০২:২৬ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, দেশপ্রেম এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষার সম্মিলিত বহিঃপ্রকাশ। ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার এই আন্দোলন দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রবিবার (২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হলের কিশোরী লাল রায় চৌধুরী অডিটরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ : আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, ‘জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতিকে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন সুযোগ এনে দিয়েছে। ভবিষ্যতে দেশে যাতে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি জোর দেন।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন আবাসিক শিক্ষক ড. প্রমথ মিস্ত্রী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু, হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মধুসূদন কুণ্ডু হৃষীকেশ, সদস্যসচিব প্রসেনজিৎ বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল এবং হল শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বিষ্ণু পণ্ডিত।
আবাসিক শিক্ষক সঞ্জয় দে রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী গুরু ত্রিপুরা, নয়ন দাস ও প্রিয়রঞ্জন দাস প্রান্তকে পুরস্কৃত করা হয়।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নানা কর্মসূচি পালিত হয়েছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটুট এবং পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে পৃথক সেমিনার ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ ছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং গণিত বিভাগের পৃথক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এর মধ্যে গণিত বিভাগের অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ ফারহান ফাইয়াজের বাবা। অন্যদিকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। একই দিনে সমাজবিজ্ঞান বিভাগেও একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনা করেন লেখক ফিরোজ আহমেদ।
এদিকে মঙ্গলবার (৪ আগস্ট) ফলিত গণিত বিভাগের উদ্যোগে ‘জুলাই টাইম লাইন ২০২৪ : আকাঙ্ক্ষা, প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক একটি আলোচনাসভা ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন