০৮:১৫ পি.এম
আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক বিন্যাস বা কাঠামো নির্ধারণে বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও ইরাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বুধবার (২৬ আগস্ট) তেহরানে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জাইদানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি এবং তেহরান ও বাগদাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন নেতারা।
কলিবফ বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সরকারকে উৎখাত এবং পশ্চিম এশিয়া ও মুসলিম বিশ্বে মার্কিন আধিপত্য বিস্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল। কিন্তু শহীদ, ইরানি জনগণ এবং প্রতিরোধ ফ্রন্টের আত্মত্যাগের কারণে তারা স্পষ্টভাবে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে
তিনি বলেন, সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই ইরান ওয়াশিংটনকে পরাজিত করেছে এবং অর্থনৈতিক পদক্ষেপের ক্ষেত্রেও তারা ব্যর্থ হবে। কলিবফ ইরাক থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বাহিনী প্রত্যাহারের পরিকল্পনাকে ইরাকি সরকার ও জনগণের জন্য একটি ‘ঐতিহাসিক সম্মান’ হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, ইরাকের ভূখণ্ড ও আকাশসীমা উভয় স্থান থেকেই এই প্রত্যাহার প্রক্রিয়া পুরোপুরি বাস্তবায়িত হবে।
ইরানের পার্লামেন্ট স্পিকার সতর্ক করে বলেন, ইসরায়েলি শাসনব্যবস্থার পরিকল্পনা হলো এই অঞ্চলের অন্যান্য দেশেও যুদ্ধ ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, ইরান-বিরোধী যুদ্ধে ইসরায়েল সফল হলে তারা নিশ্চয়ই অন্যান্য দেশের দিকেও তাদের দৃষ্টি নিবদ্ধ করত।
তিনি উল্লেখ করেন, আঞ্চলিক বিন্যাস বা কাঠামো নির্ধারণে বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে তেহরান ও বাগদাদ নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। জাইদান এ সময় ইরানের প্রতি ইরাকি জনগণ ও সরকারের সংহতি প্রকাশ করেন এবং ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে সহযোগিতার বিষয়ে বাগদাদের প্রস্তুতির কথা জানান।
তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা, চুক্তি ও জোট গঠনের প্রক্রিয়াটি নিরাপত্তাহীনতা কাটিয়ে ওঠার পথ প্রশস্ত করে। ইরাকের বিচার বিভাগের প্রধান বলেন, ইরাক ও ইরানের মধ্যকার শক্তিশালী সম্পর্ক এমন একটি পরিবেশ তৈরি করতে পারে যা বাগদাদকে অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গেও সহযোগিতামূলক চুক্তি সম্পাদনের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
সূত্র: ডন, তাসনিম নিউজ এজেন্সি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন