০১:৫০ পি.এম
যুদ্ধের মধ্যেই একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো উপসাগরীয় দেশ ওমান। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালার প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য শুক্রবার সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি নির্দিষ্ট করে জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ১ মিনিটে সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কের স্টেশনগুলোতে এই কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ওমানের ধোফার গভর্নরেটের রাজধানী সালালার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে।
এই ঘটনাটি সম্পর্কে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহত অথবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন-গভিরের
ওমানে অবস্থিত সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক মনিটরিং সেন্টারের তথ্যমতে, আরব সাগরে সৃষ্ট এই ভূকম্পন ‘ওয়েন ফ্র্যাকচার জোন’-এর সঙ্গে সম্পর্কিত। এটি একটি ট্রান্সফর্ম ফল্ট বা বিচ্যুতি অঞ্চল, যা আরব ও ভারতীয় টেকটোনিক প্লেটকে পৃথক করেছে। এই অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক ঘটনা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ওমানেও যুদ্ধের আঁচ লেগেছে। দেশটিতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি, দেশটির উপকূলে বেশ কিছু জাহাজও হামলার শিকার হয়েছে।
একই দিনে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শুক্রবারের এই ভূকম্পনের ফলে পার্শ্ববর্তী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন