০১:৫১ পি.এম
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানাচ্ছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ইরান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ইতোমধ্যে কিছু সন্দেহভাজন ষড়যন্ত্র পরিকল্পনা ‘অনেক দূর এগিয়েছে’ এবং এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বেগ বেড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস গত ২৩ অক্টোবরের একটি স্মারকলিপির বরাতে এসব তথ্য প্রকাশ করেছে। ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন দূতাবাসে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। কর্মকর্তাদের আশঙ্কা, চলমান উত্তেজনা বেড়ে গেলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। ফলে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন কর্মকর্তা ও কূটনৈতিক স্থাপনাগুলো আরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারে।
এদিকে, ওয়াশিংটন ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য বৃহত্তর হামলা অভিযান নিয়ে নজর রাখছে। বিদ্রোহীরা সৌদি আরবের বাইরে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে হামলা ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: ট্রাম্প: ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন করে হামলা চালানোর সম্ভাবনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। এতে পুরো অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
স্মারকলিপিতে কী আছে?
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো অশ্রেণিবদ্ধ স্মারকলিপিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন ইরানের সন্দেহভাজন হত্যার পরিকল্পনা সম্পর্কে সতর্কবার্তা আরও বেশি কর্মকর্তার কাছে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধের কারণে ঝুঁকিতে থাকা মার্কিন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ নিরাপত্তাসংক্রান্ত তথ্য থেকে বঞ্চিত হতে পারেন।
স্মারকলিপিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু ব্যক্তিদের পরিচয়, সন্দেহভাজন অভিযানগুলোর বিস্তারিত বিবরণ কিংবা মধ্যপ্রাচ্যের বাইরে সম্ভাব্য কোনো স্থানের নাম উল্লেখ করা হয়নি। তবে এতে নিশ্চিত করা হয়েছে, গোয়েন্দা তথ্যগুলো পররাষ্ট্র দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফ্রান্সসহ ইউরোপে বিক্ষোভের জন্য মুসলিম তরুণদের দায়ী করা হচ্ছে
সতর্কবার্তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্য ক্লেটন গোপনীয়তার বিধিনিষেধ তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর ফলে ঝুঁকিতে থাকতে পারেন, এমন আরও বেশি মার্কিন কর্মকর্তার কাছে হুমকি-সংক্রান্ত মূল্যায়ন ও সতর্কবার্তা পৌঁছে দিতে পারবেন মার্কো রুবিও। সূত্র: হিন্দুস্তান টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন