প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও তরুণদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কে ধারণা দেন।

কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কমিউনিটির তরুণ-তরুণীরা অংশ নেন। তারা জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক একটি সচেতনতামূলক নাটিকা। নাটিকায় কিশোরী মালার বাল্যবিবাহ ঠেকাতে সচেতন নাগরিকদের ভূমিকা এবং কিশোরীর মতামত ও অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, এ ধরনের কার্যক্রম তরুণদের মধ্যে মানবাধিকার, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির চর্চা বাড়াতে সহায়ক হবে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%