০৩:৩৯ পি.এম
সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক কৌশল নির্ধারণের বৈঠকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি আলোচনা হচ্ছে। তবে তিনি তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা নথি উপস্থাপন করেননি।
গত রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে গ্রিন এই বিষয়ে জানান, তিনি অনুমান করছেন না, বরং তিনি এ বিষয়ে সম্যক অবগত। তার ভাষায়, ‘এটা সত্য। আমি অনুমান করছি না, আমি জানি। আর এটা নিখাদ শয়তানি।’
গ্রিনের অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে মূল্যায়ন করেছে, তা উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন ইসরাইলের সতর্কতাকে বেশি গুরুত্ব দিচ্ছে।
আরও পড়ুন: ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ
তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর যুদ্ধে জড়াবেন না। কিন্তু এখন এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে পারমাণবিক বিপর্যয় ঘটে এবং তা পুরো বিশ্বকে বড় ধরনের সংঘাত, অর্থনৈতিক মন্দা ও নজিরবিহীন মানবিক সংকটে ঠেলে দিতে পারে।
গ্রিন মার্কিন নেতৃত্বের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। তবে বৈঠকে কারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আলোচনা করছেন, সে বিষয়ে তিনি কোনো কর্মকর্তার নাম জানাননি। এমনকি দাবির সমর্থনে কোনো নথি বা স্বাধীন প্রমাণও দেননি।
এদিকে, চলতি মাসের শুরুতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পৃথক দাবিও বিতর্ক সৃষ্টি করেছে। একটি বেনামি এক্স অ্যাকাউন্টে দাবি করা হয় যে, ইরানের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি মন্তব্য করেছেন যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইরানও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাবে।
এই দাবিটি পরে ইসরাইলি বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজও তা উল্লেখ করেছেন। তবে ওয়াহিদি এমন বক্তব্য দিয়েছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে ফের আগুন, সময়ের সঙ্গে বাড়ছে ভয়াবহতা
পরবর্তীতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওই বক্তব্যকে অযাচাইকৃত ও সঠিক নয় বলে উল্লেখ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন