ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর...


শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শপিং করে দেওয়ার লোভ দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় একজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তের জন্য রবিবার (৫ জুলাই) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মনোহরদী এলাকা থেকে যুবক রিটনকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মনোহরদী এলাকার নজরুল ইসলামের ছেলে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, কয়েক মাস আগে রিটনের সাথে এই ১৬ বছরের কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৪ জুলাই (শনিবার) রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে শপিং করার কথা বলার পর অভিযুক্ত রিটন কিশোরীকে গাউছিয়া নুর ম্যানশনের ৪র্থ তলায় অবস্থিত সুগন্ধা আবাসিক হোটেলে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর রোববার দুপুরে কিশোরীর পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে রোববার রাতেই পুলিশ আড়াইহাজারের মনোহরদী এলাকা থেকে অভিযুক্ত রিটনকে গ্রেপ্তার করে। পরে সোমবার গ্রেপ্তারকৃত রিটনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিদের সামনে মিশরের নতুন অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


মেসিদের সামনে মিশরের নতুন অস্ত্র

মিশরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। তবে মিশরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিমও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। বয়স মাত্র ১৮। কিছুদিন আগে তিনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নাম লিখিয়েছেন। ইতোমধ্যে, মিশরের ফুটবল ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অভিষেকের রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। বলা হচ্ছে, তিনি চলতি বিশ্বকাপের অন্যতম বড় আবিষ্কার। মিশরীয় গণমাধ্যমগুলোর কাছে তার নাম ‘নতুন সালাহ’ হিসাবে পরিচিত।

আজ শেষ ১৬-র হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে হামজা আবদেলকরিম এক হুঙ্কার দিয়েছেন, “আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলছি, মেসির বিপক্ষে নয়।”

সিনিয়র জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলেই মিশরের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এই তরুণ স্ট্রাইকার। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ সালাহর বদলি হিসেবে মাঠে নেমে তিনি বহুকাঙ্ক্ষিত অভিষেকটাও সেরে ফেলেছেন। এবার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’-কে একটি সাক্ষাৎকারে হামজা তার মানসিকতা প্রকাশ করে বলছিলেন, ‘আমি যখন মাঠে নামি, স্রেফ নিজের খেলাটা উপভোগ করি। মাঠের বাইরে কে কী বলল বা করল, তা নিয়ে আমি একদমই ভাবি না। আমার পুরো মনোযোগ শুধুই মাঠের খেলায়।’

হামজাকে মিশরের ফুটবলের ভবিষ্যৎ বলা হচ্ছে। তিনি নিজেও তার আইডল সালাহ হিসেবে স্বীকার করেছেন। হামজা বলেন, ‘তিনি শুধু আমার নয়, সালাহ পুরো দলের মেন্টর। তিনি সব অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেন। সালাহর মতো ক্যারিয়ার গড়া আমার জন্য অবিশ্বাস্য ব্যাপার। তার পাশে থাকা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়া এবং অনেক বড় সম্মানের।’

কে এই হামজা আবদেলকরিম?

২০০৮ সালের ১ জানুয়ারি কায়রোতে জন্মগ্রহণকারী এই স্ট্রাইকারের ফুটবলে হাতেখড়ি ঘটে মালয়েশিয়ায়, যেখানে তার বাবা ভলিবল কোচ হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালে তিনি মিশরের ঐতিহ্যবাহী ক্লাব আল আহলির যুব একাডেমিতে যোগদান করেন। এরপর শুধুই ওপরে ওঠার গল্প শুরু হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, মাত্র ১৭ বছর এক মাস বয়সে, আল আহলির মূল দলে অভিষেক করে চলতি শতাব্দীতে ক্লাবটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন তিনি।

মিশরের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২১ ম্যাচে ১২ গোল করার পর ইউরোপীয় স্কাউটদের নজরে আসেন হামজা। ফেইনুর্ড তাঁকে দলে নিতে চাইলেও আল আহলি চুক্তি নবায়ন করে। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনা তাকে ধারে ‘বার্সেলোনা বি’ দলের জন্য নিয়ে আসে।

‘নতুন সালাহ’ খেতাব পাওয়া হামজা বার্সার যুব দলের হয়ে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েন। মাঠে নামার মাত্র ১৫ মিনিটের মধ্যে হেডে একটি হ্যাটট্রিক করে দলকে লিগ শিরোপা জেতান। এরপর বার্সা বি টিমের হয়ে ১১ ম্যাচে ৮ গোল করার পর বার্সেলোনা ১.৫ মিলিয়ন ইউরোর বাই-আউট ক্লজ দিয়ে তাকে পাকাপাকিভাবে কিনে নেয়। বার্সার মূল দলের কোচ হ্যান্সি ফ্লিকও নিশ্চিত করেছেন, আগামী প্রি-সিজন ট্যুরে হামজাকে তার পরিকল্পনায় রাখা হয়েছে।

ইউরোপ মাতানো এই বিস্ময় বালককে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করেছেন। উইঙ্গারনির্ভর মিশরীয় স্কোয়াডে হামজাই একমাত্র খাঁটি ‘নাম্বার নাইন’ (স্ট্রাইকার)। আজ রাতে মেসি-স্কালোনিদের ডিফেন্স লাইনের জন্য এই মিশরীয় রত্নই হতে পারে বড় মাথা ব্যথার কারণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটোকে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


ন্যাটোকে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপকে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং ব্যাপক উৎপাদনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন এখন ন্যাটোর জন্য ‘অসাধারণ প্রতিরক্ষা সক্ষমতার একটি উৎস’ হয়ে উঠেছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ন্যাটো ডিফেন্স ইন্ডাস্ট্রি ফোরাম-এ বক্তব্য দিতে গিয়ে জেলেনস্কি মিত্র দেশগুলোর প্রতি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সরবরাহের আহ্বান জানান। তিনি বলেন, ‘ইউক্রেন, ন্যাটোর মধ্যে, অসাধারণ প্রতিরক্ষা সক্ষমতার একটি উৎস।’

জেলেনস্কি আরও বলেন, ইউরোপের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি। তার ভাষায়, "ইউরোপের নিজস্ব অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রয়োজন এবং এ নিয়ে কাজ চলছে।" তিনি যোগ করেন, ইউরোপের যত দ্রুত সম্ভব, বরং এখনই, সাশ্রয়ী ও ব্যাপকভাবে উৎপাদনযোগ্য অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা দরকার।

বক্তব্যের পর জেলেনস্কি ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ সময় রুটে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার বিষয়ে ন্যাটোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রুটে বলেন, ‘ন্যাটো সম্মেলনে আপনাকে স্বাগত। গত কয়েক মাসে আপনারা যা করেছেন, তা সত্যিই সাহসিকতার পরিচয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা, যাতে আপনাদের শহর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত থাকে।’

জেলেনস্কি সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য রুটে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই প্রতিরক্ষা শিল্প ফোরাম ইউক্রেন ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা কোম্পানির মধ্যে সহযোগিতা আরো গভীর করার সুযোগ তৈরি করবে।

তিনি জানান, ইউক্রেনের প্রতিরক্ষা খাতের প্রতিনিধিরা তাদের প্রযুক্তি ও অভিজ্ঞতা মিত্রদের সামনে তুলে ধরবেন, যা পারস্পরিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ। জেলেনস্কি আবারও জোর দিয়ে বলেন, ইউক্রেনের সবচেয়ে জরুরি প্রয়োজন হলো যত দ্রুত সম্ভব এমআইএম-১০৪ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র সংগ্রহ করা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার (৭ জুলাই) আঙ্কারায় পৌঁছেছেন। বুধবার (৮ জুলাই) তার সঙ্গে জেলেনস্কির দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়ার আগে ট্রাম্প বলেন, মস্কো ও কিয়েভ উভয়ই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে তিনি মনে করেন এবং ইউক্রেন যুদ্ধ ন্যাটো নেতাদের আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে।

অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের ফলাফল মস্কো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছরের আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের আলোচনার ধারাবাহিকতায় এই বৈঠকের অগ্রগতি রাশিয়া পর্যবেক্ষণ করবে।

বুধবার পর্যন্ত চলা ন্যাটো সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং জোটের প্রতিরক্ষা শিল্পভিত্তি আরও সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ অধিবেশন পরিদর্শনে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


সংসদ অধিবেশন পরিদর্শনে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যারা সংসদ অধিবেশন দেখতে গিয়েছিলেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে অধিবেশনের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজ-খবর নেন। সেইসঙ্গে দেশের গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তোলারও আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিএনপি সরকারের অধীনে সংসদ অধিবেশন দেখার সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ সংসদ অধিবেশন দেখার সুযোগ পান চারজন বিদেশি শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ বেলা ১২ টায় তারা জাতীয় সংসদে এসে উপস্থিত হন। তারা সংসদের নির্মাণশৈলী প্রত্যক্ষ করেন এবং লাইব্রেরি ঘুরে দেখেন। বিভিন্ন স্থানে ফটোসেশনও করেন। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। এরপর নামাজের বিরতি দেয়া হয়। বিরতির সময় তারা সাক্ষাৎ পান প্রধানমন্ত্রী তারেক রহমানের।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকসহ মোট ৬৯ জন, নটর ডেম কলেজের মাধ্যমে ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকসহ ৫৩ জন, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে ৪ জন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের বিদেশি শিক্ষার্থীসহ ৮ জন এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মাধ্যমে ১৮ সদস্যের প্রতিনিধি সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবি ছাত্রদল নেতা আবিদের বিরুদ্ধে শিক্ষককে হেনস্তা ও হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


বাকৃবি ছাত্রদল নেতা আবিদের বিরুদ্ধে শিক্ষককে হেনস্তা ও হুমকির অভিযোগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজিবুল হক আবিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক এবং ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম।

মঙ্গলবার (৭ জুলাই) এ ঘটনায় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যাপক ড. সামছুল আলম। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

লিখিত অভিযোগে অধ্যাপক ড. সামছুল আলম বলেন, সকাল ১০ টায় ফার্মাকোলজি বিভাগের স্নাতকোত্তর এক শিক্ষার্থী তার ভর্তিজনিত কিছু ত্রুটির কারণে আমার চেম্বারে আসেন। সেসময় ওই শিক্ষার্থীর  সাথে বাকৃবি শাখা ছাত্রদল নেতা নাজিবুল হক আবিদও আসেন। ভর্তি সংক্রান্ত ত্রুটি নিয়ে কথা বলার সময় নাজিবুল হক আমার সাথে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। গালিগালাজ, হেনস্তা করা থেকে শুরু করে আমাকে হুমকি দেওয়াও শুরু করেন। মৌখিকভাবে সর্বপ্রকারে সে আমাকে হেনস্তা করেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজিবুল হক আবিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের জুনিয়র এক স্নাতকোত্তর শিক্ষার্থীর ভর্তিজনিত ত্রুটি নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. সামছুল আলমের সাথে কথা বলতে যাই। ওই শিক্ষার্থী স্নাতকোত্তর ১ম ও ২য় সেমিস্টার শেষ করেছেন এবং পরীক্ষার ফলাফলে সিজিপিএ-৪ পেয়েছেন। এরপরে সর্বশেষ থিসিস সেমিস্টারে গিয়ে কিছুদিন আগে তাকে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি থেকে চিঠি পাঠানো হয়েছে যে তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তাকে আগাম কোনো সতর্কবার্তা বা নোটিশ পাঠানো হয়নি। সিজিপিএ-৪ রেজাল্ট করা মেধাবী একজন ছাত্রকে দুই সেমিস্টার পার করার পরে হুট করে ছাত্রত্ব বাতিল করা হয়েছে। তার সাথে এটি গুরুতর অন্যায় করা হয়েছে বলে আমি মনে করছি এবং এই বিষয়টি নিয়ে আমি স্যারের সাথে ন্যায়সঙ্গত কথা বলেছি।

শিক্ষককে হুমকি দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'ন্যায়ের পক্ষে আমি জোরালোভাবে কথা বলেছি এবং ন্যায়সঙ্গত কথা এভাবেই বলা উচিত। বিভিন্ন মানুষ এটিকে বিভিন্নভাবে নিতে পারে। আমরা তাকেই হুমকি দিতে পারব যিনি হাসিনার মতো স্বৈরাচার। ন্যায়ের পক্ষে থাকা মানুষকে আমরা কখনও হুমকি দিবো না। জোরালোভাবে  কথা বলাকে উনি হুমকি মনে করছেন।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ছাত্রদলের কেউ অসাংগঠনিক বা অনাকাঙ্ক্ষিত কোনো কাজ করলে সাংগঠনিকভাবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, নাজিবুল হক আবিদ ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে হলে থাকেন না, ছাত্রজীবনও শেষ। তিনি তার বিভাগের বড় ভাই হিসেবে তার জন্য একটি দাবি নিয়ে স্যারের কাছে গেছেন। তবে একজন শিক্ষকের সাথে যেভাবে আচরণ করেছেন সেটি অবশ্যই ঔদ্ধত্যপূর্ণ ও অন্যায় করেছেন। আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিবো।'

এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি ঘটনাটি জানার পর সাথে সাথে সেই ছাত্রকে হল থেকে বের করে দেয়ার নির্দেশ দিয়েছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চত করা হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%