ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

শাহরুখের জন্মদিনে প্রকাশিত হলো ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’


শাহরুখের জন্মদিনে প্রকাশিত হলো ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য একটি বিশেষ উপহার হিসেবে হাজির হয়েছে তাঁর নতুন সিনেমা ‘কিং’। এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ করা হয়েছে। রোমান্টিক গানটিতে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার রসায়ন, শাহরুখের নতুন লুক এবং সংগীতশিল্পীদের পরিবেশনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

‘তু মিল যায়ে’ গানটির সুর দিয়েছেন সংগীত পরিচালক জুটি শচীন–জিগার। এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান এবং ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। দুই সংগীতশিল্পীর যৌথ পরিবেশনা শ্রোতাদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।

গানটিতে শাহরুখ ও দীপিকার উপস্থিতি বিশেষভাবে ভক্তদের নজর কাড়ছে। তাঁদের পর্দার রসায়ন দেখে অনেকেই মনে পড়ছেন ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ সিনেমার কথা। সেই ছবির মাধ্যমে তাঁরা বড় পর্দায় জুটি হিসেবে দর্শকদের সামনে এসেছিলেন। নতুন গানেও দুই তারকার রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে। একই সঙ্গে শাহরুখের শারীরিক গঠন ও নতুন অবতার নিয়েও আলোচনা চলছে।

আরও পড়ুন: ‘রামায়ণ’-এর সেটে রণবীরের সঙ্গে আলিয়ার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ

গানের শুরুতেই শাহরুখের একটি সংলাপ রয়েছে- ‘ম্যায় কাতিল নহি, আশিক হুঁ’। বাংলায় যার অর্থ, ‘আমি খুনি নই, প্রেমিক’। এই সংলাপটি গানটির রোমান্টিক আবহে ভিন্ন মাত্রা যোগ করেছে। এড শিরান ও অরিজিৎ সিংয়ের কণ্ঠের সমন্বয়ও শ্রোতাদের প্রশংসা পাচ্ছে।

জন্মদিনে শাহরুখের জন্য গুগলের আয়োজন

শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল বিশেষ আয়োজন করেছে। মুম্বাইয়ের বান্দ্রা–ওরলি সি লিংকে ‘কিং’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে তৈরি করা হয়েছে একটি বিশেষ স্থাপনা। গভীর রাতে গাড়ি নিয়ে বের হয়ে শাহরুখ নিজেই আয়োজনটি দেখতে যান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আয়োজনটির ছবি প্রকাশ করে গুগল জেমিনিকে ধন্যবাদ জানান অভিনেতা। তিনি মজার ছলে লেখেন, ‘দোস্ত হো তো গুগল জেমিনি জ্যায়সা’- অর্থাৎ বন্ধু হলে গুগল জেমিনির মতো হওয়া উচিত। শাহরুখের এই রসিকতাপূর্ণ মন্তব্যও ভক্তদের নজর কাড়ছে।

আরও পড়ুন: জামিনের পর পরীমনির অশালীন ভাষায় দুই শব্দের পোস্ট

বড় তারকাদের নিয়ে ‘কিং’

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমার পর শাহরুখের নতুন প্রকল্প ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জি ও সুহানা খানসহ আরও অনেকে।

সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম গান প্রকাশের মাধ্যমে ছবিটির প্রচারণায় নতুন গতি এসেছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় শাহরুখের নতুন অবতার দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

আরও পড়ুন: আদনানের প্রথম সিনেমা ‘অপলক’এ নিশো ও মেহজাবীন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে খেলার মাঠে চাঁদা তুলে ১২০ শতাংশ জমি ও অবকাঠামো দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


টাঙ্গাইলে খেলার মাঠে চাঁদা তুলে ১২০ শতাংশ জমি ও অবকাঠামো দেবে সরকার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে চাঁদা তুলে খেলার মাঠের জন্য জমি ক্রয় করেছিলেন। এবার সরকারের পক্ষ থেকে সেই মাঠে অবকাঠামো নির্মাণ এবং আরও ১২০ শতাংশ জমি ক্রয়ে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা সহায়তার কথা ঘোষণা করেছেন। গতকাল রোববার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গ্রামবাসীর একটি প্রতিনিধি দল, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।

গ্রামের ধনী ও গরিব সবাই মিলে কয়েক বছর ধরে ৫৯ শতাংশ জমি ক্রয় করেন। জমির মালিক একজন অতিরিক্ত এক শতাংশ জমি দান করেছেন। ফলে বর্তমানে মোট জমির পরিমাণ ৬০ শতাংশ। গত বৃহস্পতিবার বাদ্য বাজিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রামবাসী সেই জমি বুঝে নেন। সংবাদ প্রকাশের পর ক্রীড়া প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে গ্রামবাসীকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান।

গতকাল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, প্রবীণ ব্যক্তি খোরশেদ আলম, আজহার শিকদার, মাইন শিকদার এবং মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমির পরিচালক মোনালিসা মুন্নি উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিমন্ত্রী মাঠ গড়তে প্রয়োজনীয় জমি ও অর্থের বিষয়ে গ্রামবাসীর বক্তব্য শোনেন। তিনি গ্রামবাসীর উদ্যোগের প্রশংসা করে জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকের পর মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমির পরিচালক মোনালিসা মুন্নি জানান, একটি পূর্ণাঙ্গ মাঠের জন্য প্রায় ১৮০ শতাংশ জমির প্রয়োজন। বর্তমানে ৬০ শতাংশ জমি রয়েছে। বাকি ১২০ শতাংশ জমি ক্রয় ও অবকাঠামো তৈরিতে মন্ত্রীর এই ঘোষণা গ্রামবাসীকে উৎসাহিত করেছে। দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, গ্রামের শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং তাদের মাদকমুক্ত রাখতে এই মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট, যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট, যুবক আটক

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ির সামনে প্যারাগন মাঠ এলাকা থেকে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়েছে।

এর আগে, পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট করেন রাজিব চন্দ্র দাস।

রোববার রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে ঘটে। এর ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয় মিরপুর-১০ মেট্রো স্টেশন। একই সঙ্গে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর-১০ গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত প্রত্যাবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত প্রত্যাবর্তন

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ইন্টার মায়ামি গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছে। নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে পরাজিত করে কনকাকাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ফ্লোরিডার দলটি।

বাংলাদেশ সময় সোমবার সকালে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি ইন্টার মায়ামি ২-১ গোলে জিতেছে। এই জয়ের ফলে মেসির দল প্লে-অফের লড়াইয়ে মূল্যবান তিন পয়েন্ট অর্জন করে।

প্রথমার্ধে উভয় দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ম্যাচের ৫৩তম মিনিটে স্বাগতিক নিউ ইংল্যান্ডকে এগিয়ে দেন ড্যানিয়েল গাজদাগ। তার গোলে ইন্টার মায়ামি চাপের মধ্যে পড়ে যায়।

তবে দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন মেসি। ৬৯তম মিনিটে তার নিখুঁত অ্যাসিস্ট থেকে সমতাসূচক গোল করেন জার্মান বেরতেরামে। ম্যাচে ফেরার পর মায়ামির আক্রমণের গতি আরও বাড়ানো হয়।

এরপর ৮৩তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে চোখ জুড়ানো গোলে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। তার দুর্দান্ত ফিনিশ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং মৌসুমে নিজের গোলসংখ্যা আরও বাড়ায়।

লিগ মৌসুমে মেসি সর্বোচ্চ গোলদাতা, তার গোল সংখ্যা ২৬টি। এছাড়া তার অ্যাসিস্টের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি।

শেষ দিকে নিউ ইংল্যান্ড সমতায় ফেরার চেষ্টা করলেও ইন্টার মায়ামির রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

এই জয়ের মাধ্যমে ইস্টার্ন কনফারেন্সে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ইন্টার মায়ামি। এক গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচসেরার মতো পারফরম্যান্স উপহার দিয়েছেন মেসি, যিনি আবারও প্রমাণ করেছেন বড় ম্যাচে তিনিই দলের সবচেয়ে বড় ভরসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনার ১০ কলেজে শিক্ষকের চেয়ে পাসের হার কম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


খুলনার ১০ কলেজে শিক্ষকের চেয়ে পাসের হার কম

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছে মেট্রোপলিটন কলেজ। কলেজটির নিজস্ব ৪১ শতক জমিতে বহুতল ভবন রয়েছে এবং এখানে ২৯ জন এমপিওভুক্ত শিক্ষক কর্মরত আছেন। এ বছর এই কলেজ থেকে ৪৯ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে পাস করেছেন মাত্র ১০ জন। সরকারি বেতনভুক্ত ২৯ শিক্ষক গড়ে দুই শিক্ষার্থীকে পড়িয়েও পাস করাতে সক্ষম হননি। গত বছর ৬৫ শিক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন মাত্র ছয়জন।

একই অবস্থা নগরীর মহেশ্বরপাশার শহীদ জিয়া ডিগ্রি মহাবিদ্যালয়েরও। ৩৯০ শতক জমির ওপর প্রতিষ্ঠিত এই কলেজে ২০ জন শিক্ষক রয়েছেন। কলেজটি থেকে এবার ৫৩ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৯ জন। এখানে এমপিওভুক্ত ২০ শিক্ষক মিলে সমান সংখ্যক শিক্ষার্থীকে পাস করাতে পারেননি।

শুধু এই দুটি কলেজ নয়; শিক্ষার্থী অনুপাতে শিক্ষক সংখ্যা বেশি হলেও খুলনার বেশির ভাগ বেসরকারি কলেজের পরীক্ষার ফলাফল বিবর্ণ। এসব কলেজে শিক্ষক অনুপাতে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও পাসের হার কম। খুলনার ১০টি কলেজের শিক্ষকের চেয়ে পাসের হার কম নিয়ে চলতি বছর অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছে সমকাল।

ওই প্রতিবেদনে জানানো হয়, রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির কারণে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক নিয়োগ হয়েছে। নিয়োগ বাণিজ্য ও প্রভাব বিস্তার করে দুই কিলোমিটারের মধ্যে চার কলেজ প্রতিষ্ঠার তথ্যও উঠে এসেছে। এসব কলেজের শিক্ষকদের বেতনের শতভাগই সরকার প্রদান করে।

যদিও পর্যাপ্ত শিক্ষক রয়েছেন, সঠিক তদারকি না থাকায় শিক্ষার মান বাড়েনি। এর ফলে প্রতিবছর কলেজগুলোতে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করছেন। শিক্ষকদের জবাবদিহির সংস্কৃতি না থাকায় ফল ভালো করার জন্য কলেজগুলোর প্রচেষ্টা দেখা যায় না। সংবাদ প্রকাশের পর যশোর শিক্ষা বোর্ড ও কলেজগুলোর লেখাপড়ার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। তবে গত শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে সেই পুরোনো চিত্র।

এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, নগরীর বানরগাতির সিটি গার্লস কলেজ থেকে এবার ৩৯ ছাত্রী অংশ নিয়ে পাস করেছেন মাত্র ১৩ জন। কলেজটিতে ২৫ শিক্ষক রয়েছেন, যারা সমসংখ্যক ছাত্রীকে পাস করাতে পারেননি। গত বছর কলেজটি থেকে ৪৯ জন অংশ নিয়ে ২৬ জন পাস করেছিলেন।

নগরীর বেসরকারি কলেজগুলোর মধ্যে খুলনা কলেজে বর্তমানে সবচেয়ে বেশি ৪২ শিক্ষক রয়েছেন। এই প্রতিষ্ঠান থেকে ৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩০ জন। গত বছরও কলেজটি থেকে ১১২ জন অংশ নিয়ে ৩০ জন পাস করেন। কলেজটিতে যতজন শিক্ষক আছেন, তার চেয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা কম।

নগরীর সোনাডাঙ্গায় মেট্রোপলিটন কলেজের আধা কিলোমিটারের মধ্যে আইডিয়াল কলেজ অবস্থিত। এ বছর কলেজটি থেকে ৮৩ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ১৮ জন। গত বছর পাস করেছিলেন ৯ জন। কলেজটিতে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ১৬ জন।

নগরীর দৌলতপুরের মুহসিন মহিলা কলেজ থেকে ২৯৬ জন অংশ নিয়ে পাস করেছেন ৫৪ জন। কলেজটিতে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ৩৩ জন। রায়ের মহল কলেজে মোট শিক্ষক রয়েছেন ৪১ জন, এর মধ্যে এমপিওভুক্ত হয়েছেন ২৩ জন। কলেজটি থেকে ১০৫ শিক্ষার্থী অংশ নিয়ে ২৫ জন পাস করেছেন। এমপিওভুক্ত শিক্ষকের চেয়ে পাস কম।

নগরীর হাজী মালেক ইসলামিয়া কলেজ থেকে ১৪১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৬ জন পাস করেন। কলেজটিতে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ৩৩ জন।

নগরীর বয়রার ইসলামিয়া কলেজে উচ্চ মাধ্যমিকে এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা ৩৯ জন। সেখানে ১৪১ শিক্ষার্থী অংশ নিয়ে ৪৬ জন পাস করেছেন। শিক্ষক ও পাসের সংখ্যা প্রায় কাছাকাছি।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ২০২৫ সালে ১৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৫ জন পাস করেছেন। অথচ কলেজটিতে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ৩৬ জন।

শিক্ষকের চেয়ে কম পাসের কারণ জানতে চাইলে বেশিরভাগ কলেজের অধ্যক্ষ মেধাবী শিক্ষার্থী ভর্তি না হওয়াকে দায়ী করেছেন। আবার অনেকে নিজেদের ভুলত্রুটি দূর করে আগামীতে ভালো করার চেষ্টা করার কথা বলেছেন।

শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, "সরকার প্রতিবছর এক কোটি টাকার বেশি ব্যয় করে আমাদের পেছনে। আমি শিক্ষকদের বলেছি, এক বছরের মধ্যে এই ফল পাল্টে দিতে হবে। সেজন্য যা যা করা দরকার, আমরা করব।"

খুলনা কলেজের অধ্যক্ষ এইচএম মাহবুবুর রহমান বলেন, "আমি দায়িত্ব পেয়েছি সাত মাস। তাতেই গতবারের চেয়ে ফল কিছুটা ভালো হয়েছে। আমরা আরও ভালো করার চেষ্টা করছি।"

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম বলেন, "কলেজগুলোর লেখাপড়ার মান বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%