০৯:২২ এম
প্রেম করে ভিনদেশি যুবককে বিয়ের এক যুগ পর, তার হাত ধরেই বাংলাদেশে এসেছিলেন ভারতের এক নারী। কিন্তু অপরিচিত দেশে এসে স্বামীর প্রতারণার শিকার হয়ে বর্তমানে তিনি দিশেহারা। ঢাকায় স্বামী নিখোঁজ হওয়ার পর, সড়ক দুর্ঘটনায় আহত শিশুসন্তানকে নিয়ে তিনি এখন লালমনিরহাট সদর হাসপাতালের বিছানায় কাঁদছেন।
ভুক্তভোগী ওই নারীর নাম বিউটি বিবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার বড় আতিয়াবাড়ি গ্রামের বাসিন্দা। বিউটির জীবনসঙ্গী হিসাবে তিনি ১২ বছর আগে ভারতে ইটের ভাটায় কাজের সুবাদে যাওয়া বাংলাদেশি যুবক আবু বক্করের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন।
জানা যায়, প্রায় পাঁচ দিন আগে স্বামী আবু বক্করের সঙ্গে স্ত্রী ও সন্তান অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তারা রাজধানী ঢাকায় চলে যান। সেখানে একটি ভাড়া বাসায় ওঠার পরই স্বামী আবু বক্কর নিখোঁজ হন। দুই দিন পেরিয়ে গেলেও স্বামীর খোঁজ না মেলায় বাড়িওয়ালা বিউটি বিবিকে সন্তানসহ বাসা থেকে বের করে দেন। তখন নিরুপায় হয়ে মানুষের সহযোগিতায় বাসে চড়ে তিনি লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় এসে পৌঁছান।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও সমাবেশ
বড়বাড়ী বাজারে এসে ঘটে আরেক মর্মান্তিক ঘটনা। শিশুসন্তান আব্দুল্লাহ একটি খেলনার জন্য বায়না ধরে বসে। কিন্তু ভিনদেশি এই নারীর কাছে বাংলাদেশের কোনো টাকা ছিল না এবং তিনি এখানকার কিছুই চেনেন না। খেলনা কিনে দিতে না পারায় অভিমানে শিশুটি হঠাৎ মহাসড়কের ওপর দৌড় দিলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশু আব্দুল্লাহ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় এক অটোরিকশাচালকের মানবিক সহায়তায় বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ৩টার দিকে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।
অচেনা দেশে স্বজনহীন বিউটি বিবি কখনো বাংলা, কখনো বা হিন্দিতে কেঁদে কেঁদে তার প্রতারিত হওয়ার গল্প জানাচ্ছেন। তিনি জানান, ভিন্নদেশি ছেলের সঙ্গে সম্পর্ক হওয়ায় তার বাবা-মা এই বিয়ে মেনে নেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পরিস্থিতি ঘোলাটে হলে আবু বক্কর আর সেখানে থাকতে পারছিলেন না। তাই স্ত্রীকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশে তার পরিবার পাওয়া গেছে এবং তিনি দেশে ফিরতে চান। তবে কোন সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না বিউটি বিবি। তার কাছে ভারতের আধার কার্ড ছাড়া আর কোনো বৈধ পরিচয়পত্র নেই।
এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব কুমার সাহা বলেন, ‘দুপুর ৩টার দিকে ওই নারী তার ছেলেকে নিয়ে হাসপাতালে আসেন। শিশুটির মাথায় আঘাত রয়েছে। আমরা তাকে স্বাস্থ্যসেবা দিয়ে মেডিকেলের তিনতলায় ভর্তি রেখেছি। পরে জানতে পারি তারা ভারতীয় নাগরিক। প্রথমদিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলেও, বর্তমানে সে অনেকটাই সুস্থ।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম বলেন, ‘একজন ভারতীয় নারী তার সন্তানকে নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সার্বিক বিষয়ে নজর রাখছি। ওই নারী ভারতের আধার কার্ড ছাড়া আর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি পর্যবেক্ষণ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন