১০:২৬ এম
কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়ার তিক্ত স্বাদ ভুলে দারুণ প্রত্যাবর্তন করল কলম্বিয়া। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে দারুণ এক জয় তুলে নিলো লস ক্যাফেতেরোসরা। এর ফলে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা উজবেকিস্তানের কোনো রূপকথা লিখা হলো না।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। প্রথমার্ধে কলম্বিয়া এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ইতালির কিংবদন্তি ডিফেন্ডার কানাভারোর অধীনে খেলা উজবেকিস্তান। তবে গোল হজম করে ৫ মিনিট পরে আবারও এগিয়ে যায় কলম্বিয়া। অতিরিক্ত সময়ে কলম্বিয়া আরেকটি গোল করলে হার নিয়ে মাঠ ছাড়ে উজবেকরা।
পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। অথচ ম্যাচের মাঝে মাঝে আক্রমণ চালিয়েছে উজবেকিস্তানও। প্রথমার্ধে গোল মাত্র একটি হলেও পুরোটা সময় দাপট দেখিয়েছে কলম্বিয়া। ৭২ শতাংশ বল একাই নিজেদের দখলে রেখেছে দলটি। আর ২৮ শতাংশ বল ছিল উজবেকিস্তানের দখলে।
আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র দাখিল, পরিবার সর্বোচ্চ শাস্তির দাবি জানালো
৪১তম মিনিটে লুইস দিয়াজের পাস থেকে কলম্বিয়াকে এগিয়ে দেন দানিয়েল মুনিওজ। দ্বিতীয়ার্ধে আবারও বল দখল নিয়ে খেলতে থাকে কলম্বিয়া। যদিও ৬০তম মিনিটে সমতা আনে উজবেকিস্তান। গোল করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এল্দর শোমুরোদভের ভলি কলম্বিয়া গোলকিপার কামিলো ভার্গাস বিপদমুক্ত করতে না পারলে গোলমুখে বল পেয়ে যান ফাইজুল্লায়েভ। তাকে শুধুমাত্র মাথা ছুঁইয়ে বল জালমুখী করতে হয়েছে।
তবে ম্যাচে সমতা বেশিক্ষণ ছিল না। উজবেকিস্তান সমতা আনার ৫ মিনিট পরই আবার এগিয়ে যায় কলম্বিয়া। বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান বায়ান মিউনিখ তারকা দিয়াজ।
এরপর বাকি সময়টাতে কলম্বিয়ার আক্রমণগুলো ঠেকিয়ে গেছে উজবেকরা। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের নবম মিনিটে কুচো হার্নান্দেজের ক্রস থেকে দারুণ এক গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জামিনটন ক্যাম্পাজ।
এরপর উজবেকিস্তান একটি আক্রমণ করেছিল। দূরপাল্লার একটি শট বারে লেগে ফিরে আসে। তবে ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে এশিয়ার দেশটি।
আরও পড়ুন: সড়ক নিরাপত্তা আইনের খসড়া তৈরি, এতে কী রয়েছে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন