০৬:২৫ পি.এম
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, সিনেমা, নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার ও প্রদর্শন সংক্রান্ত বিধান প্রতিপালনে সংশ্লিষ্টদের বিশেষ অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
আজ সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর অধিকতর শক্তিশালীকরণ লক্ষ্য নিয়ে আইনটি সংশোধন করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ গত ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।
আইনের ০৫ ধারার (গ) দফা অনুযায়ী কোনো প্রেক্ষাগৃহ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট মাধ্যম, ওয়েবসাইট, ওয়েবপেইজ, ইলেক্ট্রনিক মেইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক অথবা তামাকজাত দ্রব্য-সংক্রান্ত কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন
আইনের ০৫ ধারার (ঙ) দফা অনুযায়ী, বাংলাদেশে প্রস্তুতকৃত কিংবা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্যসহ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য এবং তামাকজাত দ্রব্য বা দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, মঞ্চ অনুষ্ঠান অথবা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন কিংবা বর্ণনা করা যাবে না।
এছাড়া, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর বিধানসমূহের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সকল টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালসহ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে তামাকজাত দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার না করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সমিতি ও কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য সকলকে তামাকজাত দ্রব্য ব্যবহারের কোনো দৃশ্য রাখা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন