মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:১১ পি.এম
সংসদীয় আসন ৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।
নিয়োগ পাওয়ার পরদিনই তিনি ঢাকার জিয়া উদ্যানে যান। সেখানে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একসময় তাঁর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা শিমুল বিশ্বাস জানান, তিনি বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির পথচলা শুরু করেন।
এসময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করেন।
এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে এবং তারা এমপি শিমুল বিশ্বাসের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হজ পালনকারীদের গাইড হিসেবে সরকারি ব্যবস্থাপনায় নিয়োগের জন্য আবেদনের সময় ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ২০২৭ সালে এই নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হলে, আগ্রহীদের অনলাইনে হজ পোর্টাল wwwh.aji.gov.bd এ গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
আজ সোমবার এক তথ্য বিবরণীতে এ বিষয়টি জানানো হয়েছে
এতে উল্লেখ করা হয়েছে যে, সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানার জন্য ১৬১৩৬ নম্বরে কল করা যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ
রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫) এবং শাহ তাহমিদ আহমদ (৩৩)।
গ্রেফতারকৃত চারজনই সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) জানান, গ্রেফতারকৃতরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ মন্তব্য করেছেন যে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সেবার তথ্য, সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্স, পলিসি ব্রিফ ও ট্র্যাকার যদি একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা যায়, তাহলে সরকারের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন, নাগরিক সেবা পরিবীক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হবে।
তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত ‘ইন্টার-মিনিস্টেরিয়াল ভ্যালিডেশন ওয়ার্কশপ অন পাবলিক সার্ভিস ডেলিভারি পলিসি ব্রিফস অ্যান্ড ম্যাট্রিক্স’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, নাগরিকদের দেওয়া সেবাগুলো চিহ্নিত করতে হবে, যেমন: কারা সেবার উপকারভোগী, কোন প্রতিষ্ঠান সেবা প্রদান করছে, এতে কত ব্যয় হচ্ছে এবং প্রত্যাশিত ফলাফল কী। একইসঙ্গে সেবা প্রদানের ক্ষেত্রে সমস্যা কোথায় রয়েছে এবং তা সমাধানের উপায় কী, সেটিও নির্ধারণ করা প্রয়োজন।
তিনি আরো বলেন, এ লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সেবাগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করতে হবে। এরপর প্রতিটি সেবার উপকারভোগী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তর, প্রয়োজনীয় বাজেট এবং সম্ভাব্য প্রতিবন্ধকতাকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের আওতায় আনতে হবে।
ইসমাইল জবিউল্লাহ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, একটি সেবাকে শুধুমাত্র একটি মন্ত্রণালয়ের বিষয় হিসেবে দেখা উচিত নয়। নীতি, উপকারভোগী, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, বাজেট, প্রত্যাশিত ফলাফল এবং নাগরিকের মতামত—এসব বিষয়কে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনতে হবে।
এভাবে জাতীয় পর্যায়ে সরকারি সেবার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। একই ধরনের সেবার পুনরাবৃত্তি কমানো এবং আন্ত মন্ত্রণালয় সমন্বয় জোরদার করা যাবে। সেবা ও কাঙ্ক্ষিত ফলাফলের সঙ্গে বাজেট বরাদ্দের যোগসূত্রও তৈরি হবে।
এতে কর্মকর্তারা তাদের কাজের সঙ্গে পরিমাপযোগ্য ফলাফলের সম্পর্ক স্পষ্টভাবে বুঝতে সক্ষম হবেন।
সেবা প্রদানের ক্ষেত্রে সমস্যা দেখা দিলে অভিযোগ প্রতিকার ব্যবস্থাকে আরো কার্যকর করার ওপরও গুরুত্ব দেন উপদেষ্টা। তিনি বলেন, সিদ্ধান্ত ও কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে একটি ট্র্যাকার রাখতে হবে। সেখানে সমস্যা, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, করণীয়, সময়সীমা ও অগ্রগতির তথ্য থাকবে।
কর্মশালার মূল লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, নীতিকে সেবার সঙ্গে, সেবাকে উপকারভোগীর সঙ্গে, উপকারভোগীকে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে এবং প্রতিষ্ঠানকে বাজেটের সঙ্গে যুক্ত করা।
এছাড়া কর্মকর্তাদের কর্মদক্ষতাকে পরিমাপযোগ্য ফলাফলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে সিভিল সার্ভিসের মেধা ও সক্ষমতাকে আরো কার্যকরভাবে কাজে লাগিয়ে নাগরিক সেবার মান উন্নত করা সম্ভব হবে।
কর্মশালায় স্বাগত বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সরকারের বিভিন্ন সেবা দেখাশোনার দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের। সরকারের নির্বাচনী ইশতেহার ও এসডিজি লক্ষ্যমাত্রার মধ্যে যোগসূত্র স্থাপন করে ম্যাট্রিক্স তৈরি করা হলে বিভিন্ন দপ্তর ও সংস্থার সেবা একসঙ্গে মনিটরিং করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম বলেন, সরকারের বিভিন্ন সেবা—যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সেবাকর্মীদের মাসিক সম্মানি ভাতা—একই ম্যাট্রিক্সের আওতায় এনে সেবার অগ্রগতি পর্যবেক্ষণে ট্র্যাকার চালু করা হবে।
কর্মশালায় সভাপতির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অঙ্গীকার। তিনি উপস্থিত কর্মকর্তাদের জনগণের সেবায় আরো নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা এবং বিসিএস প্রশাসন একাডেমির ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সংবাদ সম্মেলনে ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে একটি শব্দবোমা ফাটিয়েছেন। তিনি নিজেকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছেন এবং বলেছেন, "তবে সবারই নিজস্ব মতামত রয়েছে।"
এছাড়া, ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন, "হয়তো মানুষ ভিন্নভাবে চিন্তা করে। তবে আমার মনে হয় না, এটি এমন কোনো বিষয় যা নিয়ে আমাদের বিতর্ক করা প্রয়োজন আছে।"
২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে এমবাপ্পে ১০টি গোল নিজের ঝুলিতে পোরেন।
এটি তাকে গোল্ডেন বুট জেতার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (২২ গোল) হওয়ার অনন্য রেকর্ড গড়তে সাহায্য করে।
ব্যালন ডি’অর র্যাংকিংয়ে এমবাপ্পের সর্বোচ্চ অর্জন ২০২৩ সালে তৃতীয় স্থান, যখন তিনি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড় ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ