ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

খোলামেলা পোশাকে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে আলোচনায় জনপ্রিয় মডেল


খোলামেলা পোশাকে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে আলোচনায় জনপ্রিয় মডেল

 

২০২৬ বিশ্বকাপের উত্তাপ মাঠের পাশাপাশি গ্যালারিতেও ছড়িয়ে পড়েছে। আর গ্যালারির সবচেয়ে আলোচিত মুখগুলোর একজন আবারো বিশ্বকাপের মঞ্চে হাজির হয়েছেন।

ক্রোয়েশিয়ার জনপ্রিয় মডেল ও সমর্থক ইভানা নল বিশ্বকাপের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়ে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

আরও পড়ুন: জামায়াতের দাবি, আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী

ক্রোয়েশিয়া জাতীয় দলের সবচেয়ে পরিচিত সমর্থক হিসেবে পরিচিতি গড়েছেন ইভানা। তিনি ডালাসের স্টেডিয়ামে উপস্থিত হয়ে নিজের দলের প্রতি সমর্থন জানালেন। ম্যাচ শুরু হওয়ার আগেই তার উপস্থিতি দর্শক, আলোকচিত্রী এবং গণমাধ্যমের নজর কাড়ে।

নিজের পরিচিত স্টাইলেই মাঠে দেখা গেল ইভানাকে।

ক্রোয়েশিয়ার ঐতিহ্যবাহী লাল-সাদা চেকারবোর্ড নকশার পোশাক পরিহিত অবস্থায় গ্যালারিতে তাকে দেখা যায়। স্টেডিয়ামের বিভিন্ন স্থান থেকে তার তোলা ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২২ কাতার বিশ্বকাপে গ্যালারিতে উপস্থিত থেকে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিলেন ইভানা। সেই আসরে ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচেই তার উপস্থিতি ছিল।

আরও পড়ুন: ক্রসফায়ারের চিন্তা পুলিশের ব্যর্থতা ও ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ: আমীনের উদ্বেগ

এবারও বিশ্বকাপ শুরু হওয়ার সাথে সাথেই প্রিয় দলের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তিনি।

ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালীন গ্যালারিতে তার উপস্থিতি সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ক্রোয়েশিয়ার ‘সুপার ফ্যান’ হিসেবে উল্লেখ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের পর ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামাতে নতুন চুক্তির পথে দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৭ এম


ট্রাম্পের পর ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামাতে নতুন চুক্তির পথে দুই দেশ

যুক্তরাষ্ট্রের সাথে করা সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের ভার্সাইয়ে চুক্তির কাগজে স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা প্রকাশিত ছবিতে দেখা যায়, পেজেশকিয়ান ফারসি ভাষায় লেখা একটি নথি হাতে ধরে আছেন। নথিটির নিচে তার এবং ট্রাম্পের স্বাক্ষর রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রায় ৮০০ শব্দের ১৪ দফার এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো চলমান যুদ্ধবিরতি আরও কার্যকর করে তোলা এবং হরমুজ প্রণালিতে আবারও স্বাভাবিক বাণিজ্যিক চলাচল শুরু করা।

চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমাতে সম্মত হয়েছে। এর বিনিময়ে দেশটি একটি বড় ধরনের অর্থনৈতিক সুবিধা লাভ করবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে করা হয়েছে। চুক্তির ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমার আশা তৈরি হয়েছে।

এদিকে সংঘাতের শুরু থেকে মধ্যস্থতার ভূমিকা পালন করা পাকিস্তান জানিয়েছে, এই সমঝোতা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

চুক্তির আওতায় হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে এবং দুই দেশের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মস্কোর প্রধান তেল শোধনাগারে ভয়াবহ হামলার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:০১ এম


মস্কোর প্রধান তেল শোধনাগারে ভয়াবহ হামলার ঘটনা

রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে (রিফাইনারি) বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একই সময়ের মধ্যে এক সপ্তাহের মধ্যে কিয়েভের এটি দ্বিতীয় হামলা, যা এই স্থাপনায় সংঘটিত হয়েছে।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেন দূরপাল্লার হামলার মাধ্যমে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর দক্ষিণ-পূর্বের কাপোতন্যা জেলার মস্কো অয়েল রিফাইনারিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানিয়েছেন, মস্কোর দিকে আসা চার ডজনেরও বেশি ড্রোনকে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে।

তিনি বলেন, ‘বিমান প্রতিরক্ষা বাহিনী এখনও ব্যাপক হামলা প্রতিহত করে যাচ্ছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শপিং সেন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের যাচাই করা একটি ভিডিওতে শোধনাগারটিতে বিস্ফোরণের মুহূর্ত দেখা গেছে। ভিডিওতে স্থাপনাটির একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এরপর আরও একটি বড় বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে।

এর আগে মঙ্গলবার একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল। সে সময় সোবিয়ানিন জানিয়ে ছিলেন, হামলায় রিফাইনারি প্রাঙ্গণের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি ডিপো, নৌঘাঁটি ও সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি না হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

প্যারিসে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, ওয়াশিংটন খুব শিগগিরই রাশিয়ার তেল সরবারহের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হলেই এই মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:০৪ এম


দেশের ১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি

দেশের ১৫ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার, ১৮ জুন, ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে, যার সাথে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায়, এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:০৭ এম


শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে উদ্যোগ

সরকারের উদ্যোগে দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার গ-িণ্ড থেকে বের করে দক্ষ, চিন্তাশীল এবং পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সৃজনশীল মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং' মহোৎসব। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষাঙ্গনে পাঁচ কোটি দেশীয় গাছের চারা রোপণের জন্য সবুজায়ন মহাযজ্ঞ শুরু হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ১০০টি দলের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী এবং একযোগে ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারের এই যুগান্তকারী উদ্যোগ দেশের শিক্ষাক্ষেত্রে নতুন মাইলফলক অর্জন করতে সাহায্য করবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

নতুন এই কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বছরের ১২ জুন থেকে দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সাধারণ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থার শিক্ষার্থী ও শিক্ষকরা এই মেগা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। মাউশির 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)' এবং 'লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন' (লেইস) প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’কে বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের করে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ ঘটাতে চাই। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়াগুলো থেকে স্থানীয় অনেক সমস্যা স্থানীয়ভাবেই সমাধান করা সম্ভব হবে। একই সঙ্গে স্টার্টআপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তা সৃষ্টির পথ উন্মোচিত হবে।’

বৃক্ষরোপণ প্রসঙ্গে তিনি জানান, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীরাই অগ্রসৈনিক হিসেবে কাজ করতে পারে। তারা আগামীতে জলবায়ু মোকাবিলার মূল হাতিয়ার হবে। সে কারণে সব কর্মসূচি শিক্ষার্থীকেন্দ্রিক করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য আগামীদিনের প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে জলবায়ু সচেতনতা তৈরি করা, যাতে তারা ভবিষ্যৎ নেতৃত্বের উপযুক্ত অংশীদার হয়ে পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারে।’

মাউশির ইইএসএস স্কিম জানায়, জাতীয় এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন। গত ১২ জুন দেশের সব উপজেলা ও থানায় একযোগে এই শোকেজিং প্রোগ্রাম শেষ হয়েছে। এই পর্যায় থেকে বাছাইকৃত সেরা দলগুলো গত রোববার জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তারা তাদের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট বা ইনোভেশন আইডিয়া শোকেজিং করেছে।

জেলা ও মহানগর পর্যায় থেকে নির্বাচিত দলগুলো নিয়ে আগামী ২৭ জুন ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বে তৃণমূল থেকে নির্বাচিত ১০০টি দল অংশ নেবে। ২৮ জুন রাজধানী ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেবেন।

মাউশি আরও জানায়, জাতীয় পর্যায়ে প্রজেক্ট প্রদর্শনকারী দলগুলোর মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত সেরা ১০টি দলকে ট্রফি দেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন ও স্বীকৃতি দিতে রাষ্ট্রীয়ভাবে আকর্ষণীয় আর্থিক পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে।

ইইএসএস স্কিম জানায়, শিক্ষকদের আধুনিক ও প্রজেক্টভিত্তিক শিক্ষণ পদ্ধতিতে মেন্টরিংয়ের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শিক্ষকেরা পুরস্কার হিসেবে পাবেন ৩০ হাজার টাকা এবং একটি সনদপত্র। মনোনীত শিক্ষার্থীরা তাদের সৃজনশীল উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ২০ হাজার টাকা এবং একটি যোগ্যতা সনদপত্র পাবে।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর পরিচালক প্রফেসর মো. তোফাজ্জেল হোসেন বাসস'কে জানান, গত ১২ জুন উপজেলা পর্যায়ের এবং ১৪ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায় থেকে নির্বাচিত সেরা ১০০টি দল নিয়ে আগামী ২৭ জুন ঢাকায় চূড়ান্ত মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হবে। এদিন বিচারকগণ গোপন ব্যালটের মাধ্যমে বিজয়ী দলগুলো নির্বাচন করবেন। পরের দিন ২৮ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হবে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী শিক্ষা নিশ্চিত করা, মৌলিক মূল্যবোধ সৃষ্টির ওপর জোর দেওয়া এবং জ্ঞানভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়াই এই স্কিমের প্রধান উদ্দেশ্য। এর বাইরে শিক্ষার্থীদের চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রযুক্তিভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা নিশ্চিত করা, ‘আনন্দের সাথে শিক্ষা’ বা ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নিশ্চিত করা, সু-শিক্ষার মাধ্যমে প্রতিভাবান শিক্ষক তৈরি করা, সুপ্ত প্রতিভার বিকাশের পথ উন্মুক্ত করা এবং সৃজনশীলতা ও বিশ্লেষণাত্মক চিন্তার ওপর বিশেষ জোর দেওয়া।

শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি

এদিকে শোকেজিং কর্মসূচির পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় দেশের শিক্ষাঙ্গনে শুরু হতে যাচ্ছে সবুজায়ন মহাযজ্ঞ। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ‘লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে পাঁচ কোটি দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাউশি লেইস প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচিতে আম, জাম, কাঁঠাল, নিম ও অর্জুনের মতো দেশীয় গাছকে অগ্রাধিকার দেওয়া হবে।

মাউশির জনায়, আগামী ২৮ জুন দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসাসহ মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মূল ক্যাম্পাসে একটি গাছ রোপণ করবেন এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সেই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

লেইস প্রকল্পের পরিচালক প্রফেসর মো. আসাদুজ্জামান বাসস’কে জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানটি একযোগে সারাদেশে সম্প্রচার করা হবে। এর মধ্যে দেশের ১০০টি বিশেষ সেন্টারে স্থানীয় সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরাসরি ভিডিও কনফারেন্সের ব্যবস্থা থাকছে। প্রধানমন্ত্রী চাইলে সরাসরি মাঠপর্যায়ের যেকোনো সেন্টরের সঙ্গে যুক্ত হতে পারবেন।

তিনি আরও জানান, 'উদ্বোধনের দিন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ন্যূনতম তিনটি করে গাছ লাগানো হবে। যার মধ্যে একটি ফলদ ও একটি বনজ গাছ থাকবে। এভাবে পর্যায়ক্রমে পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি সম্পন্ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%