০৬:২১ পি.এম
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পিকারের অংশগ্রহণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন যে, এই ধরনের ফল উৎসব যেন সাধারণ মানুষ উপভোগ করতে পারেন। তিনি আরও যোগ করেন, গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ মহিমান্বিত হবে।
আজ বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপিজেএ’এর সভাপতি হারুন জামিল। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক শেওকত আলী খান লিথো। অনুষ্ঠানে স্পিকার ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও চিফ হুইপ নূরুল ইসলাম এমপি।
আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, বর্তমান সংসদ অনেক প্রাণবন্ত এবং সত্যিকার অর্থে নির্বাচিত একটি জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট যা একটি সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। জনগণ দীর্ঘদিন যাবৎ এ ধরনের কাঙ্ক্ষিত সংসদ কামনা করে আসছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বক্তব্য দিতে গিয়ে বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের সাথে একটি মেলবন্ধন তৈরি হয়। সংসদকে কেন্দ্র করে গণতন্ত্রকে প্রকৃত প্রাতিষ্ঠানিক রূপ দিতে জনকল্যাণে সাংবাদিক ও সংবাদমাধ্যম কাজ করতে পারে। তিনি চমৎকার পরিসরে এধরনের উৎসব আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এমপি বলেছেন যে, ফল উৎসব আয়োজনের মাধ্যমেই পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সু-সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি আশা করেন যে, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্বের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রম ও জনগণের প্রত্যাশার মধ্যে আরও কার্যকর সেতুবন্ধন তৈরি করবেন। গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি উল্লেখ করেন যে, সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের সকল প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, সরকার দলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), সংসদ সদস্য, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, বিপিজেএ’র জ্যেষ্ঠ সদস্য ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ, মোস্তফা কামাল মজুমদার, বাছির জামাল, আশিষ সৈকত, জাহেদ চৌধুরী, কামরান রেজা চৌধুরী, রিয়াজ আহমেদ, ইলিয়াস হোসেন, নিখিল ভদ্র প্রমুখ।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
এছাড়া বিপিজেএ'র সহ-সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম প্রমুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন