০৩:০৭ এম
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া এলাকায় একটি শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ আগুনের কারণে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও অন্তর্ভুক্ত রয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত ঘটে। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা ও সামাজিক সহায়তা দিয়ে থাকে। বেসরকারি সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরগুলো প্রকাশ করেছে।
আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থার তথ্য অনুযায়ী, আগুনে দগ্ধ হয়ে ১০ জন আহত হয়েছেন। এছাড়া, ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যার শিকার হন আরও দুইজন। সাতজনকে তীব্র মানসিক আঘাতের কারণে চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছেন। সিভিল প্রোটেকশনের প্রকাশিত ছবিতে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের করিডরে উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত আছেন।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবার্তা প্রকাশ করেছেন। তিনি বলেন, শিশুদের প্রাণহানি এবং অন্যদের আহত হওয়ার খবর তিনি গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছেন।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব রাজধানীর মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন। আলজেরিয়ার সংবাদপত্র আলজেরি প্যাট্রিওটিক এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন